গবেষণার তথ্য <br> আইসিডিডিআরবি তিন বছর ধরে এ নিয়ে গবেষণা করেছে
শিশুর ডায়রিয়া কমাবে টিকা
‘রোটাভাইরাস টিকা’ দিয়ে দুই বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হার ও মৃত্যু প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এক গবেষণায় এ বিষয়টি প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) তিন বছর ধরে এ গবেষণা করেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে এ গবেষণার ফলাফল বিশ্বখ্যাত স্বাস্থ্য ও চিকিত্সা সাময়িকী ল্যানসেট্-এ প্রকাশিত হয়েছে।গবেষণাটি একই সঙ্গে বাংলাদেশ ও ভিয়েতনামে হয়েছে। রোটাভাইরাস টিকার কার্যকারিতা নিয়ে এশিয়ায় এর আগে গবেষণা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী রোটাভাইরাস টিকা ব্যবহারের যে সুপারিশ করেছিল, এ গবেষণার ফলে তা বাস্তবায়ন সম্ভব হবে।শিশুদের ডায়রিয়া প্রতিরোধে টিকার ব্যবহার নিয়ে গবেষণা করছেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ গবেষক কে জামান। তিনি প্রথম আলোকে বলেন, শিশুরা একাধিক কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে রোটাভাইরাস অন্যতম। দুই বছরের কম বয়সী শিশুরা সাধারণত শীতকালে এ ভাইরাসে আক্রান্ত হয়। অনেক অঞ্চলে শিশুর এই ডায়রিয়াকে বলে ‘দুধ-হাগা’। প্রতিবছর এ ডায়রিয়ায় কয়েক লাখ শিশু আক্রান্ত হয়, আক্রান্তদের মধ্যে মারা যায় প্রায় ২০ হাজার। রোটাভাইরাস টিকা ব্যবহার করে আক্রান্ত হওয়ার হার ও মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।ল্যানসেট্-এর ৬ আগস্ট সংখ্যায় প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, পৃথিবীজুড়ে নবজাতক ও শিশুদের মৃত্যুর অন্যতম কারণ রোটাভাইরাসজনিত পেটের পীড়া, অর্থাত্ ডায়রিয়া। আফ্রিকা ও এশিয়ায় এর প্রকোপ উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। রোটাভাইরাস টিকার কার্যকারিতা উন্নত বিশ্বে ও আফ্রিকায় পরীক্ষা করে দেখা হয়েছিল। কিন্তু এশিয়ায় এ নিয়ে কোনো গবেষণা হয়নি।কে জামান বলেন, যুক্তরাষ্ট্রে রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত যে সংখ্যক শিশু হাসপাতালে আসত, টিকা ব্যবহার শুরু হওয়ার পর থেকে এ সংখ্যা অর্ধেক কমে গেছে। এ টিকা ব্যবহার শুরু হওয়ায় মেক্সিকোতে ডায়রিয়ায় শিশুমৃত্যু ৬৫ শতাংশ কমে গেছে। আফ্রিকার ঘানা, কেনিয়া ও মালিতে এ টিকা ব্যবহার করে তাত্পর্যপূর্ণ উপকার পাওয়া গেছে।সূত্র জানায়, ২০০৭ সালে দুই হাজার শিশু নিয়ে এ গবেষণা শুরু হয়। এর মধ্যে বাংলাদেশের শিশু এক হাজার ১৩৬ এবং বাকিরা ভিয়েতনামের। মুখে প্রথম টিকা দেওয়ার সময় এদের বয়স ছিল ছয় সপ্তাহ। শিশুদের ১০ ও ১৪ সপ্তাহ বয়সেও দুবার টিকা খাওয়ানো হয়। কে জামান বলেন, এসব শিশুকে দুই বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, টিকা দেওয়ার পর প্রথম বছর ৪৫ শতাংশ এবং দ্বিতীয় বছর ৩৯ শতাংশ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়নি।ল্যানসেটসহ অন্যান্য সূত্র থেকে জানা যায়, বর্তমানে দুটি ওষুধ কোম্পানির তৈরি রোটাভাইরাস টিকা ২৪টি দেশে ব্যবহূত হচ্ছে। এ টিকা দিলে কমপক্ষে ছয় মাস শিশু ডায়রিয়ামুক্ত থাকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এক মাত্রার (ডোজ) টিকার দাম এক হাজার ২৭০ টাকা।একাধিক শিশু স্বাস্থ্যবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, শিশুর ছয় মাসের সুরক্ষার জন্য এক হাজার ২৭০ টাকা দিয়ে টিকা কেনার সামর্থ্য বাংলাদেশের মতো দরিদ্র দেশের খুব কম মানুষের আছে।এ ব্যাপারে কে জামান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে টিকাটির কার্যকারিতা পরীক্ষা করে দেখার সুপারিশ করেছিল। ২০০৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশের জাতীয় টিকা কর্মসূচিতে রোটাভাইরাস টিকা অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছিল। তিনি বলেন, জাতীয় কর্মসূচিতে এই টিকা অন্তর্ভুক্ত করতে চাইলে অর্থসহায়তা পাওয়া যেতে পারে, সে ক্ষেত্রে খুব কম মূল্যে বা বিনা মূল্যে শিশুরা টিকা পাবে। অর্থসহায়তার ব্যাপারে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।টিকা দিয়ে শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট শিশুপুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার প্রথম আলোকে বলেন, শাল দুধ শিশুর টিকার কাজ করে। জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ালে দেশে বছরে প্রায় ৩৭ হাজার শিশুর জীবন রক্ষা পাবে। জীবনের প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ালেও বড় ধরনের সুরক্ষা পায় শিশু।