শিশু আমিন ভাবছে, বাবা-মা একদিন ফিরে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসের ঘটনায় প্রাণে রক্ষা পেলেও এখন বুকভরা বেদনা ছাড়া কিছুই নেই ওদের। বাবা-মা, ভাইবোন ও ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত এই তিন শিশু। আট সন্তানের জনক এক চাচার আশ্রয়ে আছে ওরা। ওরা হলো রুবি আকতার (১০), নূর হাদিস (৮) ও নুরুল আমিন (৪)। গত মঙ্গলবার ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারমুরা এলাকায় পাহাড়ধসে দিনমজুর নূর মোহাম্মদ (৪০), তাঁর স্ত্রী লায়লা বেগম (৩০), মেয়ে নাছিমা আক্তার উর্মি (৫) ও ছেলে নুরুল আবছার (১০ মাস) মারা যায়। রক্ষা পায় নূর মোহাম্মদের অন্য তিন সন্তান রুবি, নূর হাদিস ও নুরুল আমিন। একই দিন সন্ধ্যায় চারজনের লাশ দাফন করা হয়। আপনজনদের লাশ দেখলেও এই মৃত্যু মেনে নিতে পারছে না তিন শিশু। বিশেষ করে নুরুল আমিন। এই শিশুকে শেষ পর্যন্ত বোঝানো হয়েছে, তার বাবা-মা ও ভাইবোন আকাশের তারা হয়ে গেছে। বারবার সে এই কথা সবাইকে শোনাচ্ছে আর বলছে, তারা হয়ে যাওয়া আপনজনেরা একদিন ঠিকই ফিরে আসবে।ঘটনা সম্পর্কে শিশু নূর হাদিস আঞ্চলিক ভাষায় যে বর্ণনা দেয়, তা শুদ্ধ করে বললে দাঁড়ায়, ‘ভোররাতের দিকে বাবা প্রথমে আমাকে, পরে ছোট বোন উর্মিকে বাইরে থেকে প্রস্রাব করিয়ে আনেন। উর্মিকে নিয়ে বাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিকট শব্দ শুনি। পরমুহূর্তে গায়ে মাটি ও পানি অনুভব করি। তারপর দেখি আমি মাটির নিচে। পরে আমার চাচা ও আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।’ শিশু নূর হাদিস প্রায় রাতেই বাবার বুকের ওপর শুয়ে ঘুমাত। সেই স্মৃতি মনে করে প্রায়ই ডুকরে কেঁদে উঠে বলছে, ‘এখন আমি কার বুকে ঘুমাব?’তিন ভাইবোনের এখনকার অভিভাবক চাচা নূর কবির বলেন, ‘আমি পেশায় মাংস বিক্রেতা। আমার সাত মেয়ে ও এক ছেলে। এখন আরও তিন ছেলেমেয়ে হলো। ওদের নিজ সন্তানের মতো পড়াশোনা করিয়ে সমাজে প্রতিষ্ঠা করব।’চাচি শাহেনা বেগম বলেন, ‘এই তিন শিশুকে আমি কোনো দিন মায়ের অভাব বুঝতে দেব না।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, পাহাড়ধসের ঘটনায় উপজেলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তাদের বাড়িঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।