শিশুদের ওপর যৌন নির্যাতন বাড়ছে
নারায়ণগঞ্জে চার বছরের এক শিশু ও অষ্টম শ্রেণীর এক ছাত্রী বন্ধুর বাসায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছিল এ বছরের জানুয়ারিতে। একই মাসে বাবা-মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশীর ধর্ষণের শিকার হয় গোপালগঞ্জ সদরের তৃতীয় শ্রেণীর এক শিশু। পাঁচ দিন নিখোঁজ থাকার পর রাজধানীর ট্রপিকানা টাওয়ারে কর্মজীবী শিশু ঋতুর লাশ উদ্ধার হয় ওই ভবনের বাথরুম থেকে। পুলিশ বলছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং দেশের শীর্ষ মানবাধিকার সংগঠনগুলো বলছে, শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। গত পাঁচ বছরে যত ধর্ষণের ঘটনা ঘটেছে, তার প্রায় ৬০ শতাংশের শিকার হয়েছে শিশুরা। নারী নির্যাতন প্রতিরোধকল্পে সরকারের মাল্টি সেক্টরাল প্রোগ্রামের তথ্য হলো, গত ১০ বছরে ধর্ষণসহ যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, তার ৬০ শতাংশ ক্ষেত্রে মামলা হয়নি। বিচারের হার এক শতাংশেরও কম। ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড সার্ভিসেসের পরিচালক ফস্টিনা পেরেরা প্রথম আলোকে বলেন, ‘শিশুদের জন্য পরিবেশ এখন আগের চেয়েও বেশি অনিরাপদ। শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সমাজের। কিন্তু সমাজ এগিয়ে আসছে না।’ জাতীয় সংসদের স্পিকার ও সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বলেন, ‘ধর্ষণের ঘটনায় শিশুদের আক্রান্ত হওয়ার হার উদ্বেগজনক। সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধনের চেষ্টা করছে।’ কন্যাশিশু অনিরাপদ: মানবাধিকার সংস্থা অধিকারের হিউম্যান রাইটস মনিটরিং রিপোর্ট অনুযায়ী ২০০৮ সালে ৪৫৪ জন ধর্ষণের শিকার হয়। এদের মধ্যে ২০২ জন নারী ও ২৫২ জন শিশু। ২০০৯ সালে ধর্ষণের শিকার ৪৫৬ জনের মধ্যে ২১৩ জন ছিল নারী ও ২৪৩ জন শিশু। ২০১২ সালে ধর্ষণের শিকার নারীর সংখ্যা ছিল ২৯৯ জন ও শিশু ৪৭৩ জন। আইন ও সালিশ কেন্দ্র বলছে, শুধু ২০১৩ সালের জানুয়ারিতে নয়জন নারী ও ২৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে আটটি শিশু গণধর্ষণের শিকার হয়। বিচার হয় না: মানবাধিকারকর্মী ও সমাজ বিশ্লেষকেরা মনে করেন, বিচার হয় না বলেই ধর্ষণের ঘটনা কমে না। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে যারা সহযোগিতা পেয়েছে, তাদের মামলাগুলোর কী অবস্থা, জানতে চাইলে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, গত ১০ বছরে ঢাকায় ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে তিন হাজার ৯৮০টি। মামলা হয়েছে এক হাজার ৫৫৬টি। শাস্তি হয়েছে ৪০টি ঘটনায়। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য হলো, রাজশাহীতে ধর্ষণসহ নারী নির্যাতনের চার হাজার ১৬৯টি ঘটনায় মামলা হয়েছে ৪১৪টি, শাস্তি হয়েছে ২৫ জনের। চট্টগ্রামে দুই হাজার ৩৭টি ঘটনায় মামলা হয়েছে ৪৯৯টি, শাস্তি হয়েছে পাঁচজনের। সিলেটে দুই হাজার ২১৯টি ঘটনায় মামলা ৩৮৬টি, শাস্তি হয়েছে দুটিতে। খুলনায় দুই হাজার ৩১টি ঘটনার মধ্যে ২৯৩টি মামলা হয়েছে, শাস্তি হয়েছে দুটিতে। বরিশালে এক হাজার ২০০টি ঘটনায় মামলা হয় ৩৫৩টি, শাস্তি হয়েছে চারটিতে। শিশু ধর্ষণের শিকার হয়েছে এমন কিছু পরিবার বলেছে, এ ক্ষেত্রে ১৮০ দিনের মধ্যে বিচার শেষ হওয়ার কথা থাকলেও বছরের পর বছর মামলা ঝুলতে থাকে। ২০১০ সালে ঢাকার কাছে আড়াই বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির পরিবার উত্তরাঞ্চলের একটি জেলা থেকে সে বছরই রাজধানীতে আসে। মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরে মামলা চলছে। কবে মামলা শেষ হবে, তা কেউ কচ্ছেও না।’ এ ছাড়া পুলিশের অসহযোগিতার অভিযোগও তুলেছে ভুক্তভোগী বেশ কিছু পরিবার। রংপুরের পীরগাছা উপজেলায় ধর্ষণের শিকার হয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে স্কুলছাত্রী আফরোজা আক্তার (১৪)। গত ২০ জানুয়ারি একই গ্রামের লেবু মিয়া মেয়েটিকে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ। পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। গত ৩০ জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের ছেলেকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের শিকার মেয়েটির মা জানান, মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। রাজধানীর ট্রপিকানা টাওয়ারে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রেও পুলিশ অভিযোগপত্র দায়ের করতে পারেনি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজির উদ্দিন বলেন, ৫৪ ধারায় কয়েকজনকে আটক করে হাজতে রাখা হয়েছিল। কিন্তু এরা প্রকৃত আসামি কি না, বোঝা যাচ্ছে না। ভবনের মালিক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শিশুটির মা। তাদেরও গ্রেপ্তার করেনি পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আলী আজগর বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশের তদন্ত শেষে মামলা যখন আদালতে গড়ায়, তখন প্রভাবশালীদের চাপে পড়ে অনেকে মামলা তুলে নিতে বাধ্য হয়। তখন রাষ্ট্রপক্ষের কিছু করার থাকে না। তিনি আরও বলেন, পুলিশ সাক্ষী হাজির করতে পারে না বলে অনেক সময় আসামি জামিনে বেরিয়ে আসে। ধর্ষণের সাজা ক্ষতিপূরণ অথবা বিয়ে: ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কর্মরত আইনজীবী ফাহমিদা খাতুন বলেন, ‘দেখা গেছে, সাধারণভাবে ১০ বছরের নিচে শিশুরা ধর্ষণের শিকার হলে বাবা-মা টাকার বিনিময়ে মীমাংসা করে ফেলেন। ১০ বছরের ওপরে মেয়েদের সঙ্গে ধর্ষকের বিয়ের ঘটনা ঘটে অহরহ। ২০১১ সালের ১৩ আগস্ট কেরানীগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং যথাসময়ে অভিযোগপত্রও দেয়। কিন্তু কিছুদিন পরই আক্রান্ত পরিবারটি মামলা তুলে নিতে চায়। পরে আমরা জানতে পারি, ধর্ষকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়েছে।’ [তথ্য দিয়ে সহায়তা করেছেন রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক আরিফুল হক ও পাটগ্রাম প্রতিনিধি এ বি সফিউল ইসলাম]