শিশু একাডেমী প্রাঙ্গণে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের রোদের তেজ তখনো কমেনি। শিশু একাডেমী চত্বরের চারদিকে বিচিত্র বইয়ের সমাহার নিয়ে আয়োজন করা হয়েছে বইমেলা। মেলার পরিবেশটাই অন্য রকম। ভিড় নেই, নেই ধাক্কাধাক্কি; মা-বাবার হাত ধরে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো, যতক্ষণ খুশি বই নেড়েচেড়ে দেখা। দুই হাতভর্তি করে বই কেনা। এমনই পরিবেশে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই শিশুতোষ বইমেলা।শত শিশুর কলকাকলিতে মুখর পরিবেশে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। ‘পড়ব যত জানব তত, বন্ধু নাই বইয়ের মতো’ স্লোগান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করেছে শিশু একাডেমী।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক ফাগ্লুনী হামিদ। মেলা উপলক্ষে বর্ণিলভাবে সাজানো হয়েছে শিশু একাডেমীর প্রাঙ্গণ। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ। মেলার প্রথম দিনে শিশুদের আনন্দ দিতে প্রধান আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুরের হালুম ও টুকটুকি। এ ছাড়া স্টলগুলোতেও ছিল শিশুদের নিয়ে নানা আয়োজন। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।