চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ‘শিশু শল্যচিকিৎসা’ বিভাগের একদল চিকিৎসক সেবার নেশায় ছুটে বেড়াচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে। হাজির হচ্ছেন দরিদ্র মানুষের দোরগোড়ায়। অস্ত্রোপচারের মাধ্যমে সারিয়ে তুলছেন অসহায় শিশুদের শারীরিক বৈকল্য। বিনা মূল্যের এই সেবা পেয়ে হতদরিদ্র অনেক শিশু সুস্থ হয়ে উঠেছে। পেয়েছেন সুন্দর জীবন গড়ার সুযোগ। যার হাত ধরে এই উদ্যোগ, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্যচিকিৎসা বিভাগের প্রধান তাহমিনা বানু।সরকারি হাসপাতালের চিকিৎসকদের অন্যত্র গিয়ে সেবা দেওয়ার নিয়ম নেই। তাই তাহমিনা বানু অনেক চেষ্টা-তদবির করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমোদন নেওয়ার ব্যবস্থা করেন ২০০৮ সালে জুলাই মাসে। মন্ত্রণালয় অনুমোদন দিলেও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেবা দেওয়ার জন্য কোনো বরাদ্দ করা হয়নি। সম্পূর্ণ নিজ উদ্যোগে, নিজের পয়সা খরচ করে গ্রামের মানুষের চিকিৎসাসেবা দিয়ে চলেছেন তাহমিনা। এই উদ্যোগের নাম দিয়েছেন ‘আউটরিচ মোবাইল সার্ভিস’। এই কর্মসূচির আওতায় আড়াই বছর ধরে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে সেবা দিয়ে যাচ্ছেন তিনি ও তাঁর সহকর্মীরা। যেদিন তাঁরা প্রত্যন্ত এলাকায় চিকিৎসাসেবা দিতে যান, সেদিন যাতে হাসপাতালে রোগী দেখা ও স্বাস্থ্যসেবায় কোনো সমস্যায় পড়তে না হয়, তার ব্যবস্থাও নিশ্চিত করা থাকে।তাহমিনা একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক। ১৯৯৩ সালে অনেকটা তাঁরই প্রচেষ্টায় গড়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্যচিকিৎসা বিভাগ। ওই বিভাগেই ডে কেয়ার সার্ভিস বা দিবাযত্ন সেবাও চালু করেন তিনি। শুরুর প্রেক্ষাপট: তাহমিনা বানু বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের বাইরে থেকেও অনেক রোগী আসে। ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী আসে। কিন্তু মেডিকেলেও পর্যাপ্ত শয্যা নেই। বিভাগের ১৫টি শয্যায় এত রোগীর সেবা দেওয়া কঠিন। তা ছাড়া অভিভাবকদেরও বিব্রত হতে হয় এখানে এসে। কারণ একটি বাচ্চার সঙ্গে আসেন তার বাবা-মা স্বজনসহ অনেকে। তাই এ বাড়তি চাপ কমানো এবং সার্জারি সম্পর্কে লোকজনকে সচেতন ও অহেতুক ভীতি দূর করার লক্ষ্যে আমরা ‘আউটরিচ মোবাইল সার্ভিস’ কার্যক্রম চালুর উদ্যোগ নিই। ২০০৮ সালের শেষার্ধে যাত্রা শুরু করে এ কর্মসূচি।অস্ত্রোপচার কেন্দ্র আছে এমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নেওয়া হয়। সাধারণত বছরের জুন-জুলাই মাসের দিকে এক বছরের কার্যক্রম জানিয়ে দেওয়া হয় স্বাস্থ্য পরিচালক ও সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে। এরপর প্রতি মাসের পূর্বনির্ধারিত দিনে ভ্রাম্যমাণ চিকিৎসা দল গিয়ে হাজির হয় নির্ধারিত উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে।আউটরিচ মোবাইল সার্ভিসে একদিন: গত ২৬ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত ভ্রাম্যমাণ অস্ত্রোপচার কর্মসূচিতে চার বছরের মেয়ে তোফাকে নিয়ে আসেন তার বাবা নান্টু মিয়া। মেয়ের জোড়া আঙুলের সমস্যা। কিন্তু অস্ত্রোপচারের অর্থ জোগাড় করতে না পারায় চিকিৎসা হয়নি এত দিন। ওই দিন বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয় তোফার। একই দিন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের গ্রাম আলীপুর থেকে অসুস্থ ছেলেকে নিয়ে আসেন মো. ইলিয়াস। মূত্রত্যাগে সমস্যা থাকায় তাঁর তিন বছরের ছেলে ইমতিয়াজের খতনা করানো হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাজিদ হাসানের। ওর বাবা হাটহাজারীর শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন বলেন, ‘এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার অনেক গরিব রোগী বিনা পয়সায় জটিল অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন। এমনকি এতে কোনো ঝুঁকিও পোহাতে হয় না। কারণ, চিকিৎসকদের আন্তরিকতা ও নিবিড় পর্যবেক্ষণ থাকে সর্বক্ষেত্রে।’