শিশুর মন বুঝুক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিটি শিশুর জন্ম এই বার্তা নিয়ে আসে যে ঈশ্বর মানুষের প্রতি এখনো বিমুখ হননি।’ রবীন্দ্রনাথ ঠাকুরের বাক্য উদ্ধৃত করে শুরু করলেন ড. আনুলা নিকাপোতা, সাউথ লন্ডন ও মোসডলে এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের চাইল্ড অ্যান্ড অ্যাডলসেন্ট সাইকিয়াট্রি বিভাগের এমিরেটাস কনসালট্যান্ট। ব্রিটেনে শিশু-কিশোর মনস্তত্ত্ব বিষয়ে একজন অগ্রজ শিক্ষক ও দিকপাল এই পক্ককেশ নারী। সম্প্রতি ঢাকায় এসেছিলেন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডলসেন্ট মেন্টাল হেলথ’ বা বাখামের তৃতীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে। শিশু-কিশোর মনস্তত্ত্ব এবং পরিবার—এ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল তাঁর। উন্নয়নশীল বিশ্বে প্রতি ১৩ জন শিশুর মধ্যে একজন অভিভাবকহীন, তাঁর মাধ্যমে এটা জানা গেল। আরও জানা গেল, প্রায় সাড়ে আট মিলিয়ন শিশু নানা ধরনের শ্রমে নিয়োজিত—গৃহশ্রমিকদের বাদ দিয়েই ধরা হয়েছে পরিসংখ্যানটা। প্রায় ৮০ মিলিয়ন অনূর্ধ্ব ১৮ বছরের কিশোরী তৃতীয় বিশ্বে বিবাহিত। এ বিষয়ে অবশ্য সম্মেলনেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। বিএসএমএমইউর মনোবিদ্যা বিভাগের চিকিৎসক হেলাল আহমেদ যে প্রবন্ধ উপস্থাপন করেন তাতে বলা হয়, বিশ্বে যে ১১টি দেশে সবচেয়ে বেশি সংখ্যক মেয়ের বাল্যবিবাহ হয়, তার মধ্যে বাংলাদেশের স্থান তৃতীয়। এই তালিকায় আফ্রিকার দুটি দেশ আছে শীর্ষে এবং এ অঞ্চলের আর দুটি দেশ নেপাল ও ভারতের স্থান ১১টি দেশের মধ্যে অনেক নিচে। শিশুস্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্যের অগ্রগতি বিষয়ে বাংলাদেশের অর্জন অনেকটাই ম্লান হয়ে যায় এই সংবাদে। বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছরে পদার্পণ করার আগেই। যদিও এ বিষয়ে আইনি বাধা রয়েছে; তার পরও বাল্যবিবাহের হার এত বেশি। অনুসন্ধানে আরও দেখা গেছে, অভিভাবক থেকে শুরু করে বিয়ের কাজি পর্যন্ত সবাই এ বিষয়ে ওয়াকিবহাল যে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত নিষিদ্ধ, তবু তাঁরা এ ধরনের বিয়ে দিচ্ছেন এবং দেওয়াটাকে অপরাধ বা অনুচিত মনে করছেন না। চিকিৎসক হেলাল তাঁর প্রবন্ধে উপস্থাপন করেন, কীভাবে এই বাল্যবিবাহ মেয়েদের আর্থসামাজিক অবস্থান ও পরিবারে মেয়েটির মর্যাদা নিচে নামিয়ে দেয়, শিক্ষার সুযোগ ও অধিকার থেকে তাকে বঞ্চিত করে, কেন ও কীভাবে এই বাল্যবধূরা অন্যদের তুলনায় অনেক বেশি শিকার হয় গৃহনির্যাতনের; যৌনতা ও মাতৃত্ব বিষয়ে চরম অজ্ঞতার কারণে মাতৃমৃত্যুর হারও তাদের মধ্যে বেশি। গবেষণায় দেখা গেছে, বাল্যবধূদের মানসিক স্বাস্থ্যও ঝুঁকির সম্মুখীন; অন্তত ৪০ শতাংশ শিকার হয় গভীর বিষণ্নতায় এবং ২১ শতাংশ কনভারসন ডিজঅর্ডারে, যা সাধারণ্যে হিস্টিরিয়া নামে পরিচিত। অপর এক প্রবন্ধে বিএসএমএমইউর চিকিৎসক আতিকুল হক মজুমদার দেখান যে ১৮ বছরের নিচে কিশোরীদের মনোসামাজিক চাপের একটি বড় নিয়ামক হলো তাদের অকাল বিবাহ। দাম্পত্য কলহ ও খাপ খাওয়াতে না পারা, লেখাপড়া থেকে অকালে ঝরে পড়া এবং স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ এই বিষয়গুলো কিশোরীদের মনোসামাজিক বিপর্যস্ততার মূল কারণ হিসেবে চিহ্নিত।