শিশুরা দেখছে, সাংসদদের সতর্কভাবে কথা বলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে শিশুরা জাতীয় সংসদের অধিবেশন দেখবে। আজ মঙ্গলবার সংসদের চতুর্দশ অধিবেশনের প্রথম দিনে প্রথমবারের মতো ৫০ জন শিক্ষার্থী সংসদের অধিবেশন দেখেছে। সে জন্য সাংসদদের সতর্কভাবে কথা বলার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে স্পিকার বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ কাজ দেখতে চালু হয়েছে শিশু গ্যালারি। তাই আমাদের এমনভাবে কথা বলতে হবে যাতে শিশুদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়। এই মুহূর্তে শেরে বাংলা হাইস্কুলের ৫০ জন শিক্ষার্থী শিশু গ্যালারিতে বসে সংসদের কাজ প্রত্যক্ষ করছে।’স্পিকার আরও বলেন, ‘এত দিন পর্যন্ত ১২ বছরের কম বয়সের ছেলেমেয়েদের সংসদ গ্যালারিতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। আজ থেকে সব বয়সের ছেলেমেয়েরাই সংসদ গ্যালারি থেকে সংসদ কাজ দেখতে পারবে। আমি মনে করি আজকে যেসব শিশু সংসদ কাজ দেখছে, তারা সংসদ সদস্যদের অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন থেকে অনেক কিছু শিখতে পারবে। এর মাধ্যমে শিশুকাল থেকেই ছেলেমেয়েরা গণতন্ত্রের চর্চা ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবে এবং ব্যক্তিজীবনে এর চর্চার মাধ্যমে গণতন্ত্রের চলার পথকে আরও বেগবান করবে।’ স্পিকার জানান, চতুর্দশ অধিবেশনের জন্য খান টিপু সুলতান, এ বি এম গোলাম মোস্তফা, এ কে এম মাইদুল ইসলাম, জাফরুল ইসলাম চৌধুরী ও হাবিবুন নাহারকে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।অধিবেশন শুরুর আগে নবম সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৮তম বৈঠক স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশন প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো ও কমানোর ব্যাপারে স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন এবং আবদুল মতিন খসরু অংশ নেন।বৈঠকে সংসদে উত্থাপনের জন্য পাওয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি বিল, বিভিন্ন বিধির অধীনে পাওয়া নোটিশ নিয়ে আলোচনা হয়।