শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে সংসদে উত্থাপিত ‘শিশু বিল-২০১৩’-এ সুনির্দিষ্ট বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। এ ছাড়া মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধে বিধান রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘শিশু বিল-২০১৩’ নিয়ে আলোচনা হয়। শিশুদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে গত ৩০ এপ্রিল বিলটি সংসদে উত্থাপিত হয়। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।সংসদীয় কমিটি জানায়, কমিটিতে উত্থাপিত বিষয়গুলো সংযোজন করে আগামী ৫ জুন কমিটির বৈঠকে বিলটি আবার উত্থাপন করা হবে। বৈঠক শেষে কমিটির সদস্য অপু উকিল বলেন, ‘সংসদে উত্থাপিত বিলে শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে কোনো বিধান ছিল না। এই বিধান বিলে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।’প্রস্তাবিত আইনে প্রত্যেক থানায় একটি করে শিশু ডেস্ক গঠন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক থানায় উপপরিদর্শক পদমর্যাদার একজনকে শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার বিধান রাখা হয়েছে।বিলে আলাদা শিশু আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করে বলা হয়, ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোনো মামলায় জড়িত থাকলে, যেকোনো আইনের অধীনেই হোক না কেন, ওই মামলা বিচারের এখতিয়ার কেবল শিশু আদালতের থাকবে।’বিলে কোনো অপরাধের ক্ষেত্রে শিশু অপরাধী ও প্রাপ্তবয়স্ক অপরাধীর বিরুদ্ধে একসঙ্গে অভিযোগপত্র না দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া যেকোনো মামলায় শিশুকে অবশ্যই জামিন দেওয়ার বিধান রাখা হয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, শিশু আদালত শিশুর প্রথম উপস্থিতির তারিখ থেকে ৩৬০ দিনের মধ্যে বিচার শেষ করবে। তবে প্রয়োজনে আরও ৬০ দিন সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিলে বলা হয়েছে, কোনো আদালত শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড দিতে পারবেন না। আরও বলা হয়েছে, নয় বছরের নিচের কোনো শিশুকে কোনো অবস্থায়ই গ্রেপ্তার বা আটক রাখা যাবে না। নয় বছরের বেশি বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার বা আটক করা হলে তার হাতকড়া বা কোমরে দড়ি পরানো যাবে না।প্রস্তাবিত আইনের অধীন শিশুদের সুরক্ষা দিতে প্রত্যেক জেলা-উপজেলা-মেট্রোপলিটন এলাকায় প্রবেশন কর্মকর্তা নিয়োগের বিধান রাখা হয়েছে।বিলে বলা হয়েছে, এই আইনে বিচারাধীন কোনো মামলা বা বিচারের কার্যক্রম সম্পর্কে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে কোনো শিশুর স্বার্থের পরিপন্থী কোনো প্রতিবেদন, ছবি বা তথ্য প্রকাশ করা যাবে না, যার দ্বারা শিশুটিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শনাক্ত করা যায়।এই বিধান লঙ্ঘন করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের শাস্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ‘সময়ের বিবর্তনে শিশুর সুরক্ষা, অধিকার উন্নয়ন ও বিকাশের বহুমাত্রিকতা, আন্তর্জাতিক প্রবণতা বিবেচনায় ‘শিশু আইন-১৯৭৪’ যুগোপযোগী করা প্রয়োজন।’