শিশু পাচার: স্ত্রীসহ সাবেক ডিআইজির যাবজ্জীবন
শিশু পাচারে জড়িত থাকার দায়ে পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের দুজনকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা আনোয়ারা রহমান আদালতে উপস্থিত ছিলেন। তবে সাবেক ডিআইজি আনিসুর রহমান পলাতক রয়েছেন। আদালত আনোয়ারা রহমানের জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায়ে বলা হয়, আসামি আনিসুর রহমান যে দিন থেকে গ্রেপ্তার কিংবা আদালতে আত্মসমর্পণ করবেন, ওই দিন থেকে তাঁর বিরুদ্ধে এ রায় কার্যকর হবে। পাচারের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে শিশুদের নিয়ে এসে অবৈধভাবে রাখার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ২০০৩-এর ৬(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান প্রথম আলোকে বলেন, ২০০৬ সালে সাতটি বাচ্চা উদ্ধারের পর এ বিষয়ে গত ২ জুন বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ সময় বাচ্চাদের ডিএনএ টেস্ট করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। পরে ডিএনএ টেস্টে বিষয়টি প্রমাণিত হওয়ায় তিনি নিজেই বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন।ওই সাত শিশুর একজন মারা গেছে। বাকি ছয়জন বর্তমানে জাতীয় মহিলা আইনজীবী সমিতির আশ্রয়কেন্দ্রে আছে।