শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার চালুর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য মায়ের দুগ্ধপান নিশ্চিত করতে প্রতিটি অফিসে ডে কেয়ার সেন্টার চালুর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শপিংমল, রেলস্টেশন, বাস, লঞ্চ টার্মিনালসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে একটি করে মাদার সেন্টার চালুর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। খবর: বাসস।আজ রোববার ওসমানি স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রসূতিসেবা দেওয়ার জন্য সাতটি বিভাগের ২৭টি স্বাস্থ্যসেবা-সম্পর্কিত প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।প্রধানমন্ত্রী বলেন, গণমুখী স্বাস্থসেবা কার্যক্রমের আওতায় শিগগিরই সাড়ে ১৩ হাজার কমিউনিটি হেলথ প্রোভাইডার নিয়োগ দেওয়া হবে।এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেক প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার ও মৃত্যুহার কমানোর লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।প্রধানমন্ত্রী একজন গর্ভবতী মায়ের সুস্থ ও সুন্দর শিশু জন্মদানের লক্ষ্যে বিশেষ করে তাঁর স্বামী, শাশুড়ি, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সংশ্লিষ্ট সবাইকে গর্ভবতী মায়ের প্রতি যত্ন নেওয়ার অনুরোধ জানান।একজন মা তাঁর সন্তানকে যেন বেশি সময় বুকের দুধ পান করাতে এবং যত্ন নিতে পারেন, এ জন্য তিনি মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার ওপর গুরুত্বারোপ করেন।স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এ এফ এম রুহুল হক ও প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির বক্তৃতা করেন।