‘ভূমিকম্পের ঝাঁকুনিতে অপারেশন থিয়েটারের টেবিল থেকে যন্ত্রপাতিগুলো মেঝেতে পড়ে যাচ্ছে। ভয়ে থরথর করে কাঁপছি আর আল্লাহর নাম নিচ্ছি, দোয়া ইউনুস পাঠ করছি। শিশুটিকে ফেলে রেখে গেলে হয়তো মা ও শিশুর জীবন বিপন্ন হতে পারে, এই ভেবে অপারেশন থিয়েটারে থেকে যাই। আবার শিশুটির নাড়িও কাটা হয়নি। শিশুটিকে নিয়ে পালাতেও পারছি না। মন স্থির করলাম—যা হওয়ার হবে, বাইরে যাব না।’ বলছিলেন পঞ্চগড় সিটি জেনারেল হাসপাতালের সেবিকা আর্জিনা খাতুন।সবাই নিরাপদে চলে গেলেও তিনি যাননি। এ সময় তাঁর জীবন বিপন্ন হতে পারত। কিন্তু তিনি এসবের কোনো কিছু তোয়াক্কা না করেই দায়িত্ব ও কর্তব্যের কথা ভেবে অপারেশন থিয়েটারেই থেকে গেছেন। দায়িত্ব ও কর্তব্য পালনে আর্জিনা খাতুন নামে এই সেবিকা অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে মুহূর্তে চিকিৎসক ও সেবিকাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ আসছে, সেই মুহূর্তে তাঁর মানবসেবা সত্যিই বিরল। হাসপাতালের পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ‘ওই সময় চিকিৎসকসহ আমরা সবাই দৌড়ে বাইরে চলে এলেও সেবিকা মা ও শিশুর জীবনরক্ষায় অপারেশন থিয়েটার থেকে বের হননি। এমন ঘটনায় সবাই কিন্তু আগে নিজের জীবন বাঁচাতে চান। এ ক্ষেত্রে তা হয়নি। এটা একটা অন্যন্য দৃষ্টান্ত।’গত রোববার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালে আসেন সুলতানা আকতার (২৬)। স্বামী আবদুল কাদের বাইরে দাঁড়িয়ে। অস্ত্রোপচার চলছে। সুলতানা এখন ফুটফুটে ছেলেশিশুর মা। সব ঠিকঠাক। বাকি রয়েছে শুধু শিশুর ‘নাড়ি কাটা’। হঠাৎ ভূমিকম্পের শক্তিশালী কম্পন, চতুর্পাশে হইহুল্লোড়। জীবনরক্ষায় যে যাঁর মতো নিরাপদ জায়গায় পালাচ্ছেন। পালাননি সেবিকা আর্জিনা। শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় আর্জিনা শিশুটিকে কোলে তুলে নেন। ডাকছেন আল্লাহকে। প্রায় টানা দুই মিনিট কম্পন আর মৃত্যুর আশঙ্কা পার করার পর স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হলো। অতঃপর নাড়ি কাটা। ভীতসন্ত্রস্ত বাবা আবদুল কাদের ফিরে আসেন অপারেশন থিয়েটারে। আদরের সন্তানকে নিয়ে যান শিশুবিশেষজ্ঞ এ জেড এম আজাদের কাছে। ঘটনা শুনে হাসতে হাসতে তিনি শিশুটির নাম দেন ‘কম্পন বাবু’।আর্জিনা খাতুন ১৪ বছর ধরে সেবিকা হিসেবে কর্মরত। তিনি এখানে দুই বছর আগে যোগ দিয়েছেন।কম্পনের বাবা আবদুল কাদের বোদা উপজেলার সীমান্তবর্তী নাওতারী নবাবগঞ্জ গ্রামের একজন সাধারণ কৃষক। চিকিৎসকের দেওয়া নামের আগে তিনি কাইয়ুম যোগ করে রাখলেন কাইয়ুম কম্পন বাবু। আর্জিনা খাতুনের বাড়ি সদর উপজেলার তালমা ডিয়াবাড়ী গ্রামে। স্বামী জয়নুল ইসলাম ফটো স্টুডিওর ব্যবসা করেন। শহরের পুরোনো পঞ্চগড়ে ভাড়াবাড়িতে বসবাস করেন। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান আছে।আর্জিনা খাতুন বলেন, একজন রোগীর জীবন-মৃত্যু নির্ভর করে চিকিৎসক ও নার্সদের হাতে। যেদিন থেকে সেবিকার দায়িত্ব নিয়েছি, সেদিনই প্রতিজ্ঞা করেছি, জীবনের বিনিময়ে হলেও সেবা দিয়ে যাব।নবজাতকের মানবজাতকের মা সুলতানা আকতার ওই মুহূর্তের ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন, ‘শরীরের নিচের অংশে অবশ থাকলেও ওপরের অংশে সম্পূর্ণ অনুভূতি ছিল। কম্পন শুরু হলে সবাই অপারেশন থিয়েটার থেকে দৌড় দিয়ে বাইরে চলে যান। কিন্তু আর্জিনা আপু আমার শিশুকে কোলে নিয়ে পেট চেপে ধরে রাখেন। তিনি তখন আল্লাহর নাম আর দোয়া পড়ছিলেন। আমি কাইয়ুম কম্পনের মা হলেও আর্জিনা আপু মানবতার মা। আমি তাঁর কাছে ঋণী।’দায়িত্বের মূল্যায়ন২০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘সেবিকার অনন্য দৃষ্টান্ত’ শীর্ষক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রতিবেদনটি পঞ্চগড় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়ার দৃষ্টিগোচর হলে তিনি ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেবিকা আর্জিনা খাতুনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি তাঁর হাতে দুই হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড তুলে দেন। পুরস্কৃত হওয়ার পর অর্জিনা খাতুন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ভালো কাজের মূল্যায়ন হয়, স্বীকৃতি পাওয়া যায়। এদিকে রোটারি ক্লাব ঢাকা সেন্ট্রাল আগামী ১ অক্টোবর দুপুরে ঢাকা ক্লাবে সেবিকা আর্জিনা খাতুনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করবে। জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ঘটনাটি শুনে এই সেবিকার দায়িত্ব ও কর্তব্যবোধের প্রশংসা করে বলেন, সত্যিই এটি একটি বিরল দৃষ্টান্ত। এ জন্য তাঁকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।