শিশু হামিমের রক্তের দাগ না শুকাতেই ঘাতক বাস কেড়ে নিল আরেক শিশুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু হামিমের রক্তের দাগ না শুকাতেই ঘাতক বাস কেড়ে নিল আরেক শিশু সুমির (৭) প্রাণ। আজ শুক্রবার বিমানবন্দর সড়কে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মর্মান্তিক মৃত্যু হয় সুমির। এ সময় হাসিনা বেগম (২৬) তাঁর কোলের সন্তানসহ আহত হন। আহত মা-ছেলেকে সংকটজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর পৌনে একটার দিকে হাসিনা বেগম এক বছরের সন্তান হাসানকে কোলে নিয়ে আরেক সন্তান সুমির হাত ধরে বিমানবন্দর সড়কের ফ্যালকন টাওয়ারের কাছ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাঁদের তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় সুমিকে ফার্মগেটের বেসরকারি আল-রাজী হাসপাতালে এবং হাসিনাকে তাঁর কোলের সন্তানসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আল-রাজী হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সুমি মারা যায়। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রায় নিস্তেজ হয়ে হাসিনা ও তাঁর কোলের সন্তানকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁদের শরীরের বিভিন্ন স্থান থেঁতলে গেছে। চিকিত্সকেরা বলেছেন, মা-ছেলের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবরে সুমির নানি-দাদি হাসপাতালে ছুটে যান। সুমির নানি জহুরা জানান, হাসিনা তাঁর স্বামী ও সন্তান নিয়ে ৭৪২ শাহীনবাগে এক কক্ষের ছাপরা ঘরে ভাড়া থাকেন। হাসিনার স্বামী মনজু সরকার রিকশা চালান। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে গেলেও এর নম্বরটি সংগ্রহ করা হয়েছে। পুলিশ বাসটি আটকের চেষ্টা করছে। দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু: এদিকে আজ সকাল সাড়ে সাতটার দিকে পান্থপথ সুন্দরবন হোটেলের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় সাইফুল ইসলাম (২৫) নামে এক গার্মেন্টস কর্মী মারা যান। সাইফুল মালিবাগের একটি মেসে থাকতেন। আজ সকালে মেস থেকে কারওয়ান বাজারে তাঁর কর্মস্থল যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। সাইফুলের বাড়ি বরিশালের বিজলতলায়।