আমাদের শিশুরা ভালো নেইআমাদের পরিবারে ও সমাজে আসলে শিশুরা কেমন আছে, সে সম্পর্কে তেমন বড় ধরনের কোনো তথ্য-উপাত্ত কিছুদিন আগেও কারও জানা ছিল না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০০৯ সালে পরিচালিত একটি গবেষণায় প্রথম জানা যায় যে পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে অন্তত ১৮ দশমিক ৪ শতাংশ শিশুই নানা ধরনের মানসিক রোগ ও জটিলতায় আক্রান্ত। ৩ দশমিক ৮ শতাংশ বুদ্ধিপ্রতিবন্ধী, ২ শতাংশ খিঁচুনিরোগ ও শূন্য দশমিক ৮ শতাংশ মাদকাসক্ততায় ভুগছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম রব্বানী এই পরিসংখ্যান প্রকাশ করে বলেন, এই আশঙ্কাজনক তথ্য এটাই প্রমাণ করে যে আমাদের দেশে শিশুদের মানসিক স্বাস্থ্যসেবার মান অনেক বাড়ানো দরকার। অপর এক প্রবন্ধে বিএসএমএমইউর সাইকিয়াট্রি বিভাগের চেয়ারম্যান ও চাইল্ড অ্যান্ড অ্যাডলসেন্ট সাইকিয়াট্রির অধ্যাপক এম এস আই মল্লিক জানান, আমাদের অন্তত ১০ থেকে ২০ শতাংশ শিশুকিশোর নানা ধরনের আবেগজনিত ও আচরণজনিত জটিলতা ও অস্বাভাবিকতার শিকার। পরবর্তী জীবনে সুস্থ সুন্দর জীবন যাপনে অনেকটাই বাধা হয়ে দাঁড়ায় এসব জটিলতা। সমাজে সঠিক অভিযোজনে বিঘ্ন সৃষ্টি করে শৈশবের নানা মানসিক বিপর্যস্ততার ইতিহাসগুলো। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সঠিক জ্ঞান, প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ এবং সরাসরি অংশগ্রহণ ব্যতীত এই শিশুর মানসিক স্বাস্থ্যসেবার মান বাড়ানো কখনোই সম্ভব নয়। সম্মেলনে মনোবিদ অধ্যাপক ঝুনু শামসুন নাহার এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অভিভাবক কর্মশালাও পরিচালনা করেন। এই সম্মেলনে বিদেশি ১৪ জনসহ মোট ২৫০ জন চিকিৎসক, মনোরোগ চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ, মনস্তত্ত্ববিদ ও যোগাযোগ বিশেষজ্ঞ অংশ নেন এবং শিশু মনোরোগ বিষয়ে তিনটি কর্মশালা ও ২৬টি প্রবন্ধ উপস্থাপিত হয়।শিশুদের মন হলো একটি টেবুলা রাসা বা কালো স্লেট। আনুলা নিকাপোতা, শিশু মনস্তত্ত্ব বিশেষজ্ঞ মনে করিয়ে দেন সবাইকে কথাটি আবার। চারপাশের ভালো-মন্দ, কঠিন-সহজ বা ইতিবাচক-নেতিবাচক সবকিছুই এই খালি স্লেটে দাগ কাটে। তাই চারপাশের পরিবেশের আবেগের জলবায়ু, কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের চালচিত্র, অন্যদের সঙ্গে মানসিক যোগাযোগ স্থাপনের ক্ষমতা ও ধরন—এসবই শিশুদের সঠিক ও সুস্থ মনস্তত্ত্ব গড়ে তোলার সহায়ক ও নিয়ামক। কিন্তু এখানেই হলো আসল সমস্যা। শিশুর জন্য সঠিক মানবিক পরিবেশ ও সুসম্পর্ক বাড়ির রাতের খাবার বা স্কুলের