শিশু গৃহকর্মী হত্যার ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না
প্রাথমিক শিক্ষা সমাপনীর গণ্ডি পেরিয়ে ‘মোটা মোটা বই’ নিয়ে উচ্চবিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল ময়মনসিংহের এক গ্রামের মেয়ে তাসলিমা। কিন্তু সেই স্বপ্নের দাম মেটানোর সাধ্য ছিল না তার দিনমজুর বাবার। তাসলিমাকে তাই একদিন ঢাকার অচেনা-অজানা এক বাড়িতে গৃহকর্মীর জীবন শুরু করতে হয়। তবে স্বপ্নভঙ্গের বেদনা খুব বেশি দিন বয়ে বেড়াতে হয়নি তাকে। চার মাস পর গত ১৬ এপ্রিল গভীর রাতে তাসলিমা ফিরে যায় নান্দাইলের চানপুর গ্রামে নিজের বাড়িতে—লাশ হয়ে। গৃহকর্তা অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দিয়েছিলেন।প্রশ্নসাপেক্ষ পরিস্থিতিতে মৃত্যু হয়েছিল তাসলিমার। শরীরে ছিল নির্যাতনের দাগ। গৃহকর্তার পক্ষ থেকে বলা হয়েছে, সে জন্ডিস ও কিডনির অসুখে আক্রান্ত হয়েছিল। নির্যাতনের চিহ্নের ব্যাপারে প্রশ্ন করা হলে গৃহকর্তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেউ হয়তো তাকে নির্যাতন করেছে।’তাসলিমার ভাই আবদুল মোতালেব প্রথম আলোকে জানিয়েছেন, তাঁকে মিটমাট করার জন্য ঢাকায় যেতে বলা হয়েছে। কিন্তু তিনি রাজি হননি। তবে মিটমাটে বাধ্য হয়েছেন রংপুরের সাতগাড়া ইউনিয়নের নূর ইসলাম। একমাত্র মেয়ে নূরজাহানকে কর প্রশাসন বিভাগের সচিব সোলায়মান মণ্ডলের বাসায় কাজ করতে পাঠিয়েছিলেন তিন বছর আগে। গত বছরের জুলাই মাসে সোলায়মান মণ্ডল নূরজাহানের বাবার হাতে মেয়ের বস্তাবন্দী লাশ দিয়ে আসেন। সোলায়মান মণ্ডল তখন বলেন, নূরজাহানের ডায়রিয়া হয়েছিল। যদিও সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মেয়েটির শরীরে গুরুতর সব জখম ছিল। নূর ইসলাম এক লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক সাবেক সাংসদের মধ্যস্থতায় গৃহকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হন। এই প্রতিবেদক সম্প্রতি সোলায়মান মণ্ডলের সঙ্গে তাঁর কার্যালয়ের নম্বরে যোগাযোগ করলে তিনি ‘আমি কিছুই জানি না’ বলে সশব্দে ফোন রেখে দেন।তাসলিমা ও নূরজাহান এ রকম শত শত নির্যাতিত কিংবা চরম পরিণতির শিকার হওয়া শিশুর তালিকায় দুটি নতুন নাম মাত্র। মানবাধিকার সংগঠনগুলো তো বটেই, পুলিশও বলছে, প্রায় শতভাগ ক্ষেত্রেই শিশু গৃহকর্মী হত্যাকারীদের বিচার হচ্ছে না।পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা প্রথম আলোকে বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীতে নিজের ৩০ বছরের জীবনে শিশু গৃহকর্মী হত্যার জন্য কারও বিচার হয়েছে বলে তাঁর মনে পড়ে না।মানবাধিকার ও আইনি সহায়তাবিষয়ক প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাক লিগ্যাল এইড সার্ভিসেস ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) সঙ্গে কথা বলে একই চিত্র পাওয়া গেছে। আসকের উপপরিচালক নূর খান বলেন, ‘শত শত শিশু মারা যাচ্ছে। ঢাকার বাইরে দুটি হত্যাকাণ্ডে হত্যাকারীর সাজা হয়েছে। এর বাইরে গত ১০ বছরে ঢাকায় কোনো শিশু গৃহকর্মী হত্যার বিচার হয়নি।’৬০ শতাংশ মৃত্যু সম্পর্কে তথ্যই নেই: আসকের হিসাবে গত পাঁচ বছরে ৩৯৩টি শিশু গৃহকর্মী নির্যাতনে মারা গেছে। অত্যাচার সইতে না পেরে কেউ কেউ আত্মহত্যা করেছে। ২০০৯ ও ২০১০ সালে ৫২টি করে, ২০০৮ সালে ৬৬টি, ২০০৭ সালে ১২৪টি এবং ২০০৬ সালে ৯৯টি শিশু মারা যায়। আসকের তথ্য অনুযায়ী, এর মধ্যে ২৩৭টি শিশুর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা ঘটনার পরিণতি সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। ২০১০ সাল পর্যন্ত মামলা হয়েছে মাত্র ১৫৬টি। ৬০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা বিচারের আওতায়ই আসেনি।