বিজ্ঞান কংগ্রেসে নানা বিষয়ের বিজ্ঞানীরা জড়ো হয়ে নিজেদের গবেষণার খবর জানান, নতুন গবেষণা ঠিক করেন। এবার থেকে বাংলাদেশেও খুদে বিজ্ঞানীদের কংগ্রেস করার কথা ভাবা হচ্ছে। এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় আগ্রহী করে তোলা দরকার। গণিত অলিম্পিয়াডের মতো বিজ্ঞান কংগ্রেসও শিশু-কিশোরদের বিজ্ঞানে আকৃষ্ট করবে।’ বাংলাদেশের শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ প্রকাশের জন্য একটি অনলাইন জার্নাল প্রকাশের কাজও বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। কংগ্রেসে খুদে বিজ্ঞানীরাই তাদের বৈজ্ঞানিক নিবন্ধ, ধারণা ইত্যাদি তুলে ধরবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দুই দিনব্যাপী এই কংগ্রেস হতে পারে বলে জানান। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নির্বাচিত খুদে বিজ্ঞানীরা প্রবন্ধ উপস্থাপনের সুযোগ পাবে। এ ছাড়া প্রতিনিধিও অংশগ্রহণের সুযোগ পাবে। সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবর মাসের শুরুতে কংগ্রেসে অংশগ্রহণের নিয়মাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।বিজ্ঞান প্রজন্ম ডেস্ক