টিফিনের মতো বিষয় নয় যে প্রতিদিন সঠিক সময়ে, সঠিক মাত্রায় পরিবেশন করা যায় তার সামনে। এই সম্পর্কের ওঠানামা আছে, অম্ল-মধুর অভিজ্ঞতা আছে, আনন্দ-বেদনা ও এতে হাসি-কান্নাও আছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া আছে। সবচেয়ে ভালো পদ্ধতি হলো একেবারে শিশুকাল থেকেই সন্তানের সঙ্গে একটা হূদ্যতাপূর্ণ ও সহজ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাওয়া। ১৪ বছর পর একদিন হঠাৎ যদি কেউ তার কিশোরী মেয়েকে জিজ্ঞেস করে বসেন, স্কুলে বন্ধুদের সঙ্গে কেমন দিন কাটালে বলো দেখি, তাহলে সে একটু সন্দিহান হয়ে উঠবেই বৈকি। পারস্পরিক বন্ধুতা ও শেয়ারিংয়ের এই চর্চা পরিবারে লালন করতে হবে শুরু থেকেই, সন্তান ‘টিনএজ’-এ পৌঁছে যাওয়ার পর নয়।যোগাযোগের সহজ পথবাংলাদেশের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ হলো অ্যাডলসেন্ট বা কিশোর-কিশোরী। ১০ থেকে ১৪ বছর বয়সী ১৩ দশমিক ৭ মিলিয়ন কিশোরী এবং ১৪ মিলিয়ন কিশোর আমাদের সম্পদ। অথচ এই দুরন্ত কৈশোর ও স্ফুরন্ত মেধাশক্তি, এদের অকল্পনীয় সম্ভাবনা এখন নানা কারণেই বাধাগ্রস্ত। দারিদ্র্য, শিক্ষার সুযোগ থেকে বঞ্চনা, অল্প বয়সেই পরিবারের অর্থনৈতিক দায়দায়িত্ব গ্রহণ; এই চাপের বাইরে আছে বিষণ্নতা, নেশাদ্রব্য, সন্ত্রাস, ইভ টিজিং, ভায়োলেন্স, আত্মহত্যা, পর্নোসহ হরেক রকমের সর্বনাশের হাতছানি। পরিবারের কোমল ছায়া থেকে বেরিয়ে সেই সর্বনাশের পথে তাদের পা বাড়ানোর মূল কারণই হলো পরিবারে তাদের ঠিকভাবে বুঝতে না পারা বা সাপোর্ট করতে পারার ব্যর্থতা। দিল্লি থেকে আসা যোগাযোগ বিশেষজ্ঞ ভিক্টর কল্যাণ ঘোষ জানান ভারতের একটি গবেষণার ফলাফলের কথা। ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ৫৮ শতাংশ মন খুলে কথা বলা বা ঠিকভাবে অভিভাবক বা অন্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ বলে মনে করে নিজেদের। তারা সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতিতে ভোগে, কখনো বিষণ্ন্নতায় আক্রান্ত হয় এবং বেশির ভাগ সময়ই বিশ্বাস করে যে কেউ তাদের বুঝতে পারছে না। বেশির ভাগ সময়ই তারা কী বলে, কী চায় বা কী তাদের প্রয়োজন, সে সম্পর্কে অন্যকে সঠিক ধারণা দিতে ব্যর্থ হয়। এটা হচ্ছে স্রেফ যোগাযোগ স্থাপনে ব্যর্থতা। কিন্তু কীভাবে পরবর্তী প্রজন্মের সঙ্গে এই যোগাযোগ বাড়ানো যায় বা তাদের কাছে যাওয় যায়? ভিক্টর ঘোষের মতে, এর কোনো সঠিক বা নির্ণীত রেসিপি নেই। কেবল কিছু বাতলে দেওয়া পথ অনুসরণ করা যেতে পারে। যেমন—ধৈর্য ও মনোযোগ দিয়ে শোনা,অবিরত কথা বলার সুযোগ খোঁজা বা সুযোগ তৈরি করা,বিভিন্ন ইস্যুতে ও বিভিন্ন মত বিষয়ে কথা বলা,যেকোনো ব্যাপারে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো,ওদের কাছে গুরুত্বপূর্ণ এমন বিষয়কে গুরুত্ব সহকারে গ্রহণ করা,শ্রদ্ধা ও বন্ধুত্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, হুকুম বা প্রাধান্য বিস্তার করার মাধ্যমে নয়।