শিশুকন্যাসহ জনসংহতি সমিতির সদস্য খুন
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) সদস্য চিজিমণি চাকমা (৩২) ও তাঁর দুই বছরের শিশুকন্যা অর্পিমণি চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বুধবার মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কদমতলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার জন্য জনসংহতি সমিতির জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা পক্ষের সদস্যদের দায়ী করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ১২ থেকে ১৫ জনের সশস্ত্র দল কদমতলী গ্রামে গিয়ে চিজিমণি চাকমার বাড়ি ঘেরাও করে। এরপর তারা দরজা ভেঙে বাড়িতে ঢুকে চিজিমণি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। চিজিমণির স্ত্রী রত্না চাকমা (২৮) সরে যেতে পারলেও চিজিমণি ও দুই বছরের শিশুকন্যা অর্পিমণি চাকমা গুলিবিদ্ধ হয়। চিজিমণির মাথা ও বুকে তিনটি এবং ছোট্ট অর্পির বুকে দুটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।গত বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বাবা ও মেয়ের লাশ উদ্ধার করে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, নিহত চিজিমণির বড় ভাই অমর কান্তি চাকমা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ ১২-১৪ জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখনই জানানো যাচ্ছে না।প্রতিবাদ সমাবেশ: ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার জনসংহতি সমিতি (এম এন লারমা) ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দলের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি যশী চাকমার সভাপতিত্বে উপজেলা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) উপজেলা সভাপতি সুশীল বিকাশ চাকমা ও সাধারণ সম্পাদক অমর নাথ চাকমা। বক্তারা এ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির সন্তু লারমা পক্ষের সশস্ত্র সদস্যদের দায়ী করেন। একই সঙ্গে তাঁরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সন্তু লারমার অপসারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।তবে অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির সন্তু লারমা পক্ষের সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, তাঁদের কোনো সদস্য এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের ওপর দোষ চাপানো হচ্ছে।মায়ের বিলাপ: বৃহস্পতিবার সকালে কদমতলী গ্রামে গিয়ে দেখা যায়, গৃহবধূ রত্না চাকমা বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বলছেন ‘আমার অবুঝ মেয়ের কী দোষ, তাকে কেন মেরে ফেলল, যারা এ কাজ করেছে, ভগবান তাদের বিচার করবে। তোমরা আমার মেয়েকে এনে দাও।’সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ যখন স্বামী ও মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছিল, তখনো রত্না চাকমা বিলাপ করতে করতে লাশবাহী গাড়ির পেছনে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশী নারীরা তাঁকে ধরে রাখলে তিনি আবার মূর্ছা যান। তখন সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।প্রতিবেশীরা জানান, বুধবার রাতে গুলির ঘটনার পরপরই আশপাশের লোকজন চিজিমণি চাকমার বাড়িতে এসে দেখেন রত্না উঠানে পড়ে আছেন অচেতন অবস্থায়। এরপর ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, চিজিমণি ও মেয়ে অর্পিমণি বিছানায় পড়ে রয়েছে। তখনো বিছানা রক্তে ভেসে যাচ্ছে।উল্লেখ্য, বছর দেড়েক আগে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ভেঙে জনসংহতি সমিতি (এম এন লারমা) গঠিত হয়।