শিশুটি স্বাভাবিক আচরণ করছে তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা-১: টুনির মা সাঈদা ইসলাম একজন চাকরিজীবী মহিলা ছিলেন। বাচ্চা হওয়ার জন্য কাজে কিছু দিনের জন্য বিরতি নিলেন। কিন্তু টুনি জন্মের পর থেকেই খুব কান্নাকাটি করত। সারা রাত ঘুমাত না। ১৬ মাস বয়স হয়ে গেল, কিন্তু কান্নাকাটি আর কমে না। অনেক শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন, সবার একই কথা, বাচ্চা সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। একটু বড় হলে ঠিক হয়ে যাবে। টুনি বড় হচ্ছে, আর অস্বাভাবিক আচরণ বাড়ছে। ওকে ডাকলে কোনো উত্তর দেয় না। অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে চায় না। কোনো খেলনা তার মন স্পর্শ করে না। সবচেয়ে অদ্ভুত লাগত, টুনি সুতা হাতে নিয়ে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকত। অকারণে হাত-পা ছোড়াছুড়ি করত। এভাবে আড়াই বছর পার হয়ে গেল। কোনো পরিবর্তন নেই। একবার অনেক কষ্ট করে সিঙ্গাপুর নিয়ে গেলেন টুনিকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসক বেলিটডা মুর্গাছুকে টুনির সমস্যাগুলো জানানো হলো। তিনি বললেন, টুনির অটিজম হয়েছে। অটিজম বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর কথা বললেন তিনি, চিকিৎসকদের ঠিকানা দিলেন। কিন্তু সময়ের অভাবে টুনিকে অটিজম বিশেষজ্ঞ চিকিৎসককে না দেখিয়ে চলে আসতে হয়। চিকিৎসক বেলিটডার মাধ্যমে অটিজম চিকিৎসকেরা টুনির সম্পর্কে জানতে পারেন। পরে তাঁরাই টুনির বাবা-মার সঙ্গে যোগাযোগ করেন ইন্টারনেটের মাধ্যমে। নেটে টুনির জন্য পরামর্শ দিয়ে যান বেশ কিছুদিন। তারপর তাঁদের পরামর্শেই ঢাকায় অকুপেশনাল থেরাপিস্ট নুরুনাহার নূপুরের সঙ্গে যোগাযোগ করে টুনির মা তাকে তাঁর স্কুলে ভর্তি করে দেন। এখন টুনির বয়স সাড়ে তিন বছর। টুনির মা খুব আশাবাদী, কারণ তাঁর সন্তানের অনেক ইতিবাচক পরিবর্তন হচ্ছে। ঘটনা-২: মা-বাবার দ্বিতীয় সন্তান মিনার। মা মৌরী রহমান সংসারের পাশাপাশি পড়াশোনা করছেন। মিনারের যখন ১৩ মাস বয়স তখন মৌরীর আরেকটি মেয়ে হয়েছে। তিন বাচ্চাকে নিয়ে মৌরী খুব কষ্ট করে মাস্টার্স শেষ করেন। মিনার দুই মাস বয়স থেকেই হাত চুষত। মিনার নিজ থেকে কোনো কিছু চাইত না, তাই মৌরীকে সব সময় খেয়াল রাখতে হতো। মিনারের বড় ও ছোট বোন নিজের হাতেই খেত, কিন্তু মিনারকে খাইয়ে দিতে হতো। একদিন বড় মেয়ে এ কথা মাকে মনে করিয়ে দিলে মৌরী মিনারের আচরণ খেয়াল করা শুরু করলেন। ও কারও সঙ্গেই কথা বলে না। এমনকি ওর দুই বোনের সঙ্গেও না। মাঝেমধ্যে খুব অস্থির হয়ে হাত দুটি অস্বাভাবিকভাবে ছোড়াছুড়ি করত। আবার স্থির হয়ে যেত। মৌরী একটু ভয় পেলেন। ওর সমস্যা কী