শিশুর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নেই
ভূরি ভূরি আইন এবং আটটি মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা সত্ত্বেও সরকার শিশুদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে ব্যর্থ হচ্ছে। খোদ সরকারি সংস্থা জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান বলছে, দেশে খাদ্য ও পানীয়র অর্ধেকেরও বেশি অনিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। নানা ধরনের বিষাক্ত ও নিম্নমানের খাদ্যের কারণে আগামী প্রজন্ম বিভিন্ন গুরুতর অসুখের ঝুঁকি নিয়ে বড় হচ্ছে।ঝুঁকিপূর্ণ খাবারের মধ্যে প্যাকেটজাত খাদ্য ও পানীয় যেমন রয়েছে, তেমনি আছে খেত-খামারের সবজি, ফল, মাছ বা দুধ। জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের (আইপিএইচ) অধীনে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি ১৯ ফেব্রুয়ারি এক গবেষণার তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, দেশের মানুষ প্রতিদিন যে মাছ, মাংস, দুধ, ফল, চাল, ডাল, তেল, মসলা ও লবণ খাচ্ছে, তার শতকরা ৪০ থেকে ৫৪ ভাগেই ভেজাল আছে। এসব খাদ্যে বিভিন্ন কীটনাশক, যেমন—এন্ড্রিন, ডিডিটি, হেপ্টাক্লোর, মেথোক্সিক্লোর, ইথিয়ন; ভারী ধাতু সিসা, আর্সেনিক ও স্ট্যাফাইলোকক্কাসের মতো ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিশিষ্ট পুষ্টিবিদ এস কে রায় প্রথম আলোকে বলেন, শিশুরা সবচেয়ে ঝুঁকিতে আছে। শিশুর জন্য ডিম একটি আদর্শ খাবার। এখন কোনো কোনো খামারের মুরগিকে ট্যানারির বিষাক্ত বর্জ্য খাওয়ানো হয়। ওই বর্জ্য খাওয়া মুরগির ডিমে ক্রোমিয়ামের চিহ্ন পাওয়া গেছে। অনেক অভিভাবক হয়তো না জেনে সন্তানকে ওইসব খামারের ডিম খাওয়াচ্ছেন। এতে শিশুর ক্যানসারের মতো জটিল রোগ হতে পারে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি কর্মসূচির প্রধান তাহমিদ আহমেদ বলেন, ভেজাল খাদ্যে শিশুর মৃত্যুঝুঁকি রয়েছে। কিছু খাবার এমনই বিষাক্ত যে তা ডিএনএকে পর্যন্ত বদলে দিতে পারে। দেশে ফল পাকাতে ব্যাপকভাবে ক্যালসিয়াম কার্বাইড ও ইথেফেন এবং সতেজ রাখতে ফরমালিন ব্যবহার হয়। চিকিৎসক ও পুষ্টিবিদেরা বলেন, এসবের প্রভাবে শিশুর ডায়রিয়া থেকে শুরু করে ফুসফুসের সংক্রমণ, কিডনি ও লিভার পচে যাওয়া, রক্ত সরবরাহ বিঘ্নিত হওয়া, অন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, ইথেফেনের কারণে ফলের পুষ্টিমান ২০-৩০ শতাংশ এবং ক্যালসিয়াম কার্বাইডের কারণে তা ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়। জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ২০১০ সালে পাঁচ হাজার ৭৫৯টি খাদ্যের নমুনার মধ্যে ভেজাল পেয়েছে দুই হাজার ৯৯০টিতে। গত জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি ৩৭৭টি নমুনা পরীক্ষা করে ১৮৭টিতেই ভেজাল পায়। