শিশু রাব্বি হত্যার ঘটনায় ১৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে শিশু রাব্বি নিহত হওয়ার ঘটনায় ১৩ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য জানায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশু রাব্বি হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ ছাত্রকে চলতি জানুয়ারি-জুন সেমিস্টারের জন্য বহিষ্কার করে। বহিষ্কার হওয়া ছাত্ররা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। বহিষ্কৃত ছাত্ররা হলেন: ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি ও ফিশারিজ টেকনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র শামসুদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও পশুবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রফিকুজ্জামান, থেরিওজেনোলিজ বিভাগের মাস্টার্সের ছাত্র পারভেজ কবির, ফার্ম স্ট্রাকচার বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদুজ্জামান, ফুড টেকনোলজি গ্রামীণশিল্প বিভাগের মাস্টার্সের ছাত্র শাহীন মাহমুদ, কৃষি অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র রোকনুজ্জামান, ফিশারিজ টেকনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র নয়ন হাওলাদার, এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের মাস্টার্সের ছাত্র রুবেল মিয়া, পশুপালন অনুষদের ইন্টার্নশিপ ছাত্র আনোয়ার পারভেজ ও ইয়াহহিয়া, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র এস এম রায়হান ও শাহাবুদ্দিন এবং পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল মজুমদার। একাডেমিক শাখার আদেশনামায় বলা হয়, গত ১৬-১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট, করিম ভবন, জব্বারের মোড় ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের রেললাইন-সংলগ্ন এলাকায় ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। গত ১৯ জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বয়ড়া গ্রামের টেম্পোচালক দুলাল মিয়ার ছেলে রাব্বি (১০) নিহত হয়। আহত হয় আরও অনেকে। এ ধরনের কর্মকাণ্ড অশোভন, অনাকাঙ্ক্ষিত ও ছাত্রশৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট দৃষ্টান্ত। শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১১ (২)-এর বিধান অনুযায়ী ওই ১৩ ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হলো। তাঁদের বহিষ্কারের আদেশ উপাচার্য সচিবালয়, ছাত্রদের স্থায়ী ঠিকানা, দেশের সব কটি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব জায়গায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহীদুর রহমান খান প্রথম আলোকে জানান, ওই ১৩ ছাত্রকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে তাঁদের শাস্তি যোজন-বিয়োজন করা হবে। ১৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।