শিশুকন্যাকে গলা টিপে মেরে ফেলেছে মাদকসেবী বাবা
কন্যাশিশুর প্রতি বেশির ভাগ বাবারই বাড়তি টান থাকে। বাবার অপত্য স্নেহে কন্যা হয়ে ওঠে আহ্লাদের খনি। কিন্তু দেড় বছরের শিশু মারিয়ার সে ভাগ্য হয়নি। জন্মের পর থেকে মাদকসেবী বাবা মাহাবুল ইসলামের (২৮) চক্ষুশূল ছিল সে। গায়ের রঙ কালো বলে বাবা তাকে পছন্দ করতেন না। বড় হলে বিয়ে দিতে অনেক টাকা খরচ হবে ভেবে মেয়েকে বোঝা মনে করতেন তিনি। ঝামেলামুক্ত হতে প্রকাশ্যে প্রায়ই মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেন মাহাবুল। বাবার আক্রোশ থেকে বাঁচাতে মেয়েকে প্রায় সারাক্ষণ চোখে চোখে রাখতেন মা রূপা খাতুন (২১)। সংসারের শত ঝামেলার মধ্যেও মেয়েকে তিনি কাছছাড়া করতেন না। অভাব থাকলেও স্থানীয় বড় বাজারের তুলার কারখানার কাজ তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত ১৮ জানুয়ারি বাবার হাতেই প্রাণ দিতে হলো ছোট্ট মারিয়াকে। সবার অগোচরে তাকে গলা টিপে মেরে মাটিতে পুঁতে ফেলেন বাবা মাহাবুল। স্ত্রীর কাছে খুনের কথা স্বীকারও করেন তিনি। নিজের মাসহ অন্যদের কাছেও স্বীকার করেন শিশুকন্যা হত্যার কথা। তবে এ ঘটনায় রূপার করা মামলায় গত রোববার রাতে কুষ্টিয়ার ইসলামিয়া কলেজ ক্যাম্পাস থেকে মাহাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, ২৮ জানুয়ারি রূপা হত্যা মামলা করেন। মাহাবুলকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। রোববার রাতেই তাঁকে কুমারখালী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল সোমবার কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। মা রূপা জানান, ১৮ জানুয়ারি ঘরে চাল না থাকায় তিনি মারিয়া ও ছেলে রুবেলকে (৬) বাড়িতে রেখে ওই তুলার কারখানায় কাজে যান। রাতে বাড়ি ফিরে দেখেন ছেলে আছে, মেয়ে মারিয়া নেই। বাবা মাহাবুলকে জিজ্ঞাসা করলে তিনি তাঁকে মারধর করেন। তবে রাত তিনটার দিকে মাহাবুল স্বীকার করেন, মারিয়াকে তিনি গলা টিপে মেরে ফেলেছেন। লাশ বালুচরে পুঁতে এসেছেন। বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন মাহাবুল। জানালে ক্ষতি হবে বলে রূপাকে তিনি হুমকিও দেন। রূপা বিষয়টি পরদিনই স্থানীয় পুলিশিং ফোরামকে জানান। ফোরামের সভাপতি আবদুল হাই বলেন, মাহাবুলকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে শুরুতে তিনি হত্যার কথা অস্বীকার করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে মারধর করলে তিনি জানান, জয়নাবাদের বালুচরে লাশ পুঁতে রেখেছেন। লাশ খুঁজতে যাওয়ার আগেই মাহাবুল কৌশলে পালিয়ে যান। এলাকাবাসী জানায়, মাহাবুল মাদকাসক্ত। মদ, গাঁজা, হেরোইন—যখন যা পায় তা-ই খায় সে। এলাকাবাসী ও পুলিশ জানায়, স্বজনদের নিয়ে রূপা ওই বালুচরে গিয়ে অনেক খুঁজেও মারিয়ার লাশ পাননি। ১০ দিন পর গত বৃহস্পতিবার দুপুরে বালুচরে দুর্গন্ধ ছড়ালে তার উত্স খুঁজতে গিয়ে মারিয়ার লাশ পাওয়া যায়। বাধবাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসমত আলীর নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মা রূপা মেয়ের পচে যাওয়া লাশ শনাক্ত করে জ্ঞান হারিয়ে ফেলেন। মাহাবুলের মা আঙ্গুরী বেগম বলেন, তাঁর ছেলে মাদক সেবন করে। বাড়িতেও বন্ধুদের নিয়ে নেশার আসর বসাত। মারিয়াকে মেরে ফেলার কথা মাহাবুল তাঁর কাছেও স্বীকার করেছে। আঙ্গুরী বেগমও নাতনি হত্যার বিচার চান।