শিশুর সামনে মাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে গৃহবধূর কাছ থেকে স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।নিহত গৃহবধূর নাম মিনারা বেগম (৩৫)। তিনি সদর উপজেলার সুহিলপুর গ্রামের নগদাপাড়ার মোর্শেদ মিয়ার স্ত্রী।পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে পৌর শহরের কাউতলী বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মিনারা। এ সময় ছেলে মামুন (৫) তাঁর সঙ্গে ছিল।মামুনের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় পৌঁছার পর কয়েকজন দুর্বৃত্ত মিনারার মোবাইল ফোন ও গলা থেকে স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেয়। এরপর ছেলের সামনে তাঁকে গলা টিপে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। মায়ের লাশের পাশে বসে মামুন কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। রাতেই মিনারার লাশ উদ্ধার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা অটোরিকশায় ছিল, না পরে উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।