শিশু নাট্য প্রতিযোগিতায় সারা দেশের ১৯টি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু একাডেমীতে আজ থেকে শুরু হচ্ছে শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসব। জাতীয় পর্যায়ে তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সারা দেশ থেকে মনোনীত ১৯টি দল। উৎসব প্রসঙ্গে শিশু একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ বলেন, ‘শিশুদের সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্যই এই আয়োজন করেছি। শিশুদের তাদের অভিভাবকেরা সাধারণত গান ও নাচের দিকেই বেশি উৎসাহিত করেন। কিন্তু নাটকের মধ্য দিয়েও শিশুদের সাংস্কৃতিক বিকাশ ঘটানো সম্ভব। আর এর জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুপ্রতিভা অন্বেষণের উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার শীর্ষ দলগুলোকে নিয়ে এবার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হচ্ছে। আর এই নাট্য প্রতিযোগিতাকে ঘিরে শিশু একাডেমীতে এখন উৎসবের আবহ তৈরি হয়েছে।’তিনি আরও বলেন, ‘শিশু নাট্য প্রতিভা খোঁজার এই প্রতিযোগিতা এবারই আমরা শুরু করেছি। এখানে মঞ্চস্থ হওয়া নাটকগুলো ভিডিওতে ধারণ করার ব্যবস্থা নিয়েছি। পরে এগুলো টিভি চ্যানেলে প্রচার করা হবে।’জানালেন, এই নাট্য প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে শিশু একাডেমীতে আয়োজন করা হবে মাসব্যাপী শিশুতোষ বইমেলা। মেলার মঞ্চে এই নাট্য প্রতিযোগিতার সেরা নাটকগুলোর প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া হবে। আজ শিশু একাডেমী মিলনায়তনে উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বেলা তিনটা থেকে। মঙ্গলবার ও বুধবার শুরু হবে সকাল ১০টায়। এই উৎসবে শিশুদের অভিভাবকসহ আমন্ত্রণ জানিয়েছে শিশু একাডেমী কর্তৃপক্ষ। উৎসব আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।