এ সেবার আওতায় সাধারণত শিশুরাই চিকিৎসাসেবা পেয়ে থাকে। তাদের নানা ধরনের জন্মগত সমস্যা যেমন—টিউমার, অণ্ডকোষ, জোড়া আঙুল, ঠোঁট ও তালু কাটাসহ বিভিন্ন জটিল রোগের অস্ত্রোপচার করা হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনা, খেলতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনায় হাত-পাসহ শরীরের নানা অঙ্গ বিকল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও সেটা অস্ত্রোপচারের মাধ্যমে সারিয়ে তোলার চেষ্টা করেন প্রকল্পের চিকিৎসকেরা। ভ্রাম্যমান এ সেবা দলে থাকেন ১০ জন চিকিৎসক। এর মধ্যে দুজন অবেদনবিদ, ছয়জন শল্যচিকিৎসক, দুজন শিক্ষানবিশ চিকিৎসক। দলের সদস্যরা কিছু চিকিৎসা সরঞ্জাম সঙ্গে নিয়ে যান। অস্ত্রোপচারের সময় টুকিটাকি কিছু দরকার হলে কেবল সেগুলোই রোগীদের নিজ খরচে সংগ্রহ করতে হয়। ভ্রাম্যমাণ চিকিৎসাসেবায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি বলে জানান তাহমিনা বানু।তাহমিনা বানু বলেন, ‘২০০৯ সালে জুন মাসে আমরা গেলাম রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে। দেখলাম সেখানে অস্ত্রোপচারের সব আধুনিক ব্যবস্থাই আছে। কিন্তু দীর্ঘদিন এখানে কোনো অস্ত্রোপচার হয়নি। অকেজো হয়ে পড়েছিল অস্ত্রোপচার যন্ত্রটি। প্রায় ১৭ বছর পর আমরা গিয়ে সেটি চালু করি। সেখানেই ১৭টি অস্ত্রোপচার করেছি।’যেসব অঞ্চলে সেবা পৌঁছেছে: হিসাবে দেখা গেছে, গত আড়াই বছরে গ্রামে গিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে সাত জেলায়। এগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী ও নোয়াখালী। এসব জেলার মোট ২৪টি উপজেলায় এক হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে অস্ত্রোপচার করা হয়েছে চার শতাধিক শিশুর। এদের ফলো-আপ চিকিৎসাও চলছে।চিকিৎসার খরচ: ভ্রাম্যমাণ এই সেবা কর্মসূচির চিকিৎসকেরা কোনো ফি নেন না। দিনে দিনে ফেরা সম্ভব এমন জায়গায় এক দিনের এই কর্মসূচির জন্য ১০-১২ হাজার টাকা খরচ হয়। আর রাত যাপন করতে হবে—এমন জায়গায় গেলে খরচ হয় ১৫-১৬ হাজার টাকা। স্থানীয় অনেক প্রতিষ্ঠান চিকিৎসকদের থাকার জায়গা করে দেয়। আবার অনেক সময় চিকিৎসকদের নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করতে হয়। অনেক সময়ই নিজেদের গাড়িতে চড়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যান তাঁরা। এ কর্মসূচিতে গত আড়াই বছরে যা খরচ হয়েছে, তার পুরোটাই তাহমিনা বানু ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন বলে জানা গেছে। প্রত্যাশা: প্রত্যন্ত এলাকার শিশুদের সেবা দেওয়া এই চিকিৎসা দলের স্বপ্ন একটি ভ্রাম্যমাণ অপারেশন থিয়েটার সংগ্রহ করা। তাহমিনা বলেন, ‘একটি ভ্রাম্যমাণ অস্ত্রোপচার কেন্দ্র পাওয়া গেলে দেশের দুর্যোগ-দুর্বিপাক, বড় ধরনের কোনো দুর্ঘটনায় হতাহতদের দ্রুত চিকিৎসাসেবা দিয়ে বাঁচিয়ে তোলা সম্ভব।’ একটি গাড়ির মধ্যে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সাজানো এই ভ্রাম্যমাণ অস্ত্রোপচার কেন্দ্রের বিদেশে ব্যাপক প্রচলন আছে বলে তিনি জানান।চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব জানান, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মধ্যে এ ধরনের উদ্যোগ চট্টগ্রামেই প্রথম। এই সেবা কার্যক্রম তাহমিনা বানুর অক্লান্ত চেষ্টার ফসল। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে তিনি এর ব্যয়ভার বহন করছেন। এই কর্মসূচিতে সরকারি-বেসরকারি আর্থিক সহযোগিতা দেওয়া গেলে এই সেবা কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব।