নয় মাসের শিশু লামিয়া। হাড়-জিরজিরে শরীর, শুয়ে আছে ঢাকা শিশু হাসপাতালের পুষ্টি ওয়ার্ডের একটি শয্যায়। স্বাভাবিকভাবে নড়াচড়ার শক্তিও নেই শিশুটির। লামিয়ার মা নূরুন্নাহারের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা থাকেন এয়ারপোর্ট এলাকায়। তাঁর স্বামী রিকশাচালক। জন্মের পর শিশু শুধু বুকের দুধ খেয়েছে ঠিকই, তবে মায়ের খাদ্যের অপ্রতুলতায় সেই দুধও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়নি। ফলে শিশুটি এখন মারাত্মক অপুষ্টির শিকার। এখন শিশুটির যে অবস্থা, তাতে করে তাকে বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষের জন্য।বাংলাদেশে জন্ম নেওয়া বেশির ভাগ শিশু যে মহা সমস্যায় আক্রান্ত, তার নাম অপুষ্টি। আমাদের দেশে শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণও অপুষ্টি। কেন শিশু আক্রান্ত হয় অপুষ্টিতে, অপুষ্টির শিকার এই শিশুদের চিকিৎসাব্যবস্থা কী এবং এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির উপায়ই বা কী, তা জানতে আমরা হাজির হই শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে।অপুষ্টির শিকার শিশুদের জন্য এখানে রয়েছে আলাদা পুষ্টি ওয়ার্ড। ওয়ার্ড পরিচালক শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শফি আহমেদ জানান, সাধারণত এক দিন থেকে ১৫ মাস বয়সী শিশুরাই বেশি আসে তাঁদের কাছে। ঢাকা ও আশপাশের এলাকা থেকেই আসে এসব শিশু। তাদের অধিকাংশেরই বাবা-মা নিরক্ষর ও চরম দারিদ্র্যের শিকার। কম বয়সী মা, দারিদ্র্য, অশিক্ষা, অসচেতনতাই শিশুর অপুষ্টির পেছনে সবচেয়ে বড় কারণ বলে মনে করেন তিনি।এই ওয়ার্ডের জন্য নিয়োজিত পুষ্টি-বিশেষজ্ঞ সাবরিনা মকবুল জানান, তাঁদের কাছে অপুষ্টির জন্য যেসব শিশু এসেছে, তারা কেউই অপুষ্টির জন্য প্রথমে হাসপাতালে আসেনি। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া বা অন্য কোনো সমস্যার কারণে ভর্তি হওয়ার পর দেখা গেছে, এরা অপুষ্টিতে ভুগছে। সাবরিনা বলেন, শিশুদের অপুষ্টির জন্য তাঁরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের নির্দেশনা অনুসরণ করে তাদের খাওয়ার ব্যবস্থা করেন। ছয় মাসের কম বয়সী শিশুদের দেওয়া হয় ইনফ্যান্ট ডায়েট। আর শিশুর বয়স ছয় মাসের বেশি হলে প্রথমে দেওয়া হয় এফ-৭৫ ডায়েট বা কম প্রোটিন ও কম ক্যালরিযুক্ত খাবার। এর এক সপ্তাহ পর থেকে দেওয়া হয় এফ-১০০ ডায়েট বা বেশি প্রোটিন ও বেশি ক্যালরিযুক্ত খাবার। শিশুর অপুষ্টির মাত্রার ওপর নির্ভর করে কত দিন চলবে এ খাবার।তবে সাবরিনার মতে, মায়েদের অজ্ঞতা আর অসচেতনতাই সবচেয়ে বড় কারণ এই সমস্যার জন্য। যত দিন মায়েদের সচেতন করা না যাবে, অপুষ্টির হাত থেকে তত দিন রক্ষা পাওয়া সম্ভব নয়। মায়েদের দুই ধরনের আচরণের কথা বলেন এই পুষ্টিবিদ। কোনো কোনো মা জন্মের পর থেকে এক বছর বয়স হওয়ার পরও শিশুকে বুকের দুধ ছাড়া আর কিছুই দিতে পারছেন না, আবার কোনো মা বুকের দুধ না খাইয়ে শুধুই বাইরের খাবার দিচ্ছেন। দুটোই ক্ষতিকর শিশুর জন্য।