শিশুদের উল্লাস-উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলায় গতকাল শনিবারের দিনটি শুরু হয়েছিল আনন্দ-উৎসবে। ছুটির দিনে সকাল থেকেই শিশু প্রহর উপলক্ষে খোলা হয় মেলার দ্বার। শিশু-কিশোরদের পুরস্কার বিতরণের আয়োজন ছিল মেলামঞ্চে সকাল সাড়ে ১০টা থেকে। তাদের উচ্ছ্বাসে-উল্লাসে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখর। বরাবরের মতো বাংলা একাডেমী ফেব্রুয়ারির শুরু থেকেই শিশু-কিশোরদের জন্য বয়সভিত্তিক তিনটি বিভাগে চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করুণাময় গোস্বামী। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।সময় বাড়ানোর আবেদন: বিকেলেও মেলায় লোকসমাগম হয়েছিল প্রচুর। বিক্রেতারা জানালেন, মেলার শেষ দিনগুলোতে যতটা বিক্রি হয়ে থাকে, সে তুলনায় এবার বিক্রির পরিমাণ কম। সে কারণে তাঁরা কর্তৃপক্ষের কাছে মেলার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন। শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান বললেন, ‘মেলার মাঝ নাগাদ যখন বিক্রি বাড়তে থাকে, এবার সেই সময়টাতেই প্রকৃত ক্রেতারা আসতে পারেননি। আমরা মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর জন্য একাডেমীর মহাপরিচালকের কাছে আবেদন করেছি। তবে তিনি জানিয়েছেন, সময় বাড়ানো হবে না। রোববার (আজ) বিকেল চারটায় লেখক কুঞ্জে আমরা সব প্রকাশক এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।’ আলোচনা ও গান: মেলামঞ্চে গতকাল বিকেলে আলোচনার বিষয় ছিল ‘দাঙ্গায় শহীদ আমীর হোসেন চৌধুরী ও তাঁর সৃষ্টি’ এবং ‘প্রজেশ কুমার রায়: স্বল্পজ্ঞাত শহীদ কবি’। প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুর রহমান সুলতান ও তপন বাগচী। আলোচনা করেন সালেহ চৌধুরী, শফি আহমেদ ও নাসির আহমেদ। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। আলোচকেরা বলেন, নজরুল চর্চায় আমীর হোসেন এবং কবিতাচর্চায় প্রজেশ কুমার রায় বাংলা সাহিত্যে স্মরণীয় নাম। পাকিস্তান রাষ্ট্রের সাম্প্রদায়িক নীতির বলি হয়েছেন তাঁরা। আজ তাঁরা বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছেন, যা জাতির জন্য গ্লানির কারণ।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লোপা আহমেদের পরিচালনায় সমবেত সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। একক সংগীতে ছিলেন খালিদ হোসেন, ফাতেমা-তুজ-জোহরা, বুলবুল ইসলাম, মকবুল হোসেন, স্বপন দত্ত, সুস্মিতা আহমেদ, হারুন আর রশিদ ও নকুল চন্দ্র দাস। আজ: আজ বিকেল চারটায় মেলামঞ্চে হবে ২০১২ সালের বাংলা একাডেমী পুরস্কার বিতরণ। পরে আলোচনা হবে ‘আবদুল হক চৌধুরী: জীবন ও সাধনা’ বিষয়ে।একাত্তরের বীর যোদ্ধা: আমাদের মুক্তির লড়াইয়ে ছিল বহু মুক্তিযোদ্ধার সাহসিকতাপূর্ণ অংশগ্রহণ। রাষ্ট্র সেই সোনার সন্তানদের বরণ করে নিয়েছিল বীরত্বসূচক খেতাব দিয়ে। কিন্তু যে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ছাড়া এ দেশ কখনো স্বাধীন হতো না, তাঁদের অনেকেই এখনো রয়ে গেছেন লোকচক্ষুর অন্তরালে। তাঁদের অনেকেরই পরিচয় আমাদের অজ্ঞাত, বীরত্বগাথা অজানা। খেতাব পাওয়া সেই মুক্তিযোদ্ধাদের কথা বিস্মৃতির গহ্বর থেকে বের করে এনে ভবিষ্যতে সংরক্ষণের প্রচেষ্টা হিসেবে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা (প্রথম খণ্ড)। সম্পাদনা করেছেন মতিউর রহমান এবং সংগ্রহ ও গ্রন্থনা করেছেন রাশেদুর রহমান। প্রথম খণ্ডে তুলে ধরা হয়েছে খেতাব পাওয়া ৩০০ জন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা। বাকি মুক্তিযোদ্ধাদের কথা দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত করা হবে।নতুন বই: গতকাল নতুন বই প্রকাশিত হয়েছে ৯৬টি। নতুন বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল মাওলা ব্রাদার্স থেকে শামসুজ্জামান খানের প্রবন্ধ বাংলাদেশের উৎসব, ইছামতি থেকে সাইমন জাকারিয়ার প্রবন্ধ বাংলাদেশের লোকসংগীত, শব্দশৈলী থেকে শাকুর মজিদের ইসলামের স্থাপত্য ধারা, কথা থেকে আবেদ খানের প্রবন্ধ অনেক কথা বলার আছে। নবযুগ প্রকাশনী থেকে মনসুর মুসার প্রবন্ধ শিক্ষা ভাষা ও ভাষা-শিক্ষা, বেঙ্গল পাবলিশার্স থেকে কাবেরী গায়েনের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে নারী-নির্মাণ।