শিশুমৃত্যুর অন্যতম কারণ অপরিণত জন্ম
পিংকি বেগমের সদ্যভূমিষ্ঠ সন্তানকে নিয়ে পরিবারের এক বয়োজ্যেষ্ঠ নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসবকক্ষ থেকে নবজাতক ইউনিটে ছুটছেন। ১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে তিনটা। বাইরে পরিবারের অন্য সদস্যদের রুদ্ধশ্বাস প্রতীক্ষা। মিনিট দশেক পর বৃদ্ধা ফিরে এলেন শিশুকে বুকে চেপে। ততক্ষণে শিশুটি মৃত। পিংকির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটি নির্দিষ্ট সময়ের আগে জন্মেছিল। বিশেষজ্ঞরা বলছেন, ৩৭ সপ্তাহ গর্ভে থাকার আগে জন্ম নিলে সে ‘সময়ের আগে জন্মানো শিশু’ (প্রি-টার্ম বেবি)। জরায়ুর ভেতর এসব শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত ও ওজন কম হয়।শিশুস্বাস্থ্য নিয়ে পরিচালিত সরকারের কর্মসূচির (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস-আইএমসিআই) উপ-কর্মসূচি ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন বলেন, যত নবজাতক মারা যায় তাদের ১১ শতাংশ সময়ের আগে অল্প ওজন নিয়ে জন্মায়। এক হাজার ৮০০ গ্রামের কম ওজনের শিশুদের জীবন বাঁচাতে হাসপাতালে ভর্তি করা জরুরি। অনেক শিশু এক হাজার ৫০০ গ্রামের কম ওজন নিয়ে জন্মায়। তাদের মৃত্যুর ঝুঁকি বেশি।বিশেষজ্ঞরা বলছেন, সময়ের আগে কম ওজন নিয়ে জন্মানো নবজাতকের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে। শিশুমৃত্যুর হার কমানোর সহস্রাব্দের লক্ষ্যমাত্রা পূরণে এসব শিশুকে বাঁচিয়ে রাখা জরুরি। কেন মৃত্যুর ঝুঁকি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক ও ‘হেল্পিং বেবিজ ব্রিদ’ কর্মসূচির প্রধান প্রশিক্ষক সঞ্জয় কুমার দে বলেন, সময়ের আগে জন্মানো শিশুর সব অঙ্গপ্রত্যঙ্গই অপরিণত থাকে। শরীরে যে পরিমাণ তাপ থাকা দরকার তাদের তা থাকে না। দুধ চুষে খাওয়ার ক্ষমতা থাকে না বলে খাবার পাকস্থলীতে না গিয়ে ফুসফুসে চলে যায়। শিশুর শ্বাস বন্ধ হয়ে যায়। চিকিৎসকেরা বলছেন, অপরিণত নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। প্রাপ্তবয়স্কদের একটি অঙ্গে সংক্রমণ হতে পারে, অপরিণত নবজাতকদের সারা শরীরে সংক্রমণ হয় (সেপটিসেমিয়া)। এরা জন্ডিসে আক্রান্ত হয় বেশি। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস-এর এক গবেষণা প্রবন্ধ বলছে, অপরিণত শিশুদের অনেকেরই স্নায়ুতন্ত্রের সমস্যা হয়। প্রবন্ধকার নায়লা জামান চৌধুরী ঢাকা শিশু হাসপাতালে ডিসেম্বর ১৯৯৮ থেকে জুলাই ২০০৩ সাল পর্যন্ত চিকিৎসা নিতে আসা শিশুদের ওপর গবেষণা কাজটি করেন।কী কারণে এমন শিশু: একাধিক গবেষণায় দেখা গেছে, ১৮ বছরের নিচে ও ৪০ বছরের ওপরে যেসব নারী গর্ভধারণ করেন, তাঁরা অপরিণত শিশুর জন্ম দেন বেশি।