শিশুকে মায়ের দুধ খাওয়াতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খেলে শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এতে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। মায়ের দুধের পরিবর্তে কৌটার বা বাজারের দুধ খেলে শিশুর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, শিশু অপুষ্টির শিকার হয়। দেশে বর্তমানে ছয় মাস পর্যন্ত শুধু (এক্সক্লুসিভ) বুকের দুধ খাচ্ছে ৬৪ শতাংশ শিশু।শিশু বিশেষজ্ঞ ও পুষ্টিবিদেরা বলছেন, ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর চিত্র ভালো। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭-এর তথ্যমতে, তখন এই হার ছিল ৪৩ শতাংশ, ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী এই হার ৬৪ শতাংশ। এ ছাড়া ২০১১ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত সরকারের হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে ২০১৬ সালের মধ্যে ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ার হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই দিক থেকেও বাংলাদেশের অর্জন ভালো। তবে ছয় মাসের পর থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি বাড়তি খাবার দেওয়ার চিত্র উদ্বেগজনক। এখনো ছয় থেকে নয় মাস বয়সী পাঁচজনের মধ্যে একজন শিশুকে বোতলে দুধ খাওয়ানো হচ্ছে। অথচ কোনো কৌটার দুধই জীবাণুমুক্ত নয় এবং শিশুর খাবার তৈরির সময় তাতে সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি থাকে। এই সংক্রমণের কারণে শিশু ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অপুষ্টির শিকার হচ্ছে। বিডিএইচএস ২০১১ অনুযায়ী, ছয় থেকে ২৩ মাস বয়সী মাত্র ২১ শতাংশ শিশুকে সব নিয়ম মেনে ঘরে তৈরি বাড়তি খাবার দেওয়া হচ্ছে।২০০১ সালে অনুষ্ঠিত ৫৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে শিশুকে জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানোর প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০০৩ সালের ৩১ মার্চ শিশুর জন্ম-পরবর্তী প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ এবং সাত মাস বয়স থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি সহায়ক খাদ্য খাওয়ানোর সরকারি আদেশ জারি হয়। ২০০৯ সাল থেকে দেশে সরকারিভাবে পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ বছরও (১ থেকে ৭ আগস্ট) এই সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘সবার জানা কথাগুলো বলতে হবে আবার, মায়ের দুধই সকল শিশুর সবচেয়ে ভালো খাবার’।বিভিন্ন গবেষণা অনুযায়ী, শালদুধ শিশুর জন্য টিকা হিসেবে কাজ করে। জন্মগ্রহণের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো সম্ভব হলে এক-তৃতীয়াংশ নবজাতকের মৃত্যু কমানো সম্ভব। আর শিশুর ছয় মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি উপযুক্ত খাবার দিলে প্রতি পাঁচটি শিশুমৃত্যুর মধ্যে একটি মৃত্যু রোধ করা যায়। এ ছাড়া, জন্মের পরপরই মা শিশুকে দুধ খাওয়ালে জরায়ু দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, মায়ের রক্তক্ষরণ কম হয় এবং রক্তক্ষরণ দ্রুত বন্ধ হয়। এতে মাতৃমৃত্যুর হারও কমে।শিশু ও পুষ্টি বিশেষজ্ঞ এম কিউ কে তালুকদার প্রথম আলোকে বলেন, শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ এবং পূর্ণ দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি একই সঙ্গে ঘরে তৈরি হাঁড়ির খাবার দিতে হবে। তবে বাড়তি খাবারের মাত্রা বয়স অনুযায়ী হতে হবে। বয়স অনুযায়ী খাবারে ভিন্নতাও আনতে হবে।দিতে হবে আরও গুরুত্ব: ২০০৯ সালের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুকে বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। বছরটির ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই ব্যাপারে একটি চিঠির মাধ্যমে ছয়টি নির্দেশনা জারি করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়কে এসব নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশনাগুলো বেশির ভাগই প্রক্রিয়াধীন বা ধীরগতিতে এগোচ্ছে।প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য অফিস, আদালত, শপিং মল, ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, হাসপাতাল, সরকারি ও বেসরকারি সব সংস্থায় শিশু দিবাযত্ন কেন্দ্র নির্মাণের কথা বলেছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে ১৪টি জেলাসহ সারা দেশে মোট ৪৩টি শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এর মধ্যে ঢাকায় আছে ২৪টি কেন্দ্র। সচিব বলেন, ঢাকায় এ ধরনের কেন্দ্র পর্যাপ্ত হলেও জেলা শহরে আরও কেন্দ্র তৈরি করা উচিত। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বেসরকারি সংগঠন এখনো সেভাবে বিষয়টিতে সাড়া দেয়নি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। কিন্তু এই ছুটিও পাচ্ছেন শুধু সরকারি কর্মজীবী নারীরা। কিছু প্রতিষ্ঠান এগিয়ে এলেও বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী নারীরা এই সুবিধা থেকে বঞ্চিত। তাই তাঁরা শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে পারছেন না। কর্মক্ষেত্রে শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাবে ছয় মাস থেকে নিয়ম মেনে বাড়তি খাবারও খাওয়াতে পারছেন না।প্রধানমন্ত্রী শিশুর মানসিক পরিচর্যার জন্য প্রতিটি স্কুল ও হাসপাতালে মনোবিজ্ঞানী নিয়োগের কথা বলেছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নির্দেশনাটির বাস্তবায়ন এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনকে একসঙ্গে কাজ করার পাশাপাশি ফাউন্ডেশনকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করতে বলা হয়েছিল। ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রায় প্রথম আলোকে বলেন, ফাউন্ডেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গেই কাজ করছে। তবে ফাউন্ডেশনকে সেই অর্থে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়নি। ফাউন্ডেশনের জন্য একটি অফিস ও বার্ষিক কিছু বরাদ্দের প্রস্তাব দুই বছর ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃত্রিম শিশু খাদ্য (বাজারজাত নিয়ন্ত্রণ) আইনটির খসড়া অনেক দূর এগিয়েছে। তবে মায়ের দুধের পক্ষে প্রচার বাড়ানোর নির্দেশনাটি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরাই হতাশ।তবে এস কে রায় প্রথম আলোকে বলেন, নতুন কার্যক্রম জাতীয় পুষ্টিসেবায় শিশুকে মায়ের বুকের দুধ ও বাড়তি খাবার দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহায়তায় শিশুকে মায়ের দুধ খাওয়ানোর বিষয়টি জোরদার করতে শিশুবান্ধব হাসপাতালগুলোকে কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।