শিশুদের জন্য ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার শিশুদের জন্য এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না। বরং বিশ্বসভায় দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি এ লক্ষ্য অর্জনে সবার প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে অভিবাদন গ্রহণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় শিশু-কিশোর সমাবেশ উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় অভিবাদন মঞ্চে ভুটানের রাজা উপস্থিত ছিলেন। পুলিশের অশ্বারোহী বাহিনী, আনসারের ব্যান্ডদলসহ ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিশু-কিশোররা মনোরম কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ভুটানের রাজাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ার জন্য ভুটানের রাজা ও সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’শিশু-কিশোরদের জাতির ভবিষ্যত্ কর্ণধার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার কারিগর। সে জন্য প্রতিটি শিশুকে সুন্দর পরিবেশে ও সুষ্ঠুভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে, যাতে তারা শিক্ষাদীক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হয়ে ভবিষ্যতে জাতির দায়িত্ব গ্রহণ করতে পারে।’ প্রধানমন্ত্রী শিশুদের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং দেশ ও জাতির ঐতিহ্য, সংস্কৃতির কথা জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভুটানের রাজাকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক মানুষ কুচকাওয়াজ উপভোগ করেন। বাসস।