শিশুমৃত্যুর হার কমিয়েছে ইপিআই
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘের শিশু তহবিল বলেছে, এমডিজি-৪-এ শিশুমৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা পূরণে এগিয়ে চলেছে বিশ্বের মাত্র সাতটি দেশ। দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৯০ সালে বাংলাদেশে প্রতি হাজারে ১৫১ জন শিশু মারা যেত, এখন এই হার হাজারে ৬৫। স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) মনে করে, সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ও ডায়রিয়ার চিকিৎসা নিশ্চিত করায় বাংলাদেশ এ সাফল্য পেয়েছে। ইউনিসেফ বলেছে, শুধু রাজনৈতিক সদিচ্ছা ও কর্মসূচির যথাযথ বাস্তবায়ন হলে যে এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, শিশুমৃত্যুর হার কমিয়ে আনায় বাংলাদেশের সাফল্য এর প্রমাণ।স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, শিশুমৃত্যু রোধে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার সব কটিই ছিল খুবই কার্যকরী। শিশুমৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। এখন নবজাতক ও এক বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমিয়ে আনতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে।গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইপিআই: স্বাস্থ্য অধিদপ্তরের শিশুস্বাস্থ্য ইউনিটের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল জলিল মণ্ডল গতকাল প্রথম আলোকে বলেন, শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইপিআই। ১৯৭৯ সালে শিশুদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হলেও নব্বইয়ের দশকে বিপুলসংখ্যক শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়। ফলে পাঁচ বছরের কম বয়সী অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৯ সালে ৭৫ শতাংশ শিশুকেই সব টিকা দেওয়া হয়েছে। ছয়টি রোগের টিকার পাশাপাশি ২০০৫ সাল থেকে হেপাটাইটিস-বি ও ২০০৯ সালে নিউমোনিয়া রোধে হিব ভ্যাকসিন যুক্ত হয়েছে। নতুন দুটি টিকা শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনবে।বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ১৯৮৫ সালেও ১২ থেকে ২৩ মাস বয়সী শিশুর মধ্যে মাত্র ২ শতাংশ ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষ্মা, হাম, পোলিও ও ধনুষ্টঙ্কারের টিকা নিত। এসব রোগে অনেক শিশু মারা যেত। নব্বইয়ের দশক থেকে শিশুমৃত্যুর হার কমাতে সরকারগুলো বিশেষ মনোযোগ দেয় এবং সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সুফল পাওয়া যায়। সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ প্রতিরোধযোগ্য এসব রোগ নির্মূলে এখনো একযোগে কাজ করছে। ইউনিসেফ বলেছে, ১৯৮৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ইপিআই কার্যক্রম সফল হওয়ায় ২০ লাখ শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। প্রতিবছর দুই লাখ শিশুর জীবন রক্ষা করছে ইপিআই।স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ সূত্র জানায়, এমডিজির লক্ষ্য অর্জনে ব্যাপকভিত্তিক কর্মসূচি এখনো নেওয়া হচ্ছে। পোলিও নির্মূলে বাংলাদেশ ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৮টি জাতীয় টিকাদান কর্মসূচি পালন করে। এর বাইরে আরও দুটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়। চলতি বছর ৯৬ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। দেশে নয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকাদান কর্মসূচিকে বিশ্বের অন্যতম বৃহত্তম কর্মসূচি বলে মনে করে ইউনিসেফ। হাম ও পোলিও নিয়ন্ত্রণে এ বছরের ফেব্রুয়ারিতে আরও একটি বিশেষ কর্মসূচি নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কর্মসূচিতে দুই সপ্তাহ ধরে সারা দেশের এক লাখ ২০ হাজার কেন্দ্রে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ৯৮ শতাংশকে হামের টিকা দেওয়া ও পোলিও টিকা খাওয়ানো হয়। কর্মসূচিতে অংশ নেন ৫০ হাজার স্বাস্থ্যকর্মী ও ছয় লাখ স্বেচ্ছাসেবক।