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন: খাদ্য কতোটা নিরাপদ তা পরীক্ষা করার দায়িত্ব স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, বাংলাদেশে মাঠপর্যায়ে স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে কিছুটা সমন্বয় থাকলেও আর কোথাও কোনো সমন্বয় নেই। নিরাপদ মাংসের সরবরাহ নিশ্চিত করতে এনিমেলস ডিজিজ অ্যাক্ট, ২০০৫, এনিমেল অ্যান্ড এনিমেল প্রোডাক্টস কোয়ারানটাইন অ্যাক্ট, ২০০৫, দি এনিমেল স্লটারিং অ্যান্ড কন্ট্রোল অব স্ট্যান্ডার্ড অব দ্য মিট অ্যাক্ট, ২০১০সহ কয়েকটি আইন ও অধ্যাদেশ থাকলেও তা মানা হয় না বললেই চলে। শুধু রাজধানীতে হাতেগোনা কয়েকটি পশু জবাইয়ের সরকার-নির্ধারিত জায়গা আছে। রাজধানীসহ সারা দেশে বিপুলসংখ্যক পশু জবাই হয় অস্বাস্থ্যকর পরিবেশে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ঢাকার ঠাটারীবাজারের জবাইখানার অবস্থা নাজুক। কিন্তু মহানগরে সিটি করপোরেশনের অধীনে ভেটেরিনারি সার্জন ও লাইভস্টক অফিসারদের কাজ করার কথা। তবে অত্যাধুনিক জবাইখানা চালুর চেষ্টা চলছে।’ কৃষি মন্ত্রণালয় কৃষিতে কীটনাশক পরিমাণমতো ব্যবহারের অনুমোদন দিলেও মাঠে কী হচ্ছে, তা যথাযথভাবে নজরদারি করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার যেমন করা হয়, তেমনি কীটনাশক ব্যবহারের একটি নির্দিষ্ট সময় পর শস্য বা ফল বাজারে নেওয়ার কথা থাকলেও সে পর্যন্ত অপেক্ষা করা হয় না। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, গবেষণাগারে পরীক্ষার পর তাঁরা নিশ্চিত হয়েছেন, গত বছর দিনাজপুরে লিচু খেয়ে ১৩টি শিশুর মৃত্যুর কারণ ছিল কীটনাশক। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, কৃষকদের সচেতন করার চেষ্টা চলছে। তবে অনেক ক্ষেত্রেই কৃষক কৃষি কর্মকর্তাদের কথা শোনেন না। ঝুঁকি রয়েছে বিদেশ থেকে আনা পণ্যেও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সময় আমদানিকারকেরা কালো কালিতে লেখা উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের ওপর সাদা কাগজ সেঁটে দেন। পণ্যের মান নজরদারি করার জাতীয় প্রতিষ্ঠান বিএসটিআই মাত্র ৫৯টি খাদ্যের মান নিয়ন্ত্রণ করে। বিএসটিআই কিছুদিন আগে কয়েকটি কোম্পানির ‘ফ্রুট ড্রিংক’সহ কিছুসংখ্যক পণ্যের বাজারজাতকরণ নিষিদ্ধ করে। তবে প্রচলিত আইনে ফলের রস বা ফ্রুট জুসের অনুমোদন বাধ্যতামূলক, কিন্তু ফ্রুট ড্রিংকের নয়। শর্ত অনুযায়ী ফ্রুট জুসে ৮০ ভাগ ফল থাকতে হবে। ফ্রুট ড্রিংকে মাত্র ১০ ভাগ থাকলেই চলে। চিকিৎসকেরা সতর্ক করে দিয়ে বলছেন, সাধারণ মানুষ ফ্রুট জুস ও ফ্রুট ড্রিংকের পার্থক্য বোঝে না। লোকে শিশুদের ফ্রুট ড্রিংক খাওয়াচ্ছে সমান পুষ্টিকর ভেবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকের মতে, খাদ্যনিরাপত্তা নজরদারিতে শৃঙ্খলা আনতে সব সংস্থাকে এক ছাতার তলায় এনে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) মতো একটি সংস্থা গঠন করা খুব প্রয়োজন।