শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ (ভিডিও)
রাজধানীর তোপখানা রোডের ট্রপিকানা টাওয়ারের চারতলার একটি বাথরুম থেকে আজ শনিবার বেলা তিনটার দিকে রিতু আক্তার (১০) নামের এক শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মা নূরজাহান আক্তারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি ওই ভবনের তিনজনের বিরুদ্ধে তাঁর মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, মৃতদেহে রক্ত জমাট বাঁধা ছিল। এ ব্যাপারে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এমএ জলিল বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড। শিশুটি ধর্ষণের শিকার হাতে পারে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, লাশটিতে পচন ধরে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ ও সময় নিশ্চিত করে বলা যাবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে। শিশুটির মা যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা হলেন, ট্রপিকানা টাওয়ারের বেসরকারি হজ এজেন্ট প্রতিষ্ঠানের তিন কর্মী সেলিম বিশ্বাস, গোলাম মোস্তফা ও নজরুল ইসলাম। তাঁদের আটক করে থানায় নেওয়া হয়েছে। ট্রপিকানা টাওয়ার নামের ওই বহুতল ভবনের চারতলায় হজ এজেন্টসহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি। রিতুর মা নূরজাহান আক্তারের ভাষ্য, তিনি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে সেগুনবাগিচায় একটি ছাপড়া ঘরে ভাড়া থাকেন। বাসায় রান্না করে আশপাশের বিভিন্ন দোকান ও মেসে খাবার সরবরাহ করেন। গত সোমবার দুপুরে তিনি টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে ট্রপিকানা টাওয়ারে যান। সেখানে চতুর্থতলায় বেসরকারি ওই হজ এজেন্ট প্রতিষ্ঠানের ওই তিন কর্মীর জন্য খাবার দিয়ে আসেন। সন্ধ্যার দিকে তিনি মেয়ে রিতুকে খাবারের টিফিন ক্যারিয়ার ফেরত আনতে পাঠান। এর পর থেকে রিতু আক্তার নিখোঁজ ছিল। নূরজাহান আক্তার একাধিকবার হজ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীদের কাছে মেয়েটির খোঁজ জানতে চান। কিন্তু ওই তিন কর্মী জানান, রিতু তাঁদের ওখানে যায়নি। গত সোমবার সন্ধ্যায় শাহবাগ থানায় মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করেন নূরজাহান। পুলিশ ওইদিন সন্ধ্যায় রিতুর খোঁজে হজ এজেন্ট প্রতিষ্ঠানে যাওয়ার কথা বললেও পরে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন নূরজাহান। মেয়ের খোঁজে তোপখানা এলাকায় মাইকিং করেন নূরজাহান। অনেক খুঁজেও তিনি মেয়ের সন্ধান পাননি।
নূরজাহান আক্তার আরও বলেন, আজ সকালে ট্রপিকানা টাওয়ারের চারতলায় এক শিশুর লাশ পাওয়া গেছে বলে তিনি খবর পান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। সেখানে হজ এজেন্ট প্রতিষ্ঠানের বাথরুমের মেঝেতে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন নূরজাহান। রিতুর মা অভিযোগ করেন, সেলিম বিশ্বাস, গোলাম মোস্তফা ও নজরুল ইসলামই তাকে ধর্ষণের পর হত্যা করেছে। সড়ক অবরোধরিতু আক্তারের প্রতিবেশী ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে পল্টন মোড়ের পাশে বিজয়নগরের পশ্চিম পাশের সড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করে।