শিশুদের পড়ার চাপ কমানোর কথা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আর এ লক্ষ্যে সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ‘আমরা এবারের বাজেটে শিক্ষা খাতকে সবচেয়ে প্রাধান্য দিয়েছি। আগামীতে এ বরাদ্দ আরও বাড়ানো হবে।’প্রাথমিক শিক্ষায় যে সিলেবাস, তা অনেক বেশি বলে প্রধানমন্ত্রী বলেন, এ শিশুদের এত বেশি সিলেবাসের দরকার নেই। কতগুলো বইয়ের বোঝা চাপিয়ে দিলেই শিশুরা পণ্ডিত হয়ে যায় না বলে তিনি মন্তব্য করেন।জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১০-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘দিনবদলের দিচ্ছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া’—এই স্লোগান নিয়ে এবারের শিক্ষা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থী যেন অবহেলিত না হয়, সেদিকে সরকার সব সময় সজাগ থাকবে।’ তিনি বলেন, সাক্ষরতার হার বৃদ্ধি না পাওয়ার একটি বড় কারণ দারিদ্র্য। তাই প্রতিটি শিশু যেন স্কুলে যায়, এ জন্য এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুলের প্রথম দিনই হাতে বই পেয়েছে। তবে বইয়ের মান আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক-সংকট দূর করতে ইতিমধ্যে ২০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আরও ২২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এক হাজার প্রধান শিক্ষককে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকের প্রশিক্ষণের ওপর নজর দিতে হবে।ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পদক তুলে দেন। এরপর প্রধানমন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।