শিশুর সামনে মাকে গলা টিপে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর বয়সী শিশুর সামনে মা তাসলিমা আক্তার ওরফে জেসমিনকে (৩৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে রাজধানীর রায়েরবাজারে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খুন করার পরে তাসলিমার বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানার পুলিশ ওই বাসার খাটের ওপর থেকে কাপড় দিয়ে দুই হাত-পা বাঁধা অবস্থায় তাসলিমার লাশ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাসলিমা তাঁর সাত বছরের ছেলে ও দুই গৃহকর্মীকে নিয়ে ২৯১ রায়েরবাজার টালি অফিসের গলির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন। তাসলিমার বড় মেয়ে রোমানা আফরোজ (২০) লালবাগের বাসায় তাঁর স্বামীর সঙ্গে থাকেন। তাসলিমার স্বামী এনামুল হক ওরফে পারভেজ ব্রাজিলপ্রবাসী। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল তৈরি শেষে লাশের ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশের গলায় আঘাতের চিহ্ন ও মুখে কাপড় গোঁজা ছিল। ওই ভবনের নিচতলার এক বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, সকাল আটটার দিকে দুই নারীকে দ্বিতীয় তলার বাসা থেকে বের হতে দেখেছেন তিনি।পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, তাসলিমার মুখে কাপড় গুঁজে দেওয়ার পর দুই হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে খুনিরা ওই বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।উপ-কমিশনার আরও জানান, বাড়িটির নিচতলার কলাপসিবল ফটকে তালা লাগানো থাকায় খুনিরা দ্বিতীয় তলার সিঁড়িঘরের গ্রিল ভেঙে বের হয় এবং বাড়িটির দ্বিতীয় তলার টিনের চালার ওপর ওঠে। পরে তাঁরা সেখান থেকে পালিয়ে গেছে। তাসলিমার ছেলের বরাত দিয়ে তার বোন শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, বুধবার রাতে পূর্বপরিচিত আশা নামের এক নারী তাসলিমার বাসায় যান। পরে আরও দুই যুবক ও এক নারী যান এবং রাতে খাওয়া-দাওয়া শেষে তাঁরা অন্য দুই কক্ষে ঘুমান। ছেলেকে নিয়ে তাসলিমা ছিলেন একটি কক্ষে। এ ছাড়া অন্য একটি কক্ষে ছিলেন দুই গৃহকর্মী রনি আক্তার (২২) ও কাজল (২৫)।শিশুটি বলেছে, ভোর রাতে ওই চার ‘অতিথি’ তাদের কক্ষে ঢোকে এবং তার গলায় চাপাতি ধরে চিত্কার করতে নিষেধ করে। এরপর তার সামনে তার মায়ের পা বেঁধে গলা চেপে মুখের ভেতর কাপড় গুঁজে শ্বাসরোধ করে হত্যা করে। শিশুটি ভয়ে তখন লেপের নিচে মুখ ঢেকে ছিল বলে জানান শামীমা।শামীমা বলেন, ওই চারজন চলে গেলে সকালে তাঁর ভাগ্নে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা দুই গৃহকর্মী রনি ও কাজলকে জাগিয়ে ঘটনাটি বলে। তখন তারা ঘটনা দেখে তাসলিমার বড় মেয়ে রোমানা আফরোজের (২০) স্বামী সুমনকে টেলিফোন করে সব জানায়। সুমন ছুটে যান এবং বাসার সব মালামাল এলোমেলো দেখতে পান। এরপর তিনি থানায় খবর দেন। রোমানা লালবাগে স্বামীর সঙ্গে থাকেন। তবে মাঝেমধ্যে মায়ের বাসায় গিয়েও থাকতেন বলে শামীমা জানান। রোমানার বাবা এনামুল হক পারভেজ ছয় মাস আগে ব্রাজিল যান।পুলিশ জানায়, মুখে কাপড় গোঁজায় তাসলিমা কোনো শব্দ করতে পারেননি। অন্যরাও টের পাননি। টালি অফিসের ওই বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। তাসলিমার শোবারঘরের কাপড়চোপড় লন্ডভন্ড। স্টিলের আলমারি ও ওয়ারড্রব ভাঙা। দ্বিতীয় তলার সিঁড়িঘরের গ্রিল ভাঙা রয়েছে। তাসলিমার সাত বছরের ছেলের চোখেমুখে আতঙ্কের ছাপ। রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম বলেন, শিশুটি বলেছে, আগন্তুকরা তাসলিমার কাছে টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা কাপড় গুঁজে দেয় তাসলিমার মুখে। এরপর হাতে পা বেঁধে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পূর্বশত্রুতা, না টাকা ও অলংকার লুট করতে খুন করা হয়েছে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। তিনি বলেন, আশা ছাড়া অন্যদের নাম জানা যায়নি। সবাইকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা আগেও ওই বাসায় থাকত বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনা তদন্তকারী হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখারুল আলম বলেন, ‘ঘটনাটি পূর্বপরিকল্পিত নয়। ধারণা করা হচ্ছে, তাত্ক্ষণিক কথা-কাটাকাটির জের ধরে বুধবার রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে হত্যার ঘটনা ঘটেছে।’রাতে যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, তাসলিমার মেয়ে রোমানা আফরোজ বাদী হয়ে হত্যা মামলা করেছেন।