শিশু সিফাত খুন, জহিরুল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সিফাত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া জহিরুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম আতিকুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার ভাড়াটে জহিরুল আট বছর বয়সী সিফাতকে বাসার সামনে থেকে ডেকে দারুস সালামের দ্বিতীয় তলার ভাড়া বাসায় নিয়ে হাত-পা বেঁধে ও গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে তার মুখ পলিথিনে মুড়িয়ে হত্যা করে। পরে লাশ কাপড়ের বড় ব্যাগে ঢুকিয়ে রাখে। ডিবি পুলিশ মুঠোফোনের তালিকার সূত্র ধরে মঙ্গলবার মধ্যরাতে জহিরুলের ঘর থেকে সিফাতের লাশ উদ্ধার করে এবং জহিরুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সিফাতের বাবার দারুস সালাম থানায় দায়ের করা মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।তদন্তকারী সূত্র জানায়, সিফাত হত্যাকাণ্ডের ঘটনায় জহিরুল, তাঁর তিন ছোট ভাই ও বাড়ির দারোয়ানকে আটক করা হয়। হত্যাকাণ্ডে অন্যদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।জানাজা শেষে সিফাতের লাশ গতকাল বুধবার সন্ধ্যায় দারুস সালাম হাজি জামে মসজিদ-সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।