একদল শিশু ছবিতে রং করছে। সবার গায়ে ঝকঝকে পোশাক। তাদের পাশেই আবার দেখা গেল কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুকে। এই শিশুদের গায়ের পোশাক ময়লা, ছেঁড়াফাটা। তবে কারও মধ্যেই আনন্দের কমতি নেই। ওরা সবাই হালুম, ইকরি, টুকটুকি, সিকুর ছবিতে রং করছে। হালুমদের নিশ্চয়ই চিনতে কষ্ট হচ্ছে না কারও। হ্যাঁ, জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক সিসিমপুর-এর চরিত্র হচ্ছে ওরা। ছবিতে রং করার পাশাপাশি কোনো কোনো শিশু ছবিও তুলছে। তাদের ক্যামেরায় উঠে আসছে হালুমদের বড় বড় প্রতিকৃতি; যেগুলো রাখা হয়েছে পাশেই। এ ছাড়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে সিসিমপুর। শিশুদের জন্য এই আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে। অগ্রণী ব্যাংক লিমিটেডের সহায়তায় এখানকার মূল আয়োজন হচ্ছে ‘বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা ২০১১’।এই মেলার প্রতিপাদ্য হচ্ছে—‘দিন বদলে শরিক হই/ গড়তে দেশ পড়ব বই’। একাডেমীর উদ্যোগে শিশুদের জন্য এই প্রথম এত বড় বইমেলার আয়োজন করা হয়েছে।এ বইমেলা সম্পর্কে শিশুতোষ পত্রিকা টইটম্বুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক নাওশেবা সবিহ্ বলেন, একুশে গ্রন্থমেলাসহ যত বইমেলা হয়, তাতে থাকে বড়দের প্রাধান্য। ছোটদের একটি মেলার খুবই প্রয়োজন ছিল। যেখানে তারা নিজেদের মতো করে ঘুরবে, ইচ্ছেমতো বই কিনবে। তিনি আরও বলেন, ‘শিশুসাহিত্যের মিলনমেলা হয়ে উঠতে পারে এই মেলা। আর কারা কারা শিশুসাহিত্য নিয়ে কাজ করছে, সেটাও পরিষ্কার হয়ে যাবে এ মেলায়।’মেলা প্রাঙ্গণে মোট ৮৫টি স্টল রয়েছে। সবগুলোই শিশুদের বইয়ে ঠাসা। শুধু কি বই, বইয়ের পাশাপাশি রয়েছে শিশুদের উপযোগী আরও কিছু স্টল। ‘বই তো পড়তেই হবে। এর বাইরে শিশুদের যে আলাদা একটা জগৎ রয়েছে, যেখানে চলচ্চিত্রের ব্যাপক প্রভাব রয়েছে। শিশুতোষ চলচ্চিত্র আনন্দ এবং শিক্ষা দুটোই দিচ্ছে তাদের।’ বলছিলেন চিলড্রেন মুভি ক্লাবের পরিচালক আবদুল্লাহ হাসান। তাঁদের স্টলে শিশুতোষ চলচ্চিত্রের ওপর কর্মশালার খবর ছাড়াও আছে বই ও ডিভিডি।অন্যদিকে টোনাটুনির স্টলে রয়েছে শিশুদের মজার মজার সব ডিভিডি। বংশালের আফরোজা রহমান ছোট মেয়েকে নিয়ে মেলায় হাঁটছিলেন। তিনি বলেন, ‘শুধু বাচ্চাদের জন্য একটি বইমেলা, ভাবতেই ভালো লাগছে। একুশের মেলায় বই বাছাই করার কোনো সুযোগ থাকে না। এখানে পছন্দ করে বই কিনতে পারছি। খোলামেলা একটা পরিবেশও আছে এখানে।’শিশুদের বইমেলায় শিশুদের বই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কয়েকটি স্টলে রয়েছে বড়দের বই; যেসব বই ছোটদের জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এখানে ছোটদের বই ছাড়া অন্য কোনো বই থাকা উচিত নয় বলে মনে করেন তরুণ লেখক আদিত্য রূপু।শিশুদের বইমেলা এখনো জমে ওঠেনি। তবে সবাই আশা করছেন, গণমাধ্যমে প্রচার পেলে মেলাটি জমে উঠবে। এখনো নগরের বেশির ভাগ মানুষ জানে না, শিশুদের জন্য একটি মেলা হচ্ছে। যদি সবাই না জানে, তাহলে আয়োজন করে লাভ কী? এমনটাই মনে করেন জয়তী পাবলিশার্সের পরিচালক সাদ্দাম হোসেন।এদিকে ছোটদের বইয়ের প্রকাশক আবু হাসান শাহীন বলেন, ‘প্রচার তো রয়েছেই। এটি একটি ব্যতিক্রম বইমেলা। ছোটদের জন্য এমন একটি মেলা জরুরি ছিল। মেলা জমে উঠতে একটু সময় লাগবে। এ জন্য প্রকাশক ও আয়োজকদের ধৈর্য ধরতে হবে। যেন প্রতিবছর মেলার আয়োজন করা হয়।’ তবে শিক্ষার্থীদের পরীক্ষা এবং বৃষ্টির মৌসুমে যাতে মেলা না করা হয়, সে বিষয়টিও মাথায় রাখতে হবে বলে তিনি জানান।শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা ও বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করাই মেলার উদ্দেশ্য। ‘শিশুবান্ধব একটি মেলা হচ্ছে এটি। যেখানে সবকিছুই শিশুদের জন্য। আগামী বছর থেকে এটি জাতীয় একটি মেলায় পরিণত হবে।’ বলছিলেন বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা ২০১১ কমিটির সদস্যসচিব শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ। মেলায় বড়দের বই প্রসঙ্গে তিনি বলেন, ‘যেসব স্টলে শিশুদের উপযোগী বই ছাড়া অন্য বই পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেলে থাকছে শিশুসাহিত্য নিয়ে আলোচনা। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের জন্য চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে মেলায়। মেলা প্রাঙ্গণের পেছনে রয়েছে শিশু একাডেমীর পার্ক; যেখানে শিশুদের জন্য দোলনা, স্লিপার্স রয়েছে। বই কেনার পাশাপাশি ইচ্ছে হলেএকটু দোল খেতে পারবে যে কেউ। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকছে। আর ছুটির দিন খোলা থাকছে বেলা ১১টা থেকে। শিশুদের এই মিলনমেলা শেষ হবে ২৬ মার্চ।