শিশুদের ওপর থেকে বইয়ের বোঝা কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর
শিশুদের কাঁধ থেকে অতিরিক্ত বইয়ের বোঝা কমানোর উপায় খুঁজতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিরিক্ত বইয়ের বোঝা শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেছেন তিনি।আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১১ উদ্বোধনকালে শেখ হাসিনা এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ওপর বই ও লেখাপড়ার অতিরিক্ত বোঝা চাপিয়ে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করবেন না। সম্প্রতি মায়েরা তাঁদের সন্তান নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছেন। কিন্তু এ ধরনের প্রতিযোগিতা শিশুদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষতির কারণ। তিনি মায়েদের প্রতি এ ধরনের প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে বিজ্ঞান ও প্রযুক্তি-নির্ভর একটি আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। তা ছাড়া সরকার প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করেছে বলে উল্লেখ করেছেন তিনি।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম মোতাহার হোসেন ও সচিব এ কে এম আবদুল আউয়াল বক্তব্য দেন। বাসস।