ওয়াশিংটন ইউনিভার্সিটির স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের এক গবেষণায় (প্রিভেনটিং প্রিটার্ম বার্থ অ্যান্ড নিওনেটাল মর্টালিটি: এক্সপ্লোরিং দ্য এপিডেমিওলোজি, কজেস অ্যান্ড ইন্টারভেনশনস) অপরিণত শিশুর জন্মের প্রধান কারণ মায়ের সংক্রমণ। এতে বলা হয়েছে, ৫০ ভাগ ক্ষেত্রে সংক্রমণের কারণে মাতৃগর্ভে ২৮ সপ্তাহ থাকার আগে শিশুর জন্ম হতে পারে। গবেষণায় ম্যালেরিয়া ও ম্যালেরিয়ার কারণে রক্তস্বল্পতা ও গর্ভফুলে সংক্রমণ, সিফিলিস, অ্যাক্লামশিয়া, মায়ের অতিরিক্ত পরিশ্রম ও দূষণের কারণে অপরিণত শিশু জন্মায় বলে উল্লেখ আছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও আয়ারল্যান্ডের ডাবলিনে দুই বছর ধরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে ঢোকার আগে ও পরে ধূমপান নিষিদ্ধ করায় অপরিণত শিশু জন্মের হার ২৫ শতাংশ কমেছে। সিডিসি বলেছে, অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ডায়াবেটিসের কারণেও অপরিণত শিশু জন্মাতে পারে। বাংলাদেশে সময়ের আগে সন্তান জন্ম দেওয়ার প্রধান কারণ অপুষ্টি ও অতিরিক্ত পরিশ্রম বলে মনে করেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ বায়েছ ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, অপুষ্টিতে আক্রান্ত মায়েদের জরায়ু অনেক সময় ৩৭ সপ্তাহ সন্তান ধরে রাখতে পারে না। এ ছাড়া যেসব মা অতিরিক্ত পরিশ্রম করেন তাদের জরায়ুর দ্রুত সংকোচন হয়। ফলে সন্তান দ্রুত ভূমিষ্ঠ হয়। পুষ্টিবিদ এস কে রায় বলেন, অপুষ্টিতে আক্রান্ত মেয়েদের জরায়ু দুর্বল। অন্যদিকে অপুষ্টির সঙ্গে সংক্রমণের সম্পর্ক আছে। অপুষ্টিতে আক্রান্ত মায়েদের অপরিণত শিশু জন্ম দেওয়ার হার বেশি। সেবা পরিস্থিতি: জাতিসংঘ শিশু তহবিলের ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০১১’ অনুযায়ী, বাংলাদেশে প্রতি হাজার জীবিত জন্মে ২২টি শিশু সময়ের আগে কম ওজন নিয়ে জন্মায়। ১১ শতাংশ শিশু অপরিণত জন্ম ও কম ওজনের কারণে মারা যায়, সংক্রমণে মারা যায় ৩৪ শতাংশ। সংক্রমণে মারা যাওয়া শিশুদের অর্ধেকই অপরিণত অবস্থায় জন্মায়। এককভাবে নবজাতক মৃত্যুর অন্যতম প্রধান কারণ সময়ের আগে অল্প ওজন নিয়ে জন্ম নেওয়া। জাতীয় নবজাতক স্বাস্থ্য কৌশল-২০০৯ অনুযায়ী, ৩৪ সপ্তাহের নিচে ১৮০০ গ্রামের কম ওজন নিয়ে জন্মালে সেই শিশুকে হাসপাতালে নিতে হবে। কিন্তু উপজেলা স্বাস্থ্যকেন্দ্র দূরে থাক জেলা হাসপাতালগুলোতেও এই শিশুদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে চারটি ইনকিউবেটর ও ২১টি শয্যা থাকলেও কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাসের ভেন্টিলেটর নেই। প্রতিষ্ঠানের পরিচালক শহীদুল হক মল্লিক বলেন, হাসপাতালে গড়ে ২০টি অস্ত্রোপচার হলে কমপক্ষে পাঁচটি শিশুর বাড়তি যত্নের প্রয়োজন হয়। ১৫ ডিসেম্বর ওই হাসপাতালে মিনারা বেগম নামের এক নারী বলেন, তাঁর নাতিকে অন্য জায়গায় নিতে হচ্ছে ভেন্টিলেটর নেই বলে।বিএসএমএমইউতে এমন শিশুদের জন্য ১৮টি শয্যা আছে। ঢাকা শিশু হাসপাতালে নবজাতকদের জন্য আলাদা ইউনিট আছে। সরকারি কর্মকর্তারা বলছেন, অপরিণত শিশুকে বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগ মায়েদের সচেতন করার মধ্যেই সীমাবদ্ধ। আইএমসিআই কর্মসূচির আওতায় ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ পদ্ধতিকে জনপ্রিয় করার চেষ্টা চলছে। এ পদ্ধতিতে মাকে তাঁর অনাবৃত বুকে সন্তানকে চেপে ধরতে বলা হয় শিশুর শরীরের তাপমাত্রা বাড়ানোর জন্য।