শিশুর সমস্যা বুঝতে বিকাশ কেন্দ্র চালু রাখা দরকার
শিশুর শারীরিক বা মানসিক সমস্যা আছে কি না অথবা বয়সের তুলনায় বিকাশ ঠিকমতো হচ্ছে কি না তা চিহ্নিত করা ও সমস্যা সমাধানের জন্য সরকার শিশু বিকাশ কেন্দ্র চালু করে। শিশুর বিকাশে ঘাটতি থাকলে তা দূর করার জন্য চিকিৎসার পাশাপাশি এসব কেন্দ্র থেকে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়। দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এ রকম কেন্দ্র আছে। জানা গেছে, অর্থের অভাবে কেন্দ্রগুলো চলবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচির (এইচএনপিএসপি) আওতায় ২০০৮ সালে ‘দেশের ১৪টি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র চালু’ নামের প্রকল্প শুরু হয়। ২০০৯ ও ২০১০ সালে পাঁচটি করে ১০ কেন্দ্র চালু হয়। বাকি চারটি অর্থের অভাবে চালু হয়নি। হাসপাতালগুলোর শিশু বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত কেন্দ্রগুলোতে একজন করে শিশুচিকিৎসক, শিশু মনোবিজ্ঞানী, শিশু-বিকাশ সহযোগী প্রশিক্ষকসহ (থেরাপিস্ট) পাঁচজন কর্মরত আছেন। তাঁরা চার মাস পর গত বৃহস্পতিবার একসঙ্গে বেতন পেয়েছেন। অনিয়মিত বেতন-ভাতার কারণে অনেকে চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে। প্রকল্পের জাতীয় সমন্বয়কারী ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক নায়লা জামান খান প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বর পর্যন্ত অর্থ ছাড় করা সম্ভব হয়েছে। জানুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত প্রকল্পের জন্য বরাদ্দ নেই। এ সময় বেতন-ভাতার জন্য প্রায় ৩৭ লাখ টাকা প্রয়োজন। বরাদ্দ না পাওয়া গেলে প্রকল্পের কী হবে তা বলা যাচ্ছে না।স্বাস্থ্য অধিদপ্তরের এ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফি আহমেদ প্রথম আলোকে বলেন, প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তবে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকায় তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এ কেন্দ্র চলছে। সন্তান কথা বলছে না, বয়সের তুলনায় বুদ্ধি কম, কানে শোনে না বা কম শোনে, চোখে দেখে না, খিঁচুনি, আচরণগত সমস্যা, অটিজম বা শারীরিক বিভিন্ন সমস্যার কারণে অভিভাবকেরা শিশুদের এসব কেন্দ্রে আনেন। অনেক অভিভাবক সন্তানের বিষয়ে নিশ্চিত থাকার জন্য কেন্দ্রে এসে পরীক্ষা করিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, অনেক শিশু জটিলতা নিয়ে জন্মায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দেয় নানা সমস্যা। দুই বছর বয়স পর্যন্ত শিশুর মস্তিষ্কের বিকাশ হয় সবচেয়ে বেশি। কোনো সমস্যা বোধ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। শিশু শ্রেণীতে পড়ুয়া হামিম স্কুলে যেতে ও পড়তে চায় না। পড়া মনেও রাখতে পারে না। সে অমনোযোগী ও অস্থির। কলেজশিক্ষক বাবা-মা ছেলের সমস্যা জানতে-বুঝতে দুই সপ্তাহ আগে সিরাজগঞ্জ থেকে ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই কেন্দ্রে আনেন। কেন্দ্র থেকে বাবা-মাকে কিছু পরামর্শ দেওয়া হয়। হামিমের সামনে বয়স-উপযোগী খেলনা দিয়ে শিশু মনোবিজ্ঞানী আফরোজা বেগম তাঁর বুদ্ধিরও কিছু মূল্যায়ন করেন। এই প্রতিবেদককে ওই মনোবিজ্ঞানী বলেন, হামিমের বিকাশ কিছুটা পিছিয়ে আছে।হামিমকে তার বাবা-মা দুই মাস আগে এই কেন্দ্রে প্রথম আনেন। বাবা মো. সালাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রে আনার পর ছেলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এ ধরনের কেন্দ্র বাড়ির আশপাশে থাকলে ভালো হতো।’ কেন্দ্রগুলো প্রয়োজন: ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক সুফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধিতার শিকার শিশুকে আগে লুকিয়ে রাখা হতো। বর্তমানে মায়েরা কোথায় সেবা পাওয়া যাবে তা খুঁজে বের করছেন।শিশু হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, প্রতিবন্ধী শিশুকে প্রয়োজনীয় সময় (ফলোআপ) কেন্দ্রে আনলে তার অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়। কিন্তু বার বার আসার কারণে মায়ের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারগুলো আরও দরিদ্র হয়। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কেন্দ্র আরও বাড়ানো দরকার। বেসরকারিভাবে ১৯৯২ সাল থেকে শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্ব পালন করছেন নায়লা জামান খান। তিনি বলেন, বয়সের তুলনায় পিছিয়ে পড়া বা প্রতিবন্ধী শিশুদের শুধু পুষ্টিকর খাবার দিলেই হয় না, স্বাভাবিক বিকাশ এগিয়ে নিতে পরিবেশ ও শিশুর বয়স উপযোগী উদ্দীপনা (স্টিমুলেশন) প্রয়োজন। কেন্দ্রগুলোতে এ ধরনের সব ব্যবস্থাই আছে।কেন্দ্রগুলো যেন বন্ধ না হয়: জানুয়ারি মাসে প্রথম আলোর একাধিক প্রতিনিধি ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি কেন্দ্র দেখতে যান। এসব কেন্দ্রে সেবা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রটিতে ২০১০ সালে দুই হাজার ১৩৭টি শিশু সেবা নেয়। ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রের চিকিৎসক তোশিবা রহমান বলেন, ভালো সেবা পাচ্ছেন বলেই দরিদ্র বাবা-মায়েরা এখানে বারবার আসছেন। অন্যদেরও আসতে পরামর্শ দিচ্ছেন। মিটফোর্ড হাসপাতালের কেন্দ্রের চিকিৎসক ফাহমিদা ফেরদৌস প্রথম আলোকে বলেন, চাহিদা থাকায় কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকেও রোগীরা আসে। শাকিনুরের নয় মাস বয়সে বাবা-মা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রটিতে আসেন। তখন তার ঘাড় শক্ত হয়নি, হাসতো না, ডাকলে সাড়া দিত না। কেন্দ্রের কর্মকর্তা আশরাফুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘এক মাসে শাকিনুরের ঘাড় শক্ত হয়েছে, হাসতে শিখেছে। ডাকলে এদিক-ওদিক তাকাচ্ছে।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেছেন, কেন্দ্রটিতে টয়লেট নেই। মস্তিষ্কের বিশেষ পরীক্ষা যন্ত্র (ইইজি) না থাকায় সমস্যা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সেবা নিতে আসা শিশুদের অভিভাবকেরা বলেছেন, কেন্দ্রগুলো তাঁদের উপকারে আসছে। এগুলো যেন বন্ধ না হয়। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (ইমপ্রুভড হসপিটাল সার্ভিসেস) মমতাজ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পরবর্তী স্বাস্থ্য খাত কর্মসূচিতে বেশি কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।