বুঝতে পারছেন না। পরে চট্টগ্রামে (তখন তাঁরা চট্টগ্রামে থাকত) মা ও শিশু হাসপাতালে গেলেন। সেখানে শিশু বিকাশ কেন্দ্রে একজন বিশেষজ্ঞ সমস্যার কথা শুনে বাচ্চাকে সময় বেশি দিতে বলেন ও কিছু নিয়ম মেনে চলতে বলেন। তেমন কোনো উন্নতি না হওয়ায় ঢাকায় এসে রওনক হাফিজের (চিকিৎসক) সঙ্গে কথা বলেন। চিকিৎসকের পরামর্শেই চট্টগ্রামে হিলভিউতে রেইনবো একাডেমি স্কুলে ভর্তি করে দিলেন। এই স্কুলটা ‘স্পেশাল’ বাচ্চাদের জন্যই করা হয়েছে। ওই স্কুল থেকে মিনার মাকে ছাড়া কয়েক ঘণ্টা ওখানে থাকতে শিখেছে। কিছু দিন পর প্রথম শব্দ উচ্চারণ করতে শেখে, ‘দাও’। তখন ওর বয়স চার বছর সাত মাস। পরে ‘খোলো’ শব্দ বলতে শিখেছে। আরও ভালো চিকিৎসার জন্য মৌরী রহমান পরিবারসহ ঢাকায় চলে আসেন। এখানে পজিটিভ থিংক সার্ভিসেস ফর স্পেশাল নিড চিলড্রেন স্কুলে ভর্তি করে দেন মিনারকে।এ স্কুলে মিনার অনেক দিন ধরে আছে। ওর উন্নতি হচ্ছে। ও এখন জগ থেকে পানি ঢেলে খেতে পারে, নিজের খাবার নিজেই খেতে পারে। প্রয়োজনের কথা বলতে পারে। ঘটনা-৩ইরোপা। ফুটফুটে একটি মেয়ে। দেড় বছর বয়সে ওর চিকিৎসক চাচা-চাচি ওদের বাসায় আসেন বেড়াতে। ইরোপা তখনো কথা বলতে পারে না দেখে চাচা-চাচি ইরোপার মাকে সচেতন হতে বলেন ও একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু ইরোপার মা ও ছোট এই ভেবে তেমন গুরুত্ব দেননি। এভাবে তিন বছর পার হয়ে গেলেও ইরোপা কোনো কথা বলে না। আচরণও দিন দিন আক্রমণাত্মক হয়ে উঠেছে। অন্য বাচ্চাদের কামড় দেয়, চুল টানে, নিজেকেও আঘাত করে। একা একা ঘুরতে থাকে, অর্থহীনভাবে হাসে। ব্যাপারটা অস্বাভাবিক বুঝতে পেরে ইরোপাকে চিকিৎসক দেখালেন ওর মা। চিকিৎসক দেখে বলেন, ও অটিস্টিক শিশু। ইরোপার মা অটিজম রোগটি সম্পর্কে কিছুই জানেন না। চিকিৎসকের পরামর্শে একটি ‘স্পেশাল’ স্কুলে ভর্তি করে দেন। ছয় মাস পার হয়ে গেল কিন্তু ইরোপার কোনো উন্নতি হয়নি। এই স্কুলে ওর উন্নতি হচ্ছিল না বলে রাগ করেই স্কুল থেকে ছাড়িয়ে আনেন ইরোপার মা। পরে ইন্টারনেটে ‘অকুপেশনাল থেরাপি’ সম্পর্কে জানতে পেরে অকুপেশনাল থেরাপিস্ট নূপুরের সঙ্গে কথা বলেন। তখন ইরোপার বয়স সাড়ে চার বছর। তিনি বলেন, একজন অটিস্টিক বাচ্চার জন্য এ থেরাপি খুব গুরুত্বপূর্ণ। নূপুর ইরোপাকে পরীক্ষা করার পর জানালেন, ইরোপার অটিজম হয়নি। তবে ওর ADHD (অ্যান্টেনসন ডিফিসিটস হাইপার অ্যাকটিভিটি ডিজঅর্ডার) হয়েছে। এ রোগ হলেও অটিজম রোগের মতো লক্ষণ থাকে। তবে রোগটির ভিন্নতার কারণে এর পরবর্তী উন্নয়নের ধাপগুলো ভিন্ন হয়। ইরোপাকে নূপুরের প্রতিষ্ঠিত স্কুলে ভর্তি করানো হয়। ইরোপা এখন অনেক সুস্থ। অটিজম কীজন্ম-পূর্ববর্তী মাতৃগর্ভে বা জন্মের সময় শিশুর মস্তিষ্কে আঘাতজনিত কারণে বা