শিশুকে সন্ত্রাসী বানালে শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ব্যক্তি শিশুকে সন্ত্রাসী কাজে নিয়োজিত করলে তার বিচার হবে সন্ত্রাসবিরোধী আইনে। এ ধরনের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এই বিধান রেখে আজ রোববার জাতীয় সংসদে শিশু বিল-২০১৩ সংসদে পাস হয়েছে।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নাকচ হয়।পাস হওয়া বিলের ৭৯ দফায় বলা হয়েছে, কোনো ব্যক্তি শিশুর প্রকৃত দায়িত্বসম্পন্ন বা তত্ত্বাবধানকারী হোক বা না হোক, কোনো শিশুকে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬ ধারায় উল্লিখিত কোনো সন্ত্রাসী কাজে নিয়োজিত করলে বা ব্যবহার করলে তিনি স্বয়ং ওই সন্ত্রাসী কাজ করেছেন বলে গণ্য হবে এবং তিনি ওই ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশে ধারাটি বিলে অন্তর্ভুক্ত করা হয়। কমিটি থেকে জানানো হয়, গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং মতিঝিলের সমাবেশে মাদ্রাসাপড়ুয়া শিশুদের ব্যবহারের প্রেক্ষাপটে ধারাটি বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।