শিশুদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে যাঁরা অসামান্য অবদান রেখেছেন, তাঁদের জীবন সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি শিশুদের ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, ‘শিশুদের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দায়িত্ববান ও পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত হবে।’ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এ শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশের অশ্বারোহী বাহিনী ও আনসারের ব্যান্ডদল অংশ নেয়। প্রধানমন্ত্রী শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রচলিত প্রথা ভেঙে সুসজ্জিত জিপে না উঠে পায়ে হেঁটে তিনি প্যারেড পরিদর্শন করেন।প্রধানমন্ত্রী শিশুদের লেখাপড়ায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের ওপর আমাদের অনেক আশা। তোমরা পরিপূর্ণ মানুষ হয়ে এ দেশের নেতৃত্ব দেবে—এটাই আমার চাওয়া।’প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৩৯ বছর পরও আমাদের অনেক শিশুই শিক্ষাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই না, আর একটি শিশুও অযত্ন, অপুষ্টি আর অবহেলায় বেড়ে উঠুক।’ তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ভাগ্যোন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করব। আজকের শিশুরা সেদিন অনেক বড় হবে। তাই সেই সুদিনের জন্য আজকের শিশুদের প্রস্তুত হতে হবে।’প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে শিশুদের বলেন, ‘তোমাদের মতো আমারও একটি ছোট ভাই ছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা আমার মা-বাবাসহ ছোট ভাই রাসেলকেও হত্যা করে। আমি যখন তোমাদের মাঝে আসি, তখন আমি রাসেলকে তোমাদের মাঝে দেখতে পাই।’বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল: ভারতেশ্বরী হোমস, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ উচ্চবিদ্যালয় ও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল, উপজাতীয় কালচার একাডেমি, ইউসেফ, আজিমপুর গার্লস স্কুল, মতিঝিল বালক উচ্চবিদ্যালয়, আঞ্জুমানে মুফিদুল ইসলাম, কামারপাড়া উচ্চবিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, কেন্দ্রীয় মুকুল ফৌজ, ঢাকা ক্যাডেট মাদ্রাসা, সুরভি, উইলস লিটল ফাওয়ার স্কুল, উত্তরা হাইস্কুল, সিআরপি প্রি-ক্যাডেট, আগারগাঁও উচ্চবিদ্যালয়, রহমতউল্লা উচ্চবিদ্যালয়, বনানী বিদ্যানিকেতন, ইস্পাহানী স্কুল, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রভৃতি।