পরিপূর্ণ বৃদ্ধির বাধাগ্রস্ততার কারণে যে পরিবর্ধনগত জটিলতার সৃষ্টি হয়, তার ফলে শিশুর সামাজিক যোগাযোগ, আচরণে দৃঢ়তা ও কল্পনাশক্তির সীমাবদ্ধতা এবং (Sensary Integration) ইন্দ্রিয়গত সমন্বয়ের সমস্যা দেখা দেয়। অটিজমকে এভাবেই ব্যাখ্যা করেছেন অকুপেশনাল থেরাপিস্ট নুরুনাহার নূপুর। অটিজম রোগে আক্রান্ত শিশুরা জন্মের পর দাদা, বুবু বলতে পারে ও স্বাভাবিক শিশুর মতো বড় হতে থাকে কিন্তু পরবর্তী সময়ে অনেক শিশু কথা বলা বন্ধ করে দেয়। একা একা কথা বলে, নিজের মতো খেলে, সমবয়সী বাচ্চাদের সঙ্গে মিশতে চায় না।আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, মা-বাবা মানতেই চান না সন্তান অটিজম রোগে আক্রান্ত। কিংবা কোনো অস্বাভাবিক আচরণ চোখে পড়লেই কেবল চিকিৎসকদের কাছে ছুটে যান। বর্তমানে বাংলাদেশে এই বাচ্চাদের জন্য বিভিন্ন ‘স্পেশাল স্কুল’ আছে। তবে তা কতটুকু সঠিক উপায়ে কার্যকর হচ্ছে, অবশ্যই অভিভাবকদের জেনে নিতে হবে। অনেক অভিভাবক জানেন না তাঁর সন্তানটি সঠিক উপায়ে যত্ন পাচ্ছে কি না। আবার অটিজম আক্রান্ত শিশু মনে করে অন্য রোগে আক্রান্ত শিশুটিকে একই উপায়ে চিকিৎসা করা হচ্ছে, যা শিশুটির জন্য ক্ষতিকর। যা কিনা ইরোপার বেলায় ঘটেছিল। তাই সন্তানকে প্রতিষ্ঠানে দেওয়ার আগে জেনে নিন সন্তানের সঠিক রোগ কোনটি ও তার চিকিৎসাপদ্ধতি সম্পর্কে অবগত হোন। চিকিৎসাপদ্ধতিতে সেনসরি ইন্টিগ্রেসন থেরাপি প্রতিদিন দিচ্ছে কি না জেনে নিন। এ ছাড়া কী ধরনের টিচিং মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে—এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ আছে কি না, টয়লেট ট্রেনিং, কমিউনিকেশন কীভাবে করা হচ্ছে সেসব জানতে হবে। সেনসরি ইন্টিগ্রেসন থেরাপি সম্পর্কে বিশেষজ্ঞ নূপুর বলেন, প্রতিটি অটিস্টিক বা ডিজঅর্ডার শিশুর ইন্দ্রিয়গত সমন্বয় বা সেনসরি ইন্টিগ্রেসনের সমস্যা রয়েছে। তাই এ থেরাপি খুবই জরুরি। কেবল একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ, যিনি বিশদভাবে এ বিষয়গুলো জানেন তাঁর পক্ষেই সঠিক রোগ নির্ণয় করা সম্ভব।তাই আপনার শিশুটি স্বাভাবিকভাবে বড় হচ্ছে কি না তা খেয়াল রাখবেন। কোনো শিশু ডাকলে তাকায় না, কোলে নিতে চাইলে আগ্রহ দেখায় না, অর্থপূর্ণ শব্দ বলে না, হাসে না, খেলনার প্রতি আগ্রহ দেখায় না, বেশি অস্থিরতা, অতিরিক্ত লাফালাফি বা স্থির থাকে, বিশেষ খাবার খেতে চায় না, পুনরাবৃত্তিমূলক আচরণ করে, তখনই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।শিশু বয়সে সঠিক চিকিৎসা শুরু করতে পারলে তাদের উন্নতির হার অনেক বেশি থাকে, যোগাযোগের দক্ষতা ও প্রি-একাডেমিক স্কেল ও সামাজিক আচরণের দক্ষতা বৃদ্ধি হয় অন্যদের তুলনায় বেশি।