শিশুদের ডায়াবেটিস বাড়ছে, প্রতিরোধে চাই খেলার মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরের ময়না বেগমকে যখন হাসপাতালে আনা হলো, তখন সে অচেতন। সিলেটের ভোলাগঞ্জে পাথর কুড়ানো মেয়েটি অনেক দিন ধরে খুব অস্বস্তিতে ছিল। খুব পানির পিপাসা পেত ওর, আর সারাক্ষণ পেটে খিদে। পাথরে পা কেটে গেল একদিন। কিন্তু কিছুতেই সেই ক্ষত আর সারে না। কী হলো কী হলো ভাবতে ভাবতেই দিন যায়, কোনো কিনারা করতে পারে না। একদিন অজ্ঞান হয়ে পড়ে যায় ময়না। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, ওর ডায়াবেটিস হয়েছে।রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকেরা বলেন, ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা করা না হলে মৃত্যু অবশ্যম্ভাবী। কৃত্রিম ইনসুলিন নিলে, চিকিৎসকের পরামর্শমতো খাওয়া-দাওয়া করলে আর দশটা শিশুর মতোই সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে। তবে প্রতিরোধে দরকার কায়িক শ্রম, দরকার খেলার মাঠ।গতকাল শনিবার বারডেম হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার আবদুল বাকী জানান, ময়নার মতো পাঁচটি শিশু ডায়াবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি। এদের মধ্যে দুই বছর বয়সী শিশুও আছে। কেউ শ্বাসকষ্ট, কেউ খিঁচুনি, কেউ কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই শিশুরা টাইপ-১ ডায়াবেটিসের রোগী।বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আযাদ খান প্রথম আলোকে বলেন, প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার যেমন বাড়ছে, তেমনি শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনাও বাড়ছে। দেশব্যাপী কোনো জরিপ না হলেও, চিকিৎসার প্রয়োজন এমন শিশুর সংখ্যা প্রায় ১৫ হাজার বলে অনুমান করা যায়।শিশুরা কেন আক্রান্ত হয়: বিশেষজ্ঞরা বলেন, কোনো কোনো শিশুর অগ্ন্যাশয়ে ইনসুলিন (হরমোন বা রস, যা রক্তে মেশে) তৈরি হয় না। এটি জন্মগত ত্রুটি। শক্তিকে যদি একটা তালাবদ্ধ দরজার সঙ্গে তুলনা করা হয়, তাহলে ইনসুলিন এর চাবি। খাবার গ্রহণের ফলে শরীর যে শর্করা পায়, ইনসুলিন তা টিস্যুতে (কোষসমষ্টি বা কলা) পৌঁছে দেয়। ইনসুলিনের কমতি হলে শর্করা টিস্যুতে না পৌঁছে সরাসরি রক্তে জমা হয়। পরে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এতে শরীর দুর্বল হয়ে পড়ে।বারডেমের চিকিৎসকেরা যুক্তরাষ্ট্রের প্রথিতযশা শিশুস্বাস্থ্য বিজ্ঞানী ডেভিড বার্কারকে উদ্ধৃত করে জানান, গর্ভকালীন মায়ের পুষ্টিচাহিদা পূরণ না হলে কম ওজনের শিশু জন্ম নেয়। এই শিশু জন্মের পর একটু বেশি খেলেই শরীরে ডায়াবেটিস দেখা দেয়। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের মানুষের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বেশি হওয়ার এটি অন্যতম কারণ। এ ছাড়া গর্ভকালীন মায়ের ডায়াবেটিস দেখা দিলে শিশুরও ডায়াবেটিসের ঝুঁকি থাকে।সাধারণত খাদ্যাভ্যাস ও জীবনাচরণের কারণে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। নতুন করে যে ডায়াবেটিস দেখা দিচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে টাইপ-২ ডায়াবেটিস বলছেন। আগে শিশুদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস দেখা যেত না।বারডেম হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া মহসীন প্রথম আলোকে বলেন, বয়ঃসন্ধির সময় শিশুরা মুটিয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এক গবেষণায় দেখা গেছে, দেশে অতিরিক্ত মুটিয়ে যাওয়া শিশুদের দুই ভাগ ডায়াবেটিসে আক্রান্ত এবং ১৭ ভাগ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। শহরের অবস্থাপন্ন শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে ভুগছে বেশি। তিনি বলেন, শহরের শিশুদের একটি বড় অংশ প্রচুর পরিমাণে ক্যালরিযুক্ত খাবার খাচ্ছে। কিন্তু ক্যালরি ঝরানোর জন্য পর্যাপ্ত কায়িক পরিশ্রম করছে না। স্কুলে, বাড়ির সামনে কিংবা পাড়ায় কোনো খেলার মাঠ না থাকায় শিশুরা সময় কাটাতে বাধ্য হচ্ছে টেলিভিশন দেখে, কিংবা কম্পিউটারে খেলে। এতে তারা মুটিয়ে যাচ্ছে।ডায়াবেটিসের লক্ষণ: চিকিৎসকেরা বলেছেন, শিশু যদি ঘন ঘন পানি পান করতে চায় এবং ঘন ঘন প্রস্রাব করে, তাহলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। শিশুটির ক্রমশ শুকিয়ে যাওয়াও ডায়াবেটিসের লক্ষণ। প্রাপ্তবয়স্কদের চেয়ে দ্রুত শিশুদের শারীরিক অবস্থা খারাপ হয়।চিকিৎসা: বয়স্কদের মতো শিশুদের ডায়াবেটিস ভালো হয় না, তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসে আক্রান্ত শিশুদেরও খাওয়া-দাওয়া ও জীবনযাপন প্রণালি সুশৃঙ্খল হতে হয়। চিকিৎসকেরা মিষ্টি পরিহার না করে পরিমিত খাওয়ার পরামর্শ দিয়েছেন। ঝুঁকি এড়াতে ফাস্টফুড, চিপস, কোমল পানীয় পরিহার করার পরামর্শ দিয়েছেন বারডেমের চিকিৎসকেরা।