শিশু পরাগ অপহরণে ভূমিদস্যু চক্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির দাবি, কেরানীগঞ্জে ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণের বিষয়টি নিছক কোনো অপহরণ নয়। এর সঙ্গে বৃহত্তর ভূমিদস্যু চক্র জড়িত।আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ দাবি করা হয়। একই সঙ্গে বিএনপি শিশুটিকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিছক চাঁদাবাজির জন্য পরাগকে অপহরণ করা হয়নি। কারণ, এখন পর্যন্ত কেউ কোনো চাঁদা দাবি করেনি। এর সঙ্গে প্রভাবশালী ভূমিদস্যু চক্র জড়িত।বিএনপির এই নেতা কেরানীগঞ্জ থেকে নির্বাচন করেন। তিনি অভিযোগ করেন, পরাগকে অপহরণের মাধ্যমে তার বাবা বিমল মণ্ডলকে আঘাত করা হয়েছে; যাতে তিনি দেশত্যাগ করেন। তখন ভূমিদস্যুরা ওই সম্পত্তি দখল করবে।গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, কেরানীগঞ্জের ওই এলাকায় ৮০-৯০ শতাংশ হিন্দু ছিল। এখন সেই হার ৩০-৪০ শতাংশে নেমে এসেছে। এখানে হিন্দু সম্প্রদায়ের যারা আছে, তাদের সবাই ভূমির মালিক। এ ঘটনার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনা ভয়ংকর ইঙ্গিত বহন করছে। এ সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অতি সম্প্রতি তা ভয়াবহ আকার ধারণ করেছে। এখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের মধ্যে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো মানুষই এখন নিরাপদ নয়।মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হয় না দেশে কোনো সরকার বা আইনের শাসন আছে। তাঁর অভিযোগ, সরকারের উদ্দেশ্য নৈরাজ্য সৃষ্টি করা। অতীতের মতো পানি ঘোলা করে ক্ষমতায় যাওয়া ও তা কুক্ষিগত করা। গতকাল রোববার সকাল সাতটার দিকে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় মা, বোন ও গাড়িচালককে গুলি করে পরাগকে অপহরণ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। অপহূত পরাগ মণ্ডল কেরানীগঞ্জের জেকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডলের ছেলে। পরাগ বাংলাবাজারের হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।