শিশু খুন ও অপহরণের ঘটনা বেড়েছে
দেশে শিশু খুন ও অপহরণের ঘটনা বেড়ছে। গত বছর ৪১৪ জন শিশু খুন হয়েছে। খুনের চেষ্টা করা হয়েছে ৪৬ শিশুকে। এর আগের বছর খুন হয়েছিল ৩৩৪ জন শিশু। আর ২০১১ সালের তুলনায় গত বছর অপহরণের সংখ্যা ছিল প্রায় দেড় গুণ।আজ রোববার ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০১২, সংবাদপত্রের পাতা থেকে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মসূচি ব্যবস্থাপক আবদুল্লা আল মামুন বলেন, গত বছর শিশুদের নিয়ে সংবাদপত্রে দুই শতাধিক ইতিবাচক খবর প্রকাশিত হয়েছে। বিপন্ন শিশুকে উদ্ধারে প্রশাসন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা ভূমিকা রেখেছে। শিশুরা তাদের প্রতি অনিয়মের ঘটনায় প্রতিবাদ করেছে অন্যান্য বছরের চেয়ে বেশি। কিন্তু সব শিশুকে সমানভাবে আনন্দ-উত্সব-বিনোদনের সুযোগ করে দেওয়া যায়নি। মূলত এসব অনুষ্ঠান ছিল শহরকেন্দ্রিক। সংস্থাটির প্রতিবেদনে ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করা হয়েছে। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ জানিয়েছে, গত বছর ৪৬ জন শিশুকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তাদের মধ্যে ৪৪ জন গুরুতরভাবে আহত হয়। গত বছর শিশুদের আত্মহত্যার অন্যতম কারণ ছিল পরীক্ষায় ফেল করা। মোট ১৪৬ জন শিশু গত বছর আত্মহত্যা করে। প্রেমজনিত কারণ, অভিমান, পারিবারিক কলহ, নিয়মিত যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হওয়ায় এবং অশ্লীল ভিডিও ছড়ানোর ভয়ে তারা আত্মহত্যা করেছে। ২০১১ সালের তুলনায় গত বছর অপহরণের সংখ্যা ছিল প্রায় দেড় গুণ। গত বছর ২৬৫ জন শিশুকে অপহরণ করা হয়। তাদের মধ্যে ১৫ জনকে অপহরণের পর হত্যা করা হয়। চাঁদা দাবি, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক কলহ, পরকীয়া, পাচার ইত্যাদি কারণে শিশুদের অপহরণের ঘটনা ঘটেছে। আবদুল্লা আল মামুন বলেন, সংখ্যাগত উপাত্তে শিশুদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল শিশুশ্রমসহ নানা উপায়ে শিশুর মৌলিক চাহিদা পূরণ না হওয়া। গত বছর প্রায় ৬০ লাখ শিশু এই ঝুঁকির মধ্যে ছিল।