শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকর্তা-কর্ত্রীর জামিন আবেদন নাকচ
শিশু গৃহকর্মী সোহাগীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গৃহকর্তা মশিউর রহমান ও তাঁর স্ত্রী লিমার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, আজ আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। কাজের মেয়ে নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে উপপরিদর্শক (এসআই) মো. সালোয়ার আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। আসামিরা শিশু সোহাগীর ওপর গরম পানি ঢেলে শারীরিকভাবে প্রতিনিয়ত নির্যাতন করেছেন। সোহাগীর পুরো শরীরে এই নির্যাতনের চিহ্ন রয়েছে। এ অবস্থায় আসামিদের জামিন দেওয়া হলে সমাজে শিশু নির্যাতনের সংখ্যা আরও বেড়ে যাবে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল রাজধানীর মগবাজারের ২৭/এ, দিলু রোডের বাসা থেকে সোহাগীকে উদ্ধার করা হয়। এরপর নির্যাতনের অভিযোগে মশিউর রহমান ও তাঁর স্ত্রী লিমা রহমানকে গ্রেপ্তার করে র্যাব। শিশুকর্মী সোহাগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তার গালে, গলায়, ঘাড়ে, হাতে ও পায়ে মারের কাটা দাগ ছিল। সোহাগীর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আয়নাল। অভাবের সংসারে বেড়ে ওঠা সোহাগী ছয় মাস আগে ওই বাড়িতে কাজ করতে আসে। এ ঘটনায় রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।এদিকে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম সোহাগীর ওপর নির্যাতনকারী গৃহকর্তা ও গৃহকর্ত্রীর শাস্তি দাবি করেছে। পাশাপাশি শিশু সোহাগীর চিকিত্সা ও তার নিরাপত্তার জন্য প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।