প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ওপর কোনো ধরনের নির্যাতন না করার আহ্বান জানিয়ে বলেছেন, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের কেউ অবহেলা করবেন না। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। উন্নয়নের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে হবে। দরিদ্র শিশু, যাদের খাদ্যের নিশ্চয়তা নেই, কষ্টে থাকে, বাসস্থানের নিশ্চয়তা নেই—এসব শিশুকে সহায়তা দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান।গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় এ সমাবেশের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির যে স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও শেখাতে হবে। যে ইতিহাস বিকৃত করা হয়েছে, তা থেকে শিশুদের দূরে রাখতে হবে। তারা যাতে মিথ্যা কথা না শেখে, সে জন্য পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। আর সজাগ থাকতে হবে, আগামী দিনে যেন আর কেউ ইতিহাস বিকৃত করতে না পারে। কারণ মুক্তিযুদ্ধ ও বাঙালির ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, সংগ্রামের ফসল।’শেখ হাসিনা শিশুদের উদ্দেশে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি দরিদ্র মানুষের বেদনায় কাতর হতেন। দরিদ্র সহপাঠীদের বই-খাতা ও নিজের পরিধেয় বস্ত্র দান করতেন। বঙ্গবন্ধু এক বিশাল হূদয়ের অধিকারী ছিলেন। তিনি শিশুদের স্নেহ করতেন। তোমাদের তাঁর মতো হতে হবে। দরিদ্র, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে।’শেখ হাসিনা তাঁর বিগত সরকারের আমলে শিশুদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘জাতির জনক শিশুদের জন্য লেখাপড়া অবৈতনিক করে গিয়েছেন। এবার আমরা মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই বিতরণ করেছি। ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়ে সবার জন্য শিক্ষাকে অবৈতনিক করার লক্ষ্যে সরকার একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা চাই না, কোনো শিশু শুধু আর্থিক অসুবিধার কারণে স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হোক। প্রতিটি শিশু যাতে বিনা বেতনে, বিনা খরচে লেখাপড়া করতে পারে, তার ব্যবস্থা আমরা করব। আলোকিত জাতি গঠনে এই উদ্যোগ ভূমিকা রাখবে।’শিশু কাজী আনিকা শর্মিলীর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুসাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে দর্শকের কাতারে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।এর আগে সকাল ১০টা ২২ মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি জাতির জনকের সমাধিসৌধের বেদির সামনে হাজির হন। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সরদার, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাংসদ শেখ ফজলে নূর তাপস, মেহের আফরোজ চুমকি, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার সালাউদ্দিন নিয়াজি, প্রেস সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।সমাবেশে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী দারিদ্র্য নিরাময় ও নারী উন্নয়নে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এমব্রয়ডারি প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র ১৫০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। শেষে পাবলিক প্লাজায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন। বিকেল চারটায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।শিশুদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিল্লুর রহমান তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে বঙ্গভবনের দরবার হলে ‘জাতীয় শিশু দিবস-২০১১’ উদ্বোধনকালে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।’ খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে পারলে শিশুরা গর্ববোধ করবে এবং দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ সঠিকভাবে অনুধাবন করতে পারবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শিশু দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্ম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং স্বাধীনতা অর্জনে তাঁর অসামান্য অবদানের কথা জানতে পারবে। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে রাষ্ট্রপতি শিশুদের সঙ্গে কেক কেটে জাতীয় শিশু দিবস-২০১১ এর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।