শিশুদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি-উৎসাহী হয়ে শিশুদের ওপর বাড়তি শারীরিক ও মানসিক চাপ সৃষ্টির জন্য অভিভাবক ও শিক্ষকদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁদের উদ্দেশ করে বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, সব শিশুর সমান মেধা ও মনোযোগ থাকে না। শুধু পড়ালেখার জন্য শিশুদের চাপ প্রয়োগ বন্ধ করুন এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী চলার জন্য কিছু সময় দিন।’ গতকাল সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য কল্যাণমুখী সমাজ গঠন ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় আইন ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পর্যাপ্ত সম্পদ বরাদ্দ করতে দেশের জনগণ ও জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। খবর ইউএনবি ও বাসসের।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয় ও দুই শিশু আফিয়া তাসনিম মাহী ও সোহেল সাজ্জাদ অর্ণব।প্রধানমন্ত্রী বলেন, আজকাল মায়েদের দেখা যায়, তাঁরা সন্তানদের পড়ালেখা ও স্কুল নিয়ে বেশি ব্যস্ত। প্রায়ই তাঁরা নিজের সন্তানদের সঙ্গে অন্যের সন্তানের তুলনা করেন। শ্রেণীর পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়ার জন্য ছেলেমেয়েদের প্রতি অতিরিক্ত চাপ দেন তাঁরা। তিনি বলেন, ‘এ ধরনের আচরণ থেকে দূরে থাকা উচিত। সব শিশুই সমানভাবে তাদের মেধার প্রকাশ ঘটাতে পারে না। প্রতিটি শিশুই আলাদাভাবে নিজের মেধার পরিচয় দিয়ে থাকে।’শিশুদের জাতির সবচেয়ে বড় সম্পদ অভিহিত করে শেখ হাসিনা বলেন, তাদের বেড়ে ওঠার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুষ্ঠু বিকাশে শিশুদের খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে আবাসন প্রকল্পের উদ্যোক্তাদের কিছু জায়গা খালি রাখার আহ্বান জানান শেখ হাসিনা। বড় বড় শহরে ফ্ল্যাট বাড়িতে বসবাসের সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বাসাবাড়িতে বসবাসকারী শিশুরা ফার্মের ব্রয়লার মুরগির মতো বেড়ে ওঠে এবং ফাস্ট ফুড খেয়ে মোটা হয়ে যায়। খেলাধুলা করার কোনো সুযোগ না থাকায় ওই শিশুদের কিছু করারও থাকে না।শিশুশ্রম বন্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে সব খাত থেকে শিশুশ্রম বিলোপ করা হবে। এরই মধ্যে শহরাঞ্চলের কর্মজীবী শিশুদের জন্য কর্মভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। শিশুদের যাতে কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী বলেন।’ তিনি আরও বলেন, জাতিসংঘের শিশু অধিকার ঘোষণা অনুযায়ী শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।অতীতে এ দেশের অনেক শিশু রাজনৈতিক নির্যাতন ও সন্ত্রাসের শিকার হওয়ার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের পর শুধু আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে মা-বাবার সামনে শত শত কন্যাশিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল। এ জন্য অবশ্যই অপরাধী ব্যক্তিদের শাস্তি ভোগ করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ২০১১ সালের মধ্যে শতভাগ শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করার কথা উল্লেখ করে তিনি স্কুল থেকে ঝরে পড়ার প্রবণতা বন্ধে সরকারের কর্মসূচিতে দেশের সামর্থ্যবান মানুষসহ ইউনিসেফের সহায়তা কামনা করেন।শেখ হাসিনা শিশুদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে এবং তাদের শারীরিক ও মানসিক পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জাতীয় শিশুনীতি, ২০১০-এর খসড়া প্রকাশ করেছে। এই নীতি চূড়ান্ত করার আগে তিনি সমাজের শ্রেণী ও পেশার মানুষের মতামত প্রত্যাশা করেন। শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি ও বলে’কে তিনি অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন।প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শিশুদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মাতৃস্নেহে তিনি কতিপয় শিশুকে আদর করেন।