প্রথম আলোর বিশ্লেষণে দেখা গেছে, নির্যাতনের শিকার ওই শিশুরা যাঁদের বাসায় কাজ করত, তাঁদের মধ্যে রয়েছেন আমলা, সামরিক কর্মকর্তা, শিক্ষকসহ সমাজের প্রভাবশালী অংশের মানুষ।শিশু গৃহকর্মী হত্যাকাণ্ডের তদন্ত করেছেন এমন কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঘটনার শিকার পরিবারগুলো আদালতে গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেয়। এতে আর কিছু করার থাকে না। টাকার বিনিময়ে চুপ করিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের জামিনে মুক্তি পেয়ে যাওয়াকে ন্যায়বিচার পাওয়ার পথে একটি বড় প্রতিবন্ধকতা বলে মনে করে পুলিশ। একজন কর্মকর্তা উদাহরণ হিসেবে মুন্নি হত্যার কথা উল্লেখ করেন। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে মিরপুর বয়েজ স্কুলের মাঠ থেকে ব্যাগের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। মিরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. খালেক অভিযোগপত্রে উল্লেখ করেন, তদন্তে তিনি হত্যাকাণ্ডে গৃহকর্তা মমিনুল হক ও গৃহকর্ত্রী নাসরিন সুলতানার সংশ্লিষ্টতা পান। কিন্তু তাঁরা পুরো সময় পালিয়ে ছিলেন। তবে পরে হাইকোর্ট থেকে জামিন পান তাঁরা। মামলাটি এখনো বিচারাধীন।এ ছাড়া কখনো পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর মামলা পুনরুজ্জীবিত করার সুপারিশ করলেও সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। পল্লবীর আর্মি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা সেনা কর্মকর্তার স্ত্রী ফেরদৌস এমদাদের ক্ষেত্রে এমন ঘটেছে। অস্বাভাবিক মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ যথেষ্ট সময় ব্যয় করেনি—এ অভিযোগও রয়েছে। যেমন শিশু গৃহকর্মী শুক্কুরি (১১) ও নিলুফার (১৪) কোন পরিস্থিতিতে আত্মহত্যা করল, দৃশ্যত তা খতিয়ে দেখা হয়নি। দরিদ্রদের বাঁচাতে হবে রাষ্ট্রকেই: ফেনীর নির্যাতিত শিশু গৃহকর্মী হাসিনা আক্তারের ভাই মো. ইউসুফ জানান, সেনা কর্মকর্তা মেজর আক্তার শাহেদের স্ত্রী নুসরাত জাবীন নীপার হাতে নির্যাতনের শিকার হলেও তাঁরা কোনো প্রতিকার পাননি। হাইকোর্টের নির্দেশে সিএমএইচে শিশুটির চিকিৎসা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাঁরা মামলা করতে পারেননি।কয়েকটি মৃত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, দরিদ্র বলে প্রচলিত পদ্ধতিতে মামলা চালানো তাদের পক্ষে অসম্ভব। সরকার এগিয়ে না এলে হয় না খেতে পেয়ে বা কাজে গিয়ে নির্যাতনে মারা যাবে গরিবের সন্তান।প্রতিকারে পরামর্শ:ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন প্রথম আলোকে বলেন, হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিতে পারে। তা হলে আর মীমাংসার ঘটনা ঘটবে না।আইনি সংস্কারের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্বামীগৃহে কোনো নারী মারা গেলে স্বামীকে মৃত্যুর কারণ দর্শাতে হয়। কিন্তু গৃহকর্মীর হত্যাকাণ্ডের জন্য গৃহকর্তা-কর্ত্রী দায়ী থাকেন না।’ব্র্যাক লিগ্যাল এইড সার্ভিসেসের পরিচালক ফস্টিনা পেরেইরা বলেন, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিই নেতিবাচক। গৃহকর্মীদের ছবি ও ঠিকানা থানায় জমা দেওয়ার নির্দেশনা আছে গৃহকর্তার নিরাপত্তার জন্য। কিন্তু গৃহকর্মীদের সুরক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই।শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, গৃহকর্মীদের সুরক্ষায় একটি আইনের খসড়া করা হয়েছে। এতে তাদের সুরক্ষার বিষয়গুলো দেখা হয়েছে।