বাসের চাপায় নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেজি শ্রেণীর ছাত্র হামিমের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং ঘাতক বাসচালকের দ্রুত বিচারের দাবিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কর্তৃপক্ষ আজ রোববার সকালে প্রতিষ্ঠানটির সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচি থেকে তারা সরকারের উদ্দেশে ১০ দফা দাবিও পেশ করেছে। এর মধ্যে হামিমের ঘাতক মধুমতি বাসের চালক ও মালিকের ফাঁসি এবং ওই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মধুমতি বাস কোম্পানির রুট পারমিট বাতিলের দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য।আজকের এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন বিশিষ্ট অভিনেত্রী ও সাংসদ তারানা হালিম। এতে আরও উপস্থিত ছিলেন কয়েকটি সড়ক দুর্ঘটনায় নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশ নিয়ে নিহত হামিমের বাবা বলেন, ‘আমার ছোট্ট ছেলেটির কবরের মাটি শুকিয়ে যাওয়ার আগেই যেন ওর হত্যাকারী বাসচালক জামিন না পায়, সরকারের কাছে এটাই আমার দাবি।’আজ এতে আরও বক্তব্য দেন তারানা হালিমের বড় বোন। তিনি সড়ক দুর্ঘটনায় সব নিহতের পরিবারকে এক মঞ্চে এসে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।উল্লেখ্য, তারানা হালিমের বড় বোনের ছেলে সাঈফ কিছুদিন আগে ট্রাকের চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়। হামিমের মতো আর যেন কাউকে অকালে হারাতে না হয়, সে জন্য উইলস লিটল ফ্লাওয়ার কর্তৃপক্ষ এখন থেকে স্কুলের সামনের রাস্তায় চলাচলের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহারে ছাত্রদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম হাতে নেবে বলে জানিয়েছে।