ডায়রিয়ায় শিশুমৃত্যু কমেছে: আইসিডিডিআরবি মনে করে, খাওয়ার স্যালাইন ডায়রিয়ায় শিশুমৃত্যুর হার কমিয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৯৩-৯৪ সালে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ৫০ শতাংশ স্যালাইন খেত, এখন স্যালাইন খাচ্ছে ৭৭ শতাংশ শিশু।আইসিডিডিআরবির শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান শামস এল আরেফিন বলেন, ‘অনেক বিষয় মিলিতভাবে কাজ করেছে বলেই আজ আমাদের এই অর্জন। আশির দশকে বাড়ি বাড়ি গিয়ে স্যালাইন তৈরির প্রক্রিয়া শেখানো হতো। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে, এ সম্পর্কে গত দুই দশকে প্রায় সবাইকেই সচেতন করা সম্ভব হয়েছে। এখন খাওয়ার স্যালাইন পাওয়া যাচ্ছে সব জায়গায়। ফলে ডায়রিয়ায় শিশুমৃত্যু অনেক কমে এসেছে।’নবজাতক ও এক বছরের কম বয়সী শিশুমৃত্যু হার উদ্বেগজনক: ইউনিসেফের শিশু সুরক্ষা প্রকল্পের কর্মকর্তা সুমনা সাফিনাজ প্রথম আলোকে বলেন, মোটা দাগে শিশুমৃত্যুর হার কমে এলেও পুরো দেশের চিত্র এক নয়। বেশ কিছু অনগ্রসর জেলা ও অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারগুলোতে এখনো শিশুমৃত্যুর হার রীতিমতো উদ্বেগজনক। এখনো চরম দারিদ্র্যের শিকার পরিবারগুলোয় প্রতি হাজারে ৮৬ জন শিশু মারা যাচ্ছে। ধনী পরিবারগুলোয় এই হার ৪৩ শতাংশ।এ ছাড়া ২০০৯ সালে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত ‘প্রগতির পথে’ শীর্ষক প্রতিবেদনে শিশুমৃত্যুর ক্ষেত্রে বিভিন্ন জেলার মধ্যে পার্থক্য দেখা গেছে। যেমন—শেরপুরে প্রতি হাজারে ১০২ জন শিশু মারা গেলেও পাবনায় এই হার ছিল হাজারে ৪৩।বিশ্লেষকেরা মনে করেন, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হলেও জন্মের ২৮ দিন ও পরের এক বছর বয়স পর্যন্ত শিশুমৃত্যুর হার কমার ধারা এখনো সন্তোষজনক নয়। এখনো এক বছর বয়সের শিশুদের মধ্যে প্রতি হাজারে ৫২ জন এবং এক মাস বয়সী ৩৭ জন শিশু মারা যাচ্ছে। এ ছাড়া এক মাসের কম বয়সী ১৪ জন শিশু প্রতিদিন মারা যাচ্ছে, বছরে এই সংখ্যা এক লাখ ২০ হাজার।নবজাতককে বাঁচাতে প্রয়োজন নিরাপদ মাতৃত্ব: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নবজাতক ও এক বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার কমাতে প্রয়োজন নিরাপদ মাতৃত্বের নিশ্চয়তা। এখনো ৮৫ শতাংশ শিশুর জন্ম হচ্ছে বাড়িতে অদক্ষ দাইয়ের হাতে। জন্মের পর সংক্রামক ব্যাধি ও অক্সিজেনের অভাবজনিত কারণে শিশুরা মারা যাচ্ছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৮২টি উপজেলার মধ্যে ১৩২টিতে সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে। তবে এগুলোরও সব কার্যকর নেই।স্বাস্থ্য অধিদপ্তরের প্রজননস্বাস্থ্য বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক কাজী হাবিবুর রহমান জানান, এই ১৩২টি স্বাস্থ্য কমপ্লেক্সকেই সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া গর্ভাবস্থা থেকে সন্তান প্রসব-পরবর্তী সময়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাকে অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৩৫টি উপজেলায়। আরও ১৮টি উপজেলায় এ উদ্যোগ নেওয়া হবে।