শিশুদের জন্য আনন্দময় পাঠ্যসূচি করতে প্রধানমন্ত্রীর আহ্বান
শিশুদের বইয়ের ভারে জর্জরিত না করে তাদের প্রয়োজনমতো আনন্দময় পাঠ্যসূচি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাম ও শহরের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কার করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বাচ্চাদের হাতে এত বেশি বই বা সিলেবাস বা এত জ্ঞান তো দেওয়ার দরকার নেই। যেটুকু তাদের জন্য প্রয়োজন, যেটুকু তারা গ্রহণ করতে পারবে, সেই পরিমাণ সিলেবাস দিয়ে তাদের শিক্ষাটা চালানোর ব্যবস্থা করা। আর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের জানা উচিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, একটা জাতি তার বিজয়ের ইতিহাস জানবে না, এটা তো সেই জাতির জন্য দুর্ভাগ্যজনক।’আজ বৃহস্পতিবার গণভবনে ২০১১ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এরপর ২০১০ শিক্ষাবর্ষের জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার সমন্বিত ফলাফল প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা বোর্ড-ভিত্তিক ফলাফলও তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেক স্কুল অবহেলিত। গ্রামে এবং ঢাকা শহরেও অনেক সরকারি প্রাইমারি স্কুল আছে, যেগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ, করুণ অবস্থা। খুঁজে খুঁজে দেখে সেগুলো যাতে ভালোভাবে চলে সেই ব্যবস্থা এবং এগুলোর মেরামত করা করতে হবে। প্রত্যেকটা স্কুলের পরিবেশ সুন্দর করা, শিক্ষার মানটা উন্নত করতে হবে।’