শিশু গৃহকর্মীর মৃত্যু নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগে নির্যাতনে আট বছরের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুলতানা আক্তার তৃষা নামের এই গৃহকর্মীর লাশ পুলিশ গতকাল শুক্রবার ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতাল থেকে উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ, তাকে ধর্ষণও করা হয়ে থাকতে পারে।এ ঘটনায় গৃহকর্তা সোহেল হাওলাদার ও গৃহকর্ত্রী ফাহমিদা ইসলাম মুক্তাকে পুলিশ আটক করেছে। তবে তাঁরা তৃষাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ জানায়, সবুজবাগ থানাধীন ২৯ উত্তর মুগদাপাড়ার ছয়তলা ভবনের চারতলায় ফাহমিদার বাসায় কাজ করত তৃষা। ফাহমিদার সিঙ্গাপুর-প্রবাসী স্বামী সোহেল গত সোমবার দেশে ফেরেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা। হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ সকাল সোয়া নয়টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে। লাশ তড়িঘড়ি করে দাফনের জন্য হাসপাতালে কাফনের কাপড়ও নিয়ে গিয়েছিলেন গৃহকর্তা সোহেল। তবে চিকিত্সকদের তত্পরতায় তিনি পুলিশের হাতে আটক হন। তৃষার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৈরতলায়। তার বাবার নাম ত্রিতন মিয়া।জানা যায়, সেন্ট্রাল হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে, মাথায় আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তার জননাঙ্গেও ক্ষত ও রক্তপাতের চিহ্ন রয়েছে।পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুটির মাথার পেছনে জখম, কপালের বাঁ পাশে ফোলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হয়, এ কারণে তার মৃত্যু হয়েছে এবং জননাঙ্গে রক্তাক্ত ক্ষত দেখে তাকে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ হয়। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রয়োজন।সবুজবাগ থানায় আটক সোহেল শিশুটিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা বাইরে গেলে তৃষাকে বাসায় রেখে দরজা তালাবদ্ধ করে যেতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দরজায় তালা দিয়ে দুজনই ব্যাংকে যান। বিকেলে বাসায় ফিরে দেখেন, তৃষা অসুস্থ, গোঙাচ্ছে। মেয়েটির ‘অসুস্থ’ হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।ফাহমিদা দাবি করেন, শিশুটি আগে যে বাসায় ছিল, সে বাসায় তাকে নির্যাতন করা হয়ে থাকতে পারে। ওই নির্যাতনের দাগই তার শরীরে রয়েছে। তিনি জানান, চার মাস আগে এক আত্মীয়ের মাধ্যমে শিশুটিকে কাজে রাখেন তিনি।দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে পুলিশ ভ্যানে কাফনের কাপড়ে জড়ানো শিশুটির মুখ দেখা যায় এক ঝলক। ফুটফুটে চেহারা ও মাথাভর্তি ঘন চুলের শিশুটির মুখ আধাখোলা, যা দেখে উপস্থিত সবার চোখ ছলছল করে ওঠে। পুলিশ সদস্যদেরও লাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে দেখা যায়।সবুজবাগ থানার অপারেশন্স কর্মকর্তা মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল-ফাহমিদা দম্পতি শিশুটিকে মারধর বা হত্যার কথা স্বীকার করেননি।পুলিশ জানায়, শিশুটির মা নাসিমা বেগম নির্যাতনে তৃষাকে হত্যার অভিযোগে সন্ধ্যায় সোহেল ও ফাহমিদাকে আসামি করে সবুজবাগ থানায় মামলা করেন। রাতে ওই দম্পতিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।