শিশুনীতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন করা হবে
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী বলেছেন, যেকোনো সিদ্ধান্ত নিতে খসড়া শিশুনীতি ২০১০ নির্দেশনা হিসেবে কাজ করবে। এই নীতিমালা বাস্তবায়নের জন্য যেসব আইন করা দরকার, সেগুলো পর্যায়ক্রমে করা হবে। আজ বৃহস্পতিবার দপুর ১২টার দিকে রাজধানীর বিয়াম মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় খসড়া শিশুনীতি ২০১০-এর পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।পর্যালোচনা সভায় বিভিন্ন দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা খসড়া শিশুনীতি নিয়ে আলোচনা করেন। তাঁরা শিশুনীতির সুপারিশমালা মন্ত্রণালয়ে জমা দেন। সুপারিশে শিশুনীতি বাস্তবায়নের সময় নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানানো হয়।অনুষ্ঠানে সভাপতি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা, পর্যালোচনার মাধ্যমে একটি নিখুঁত শিশুনীতি তৈরির জন্য মন্ত্রণালয় এ ধরনের অনুষ্ঠান স্থানীয় ও জাতীয় পর্যায়ে করছে।