শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে অভিযানে ১৯০ জন গ্রেপ্তার
শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে সঙ্গে জড়িত অভিযোগে ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পর্নোগ্রাফির শিকার ১৮ শিশুকেও। মাসব্যাপী চলা ‘অপারেশন অরিয়ন’ নামের ওই অভিযানে এই গ্রেপ্তার ও শিশু উদ্ধারের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, অভিযুক্ত অধিকাংশ ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার হয়েছে। অন্যদের স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ৩৫ বছর বয়সী একজন শিশু তত্ত্বাবধানকারী রয়েছেন। তাঁর বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুর পর্নোগ্রাফি তৈরি করার অভিযোগ আনা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের ২৮ বছর বয়সী এক ব্যক্তির কম্পিউটার ও মিডিয়া স্টোরেজ ডিভাইসে শিশুদের এক হাজার ২০০টি পর্নো ছবি ও ১০৯টি পর্নো ভিডিও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। লস অ্যাঞ্জেলেস থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। দেশের বাইরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। অনলাইন আলাপের মাধ্যমে শিশুরা পর্নোগ্রাফির সঙ্গে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পরিচালক জস মর্টন এক বিবৃতিতে বলেন, ছবি ও ভিডিওর মাধ্যমে শিশুদের পর্নোগ্রাফির বিভিন্ন বিষয়ের ওপর জোর দেয় ‘অপারেশন অরিয়ন’। ইন্টারনেট ব্যবহার করে যারা শিশুদের হয়রানি করার চিন্তা করে, এ অভিযান তাঁদের জন্য একটি সতর্কবার্তা বলে হুঁশিয়ার করেন তিনি।