শিশুদের আগামী বিশ্বের উপযোগী করে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে শিশুদের আগামী বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে।আজ সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে। ভবিষ্যত্ প্রজন্মের জন্য বর্তমানকে উত্সর্গ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা সকলে ভবিষ্যত্ প্রজন্মের সুন্দর আগামীর জন্য আমাদের বর্তমানকে উত্সর্গ করি। তাদের সুন্দর ভবিষ্যত্ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করি।’প্রধানমন্ত্রী বড়দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা বড়রা শিশুদের একবার বলি তোমরা ছোট, এটা বুঝবে না, আবার বলি বড় হয়েছ, এ কাজ কেন করছ—এতে করে শিশুরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। যা তাদের বিকাশকে বাধাগ্রস্ত করে।’প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শিশুদের একেবারে ছোট মনে করবেন না। তারা সব বোঝে, হয়তো সব প্রকাশ করতে পারে না। তাদের কথা ধৈর্য ধরে শুনতে হবে। যে কাজটি তাদের করা উচিত নয় তা বুঝিয়ে বলতে হবে। শিশুরা যেন মিথ্যা কথা না বলা শেখে সে ব্যাপারে খেয়াল রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বক্তব্য দেন একই মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফের দেশীয় প্রতিনিধি ক্যারল ডি রয়, শিশুপ্রতিনিধি আবিদুর রহমান ভূঁইয়া ও সারা মেহজাবিন।