শিশু জন্মের পর ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পর্যাপ্ত হলেও তার পর থেকে শিশুর পুষ্টি চাহিদা মেটাতে চাই অন্যান্য পুষ্টিকর খাবার, যা অনেক মা-ই দিচ্ছেন না। আবার জন্মের পর প্রয়োজনীয় দুধ বুকে না পাওয়াতেও অপুষ্টির শিকার হচ্ছে শিশু।ডা. শফি আহমেদ জানান, আট-দশ বছর ধরে তাঁরা অপুষ্টির চিকিৎসা করে আসছেন। গত দুই বছরে মৃত্যুহার অনেক কমে এসেছে। তবে মূল সমস্যা হলো, শিশু সুস্থ হওয়ার পর তারা পরবর্তী দুই-তিন মাস নিয়মিত শিশুকে নিয়ে আসতে বললেও তা মানেন না অধিকাংশ বাবা-মা। এমনকি তাদের পরবর্তী আচরণ সম্পর্কে যা বলা হয়, সেটাও মানেন না তাঁরা। ফলে শিশু আবারও আক্রান্ত হয় অপুষ্টিতে।এসব শিশুর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কেউ না থাকায় এ সমস্যা থেকে মুক্ত হতে পারছেন না তাঁরা। তিনি মনে করেন, পর্যবেক্ষণ করার জন্য বিশেষ দল এবং দেশের অন্যান্য হাসপাতালেও বিশেষ পুষ্টি ওয়ার্ডের ব্যবস্থা করা হলে শিশু অপুষ্টির হার কমে আসবে আমাদের দেশে।শিশু হাসপাতাল ছাড়া আইসিডিডিআরবিতেও রয়েছে পুষ্টিঘর নামে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ১৩ শয্যাবিশিষ্ট বিশেষ ওয়ার্ড। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সাইদা হক জানান, সাধারণত আমাশয় ও ডায়রিয়ার চিকিৎসার জন্য যেসব শিশু তাঁদের কাছে আসে, তাদের মধ্যে যারা অপুষ্টির শিকার, এখানে সেসব শিশুকে রেখে আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ওয়ার্ডের শিশুদের বয়স দুই বছরের মধ্যে।আকলিমা নামের এক মা সম্পর্কে সাইদা জানান, এই মায়ের বয়স ১৯-২০ বছর। এরই মধ্যে তিন সন্তানের জননী তিনি। তৃতীয় সন্তানটির বয়স এক বছর। ভয়াবহ অপুষ্টির শিকার সে। তাকে নিয়ে আকলিমা এসেছেন পুষ্টিঘরে। চতুর্থবারের মতো সন্তানসম্ভবা আকলিমা।সাইদার মতে, মা এ রকম কম বয়সী, স্বাস্থ্যহীন ও ঘন ঘন বাচ্চা নেওয়ার ফলে জন্ম থেকেই অপুষ্ট হচ্ছে শিশু। কম বয়সে মেয়েদের বিয়ে ও বাচ্চা হওয়া এবং অসচেতনতা ও পুষ্টিজ্ঞানের অভাবে দেশে বাড়ছে অপুষ্ট শিশুর সংখ্যা।শিশুদের বয়স ও ওজন অনুযায়ী যারা অপুষ্ট, তাদের রেখে চিকিৎসা দেওয়া হয় পুষ্টিঘরে। শিশুর বয়স ও ওজনের সারণি তৈরি করে সে অনুযায়ী তৈরি করা হয় তাদের প্রয়োজনীয় খাবার। এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত স্বাস্থ্য সারণি ব্যবহার করেন তাঁরা। শিশুর বয়স ছয়-সাত মাস হলে তার ওজন হওয়া উচিত সাত কিলোগ্রাম, নয়-দশ মাস হলে আট কিলোগ্রাম এবং ১৪ মাস হলে নয় কিলোগ্রাম। ওজন এর নিচে হলে ধরা হয় শিশু অপুষ্টির শিকার। শিশুর ওজন শতকরা ১৫ ভাগ বাড়লে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে ৪৫ ভাগ বৃদ্ধি না হওয়া পর্যন্ত ফলোআপের মাধ্যমে আরও চার-পাঁচ মাস তাকে পর্যবেক্ষণে রাখা হয়।শিশুর মাকে পুষ্টি সম্পর্কে জানানোর জন্য এখানে রয়েছেন একজন স্বাস্থ্যকর্মী। তিনি শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য তাকে কী ধরনের খাবার দিতে হবে, কী আচরণ করতে হবে, কীভাবে কথা বলতে হবে, তা হাতে-কলমে শেখানো হয়।ডা. সাইদা বলেন, শিশু অপুষ্টির প্রধান কারণ অভিভাবকদের অসচেতনতা। সারা দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব এই সমস্যা থেকে।