শিশুরাই বলল তারা ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গবেষকেরা বলছে, সরকারের বিভিন্ন আইন, নীতি থাকার পরও দেশের শিশুরা ভালো নেই। সরকারসহ বড়দের কাছে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, তদারকিব্যবস্থা জোরদার এবং শিশুদের বিষয়ে সচেতন হওয়ার সুপারিশ করেছে তারা।শিশুদের দেখা শিশু অধিকার পরিস্থিতি নিয়ে ‘আমাদের গল্প’ শীর্ষক প্রতিবেদনে শিশুবিষয়ে গবেষক ও শিশুসহায়ক দল দেশের শিশুদের কথা বলেছে। প্রতিবেদনে শিশু অধিকার পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে।সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন এবং প্ল্যান বাংলাদেশ শিশু গবেষকদের মাধ্যমে প্রতিবেদন তৈরি করা শুরু করেছে ২০১০ সাল থেকে। এবার শিশুরা চতুর্থ প্রতিবেদন তৈরি করেছে।জাতিসংঘের শিশু অধিকার সনদে (সিআরসি) শিশুদের কথা শোনা, তাদের মতামত এবং সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সনদের সদস্য রাষ্ট্রগুলোর জন্য এ বিষয়গুলো মেনে চলার বাধ্যবাধকতাও রয়েছে। তবে দেশে শিশুদের কথা শোনার সংস্কৃতি তেমন একটা গড়ে ওঠেনি।২০০৭ সালে সরকার সিআরসিবিষয়ক তৃতীয় ও চতুর্থ প্রতিবেদন জমা দেয়। ২০০৯ সালে জাতিসংঘ শিশু অধিকার কমিটি প্রতিবেদন পর্যালোচনা করে সমাপনী মন্তব্য ও সুপারিশ দেয়। শিশুরা সেসব মন্তব্য ও সুপারিশ বাস্তবায়ন-পরিস্থিতি তলিয়ে দেখার কাজটি করছে প্রতিবেদন তৈরির মাধ্যমে। সারা দেশের ২৫৬ জন শিশু গবেষক ও সামাজিকভাবে প্রান্তিক গোষ্ঠীর ৮০ জন শিশু সহায়ক এ প্রতিবেদনগুলো তৈরি করেছে। চতুর্থ প্রতিবেদনেও শিশুদের অভিজ্ঞতা, দলীয় আলোচনা (ফোকাস গ্রুপ), বিভিন্ন পত্রিকায় প্রকাশিত শিশুবিষয়ক সংবাদগুলো থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।চতুর্থ প্রতিবেদনে নাগরিক অধিকার ও স্বাধীনতা, পারিবারিক পরিবেশ ও বিকল্প সেবা, মৌলিক স্বাস্থ্য ও শিশুকল্যাণ, শিক্ষা, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষ সুরক্ষার পদক্ষেপ নিয়ে শিশুরা প্রতিবেদনটি তৈরি করেছে।প্রতিবেদন তৈরিতে শিশুগবেষক কেন্দ্রীয় কমিটির সভাপতি সাকিব হাসান জানায়, শিশু গবেষক ও শিশু সহায়কদের সেভ দ্য চিলড্রেনের সহায়তায় শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়। তারপর নিজ নিজ এলাকা থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করে তারা। প্রতিবেদনের ফলাফল: চতুর্থ প্রতিবেদন তৈরির জন্য দেশের সাতটি জায়গায় দলীয় আলোচনায় অংশগ্রহণকারী ৯১ জন শিশুই জন্মনিবন্ধন সম্পর্কে জানলেও জন্মনিবন্ধন হয়েছে ৬৫ জনের। বাদ পড়া ২৬ জনের মধ্যে ১৭ জনই ছিল কেরানীগঞ্জের বেদেশিশু। এই শিশুরা স্থায়ীভাবে এক জায়গায় বসবাস না করায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা তাদের সনদ দিতে চায়নি। স্কুলে শারীরিক শাস্তির বিষয়ে শিশুদের মত হচ্ছে, সরকার শাস্তি বন্ধে বিভিন্ন প্রজ্ঞাপন জারি করলেও অনেক শিক্ষকই তা মানছেন না। গত জুন পর্যন্ত স্থানীয় ও জাতীয় পত্রিকা থেকে শিশুরা শারীরিক শাস্তির ৩১টি ঘটনার উল্লেখ করেছে প্রতিবেদনটিতে। প্রতিবেদন তৈরিতে দলীয় আলোচনায় অংশ নেওয়া ২৮ জন শিশুর সবাই বিদ্যালয়ে কোন না-কোনো ধরনের শাস্তি পেয়েছে বলে জানিয়েছে। শিশুরা বলেছে, নির্যাতন সহ্য করতে না পেরে অনেক শিশু স্কুল ছেড়ে পোশাকশিল্পে কাজ নিয়েছে। এ ছাড়া শিক্ষা কর্মকর্তারা স্কুল পরিদর্শনে এলে শিক্ষকেরা বেত ও লাঠি জানালা দিয়ে ফেলে দেন। প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেশে পথশিশুর সংখ্যা ১০ লাখ। অন্য একটি গবেষণার উদাহরণ দিয়ে শিশুরা জানিয়েছে, পথশিশুদের ৫১ শতাংশই অন্যদের কাছ থেকে গালাগাল শুনে। শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় ২০ ভাগ। ১৪ শতাংশের বেশি শিশু যৌন নির্যাতনের শিকার।প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেদন তৈরির ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ১৩৪ জন শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনা ধামাচাপা দিতে ১৪ জন শিশুকে হত্যা করা হয়। পর্নোগ্রাফির ঘটনা ঘটে মোট ১৪টি, এর মধ্যে আত্মহত্যা করে একজন শিশু। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৮৬ জন কন্যাশিশুকে অপহরণ করা হয়। পরিবারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় হওয়া শিশু বা বিকল্প সেবা নিয়েও শিশুরা কথা বলেছে। বিভিন্ন এতিমখানার শিশুদের দিয়ে অন্যের বাড়ি থেকে চাল সংগ্রহের কাজ করানো হয়। চাল আনতে না পারলে শিশুদের রোদে দাঁড় করিয়ে রাখা হয়। প্রতিবেদনে টাঙ্গাইলের সোনার বাংলা চিলড্রেন হোমের এক শিশু তার অভিজ্ঞতায় বলেছে, ‘এখানকার সবকিছুই ভালো। তবে খাবার দেয় রাত আটটার সময়। তখন খিদা না লাগলেও খাই। রাতে যখন খিদা লাগে তখন আর কোনো খাবার খাওয়ার নিয়ম নাই।’ নির্যাতন এবং নিপীড়নের ক্ষেত্রে শিশু গবেষকেরা বলছে, বাবা-মায়ের দাম্পত্য কলহ এবং অন্যান্য কলহের সময় শিশুরা পরিবারের ভেতরে থেকেও নিরাপত্তাহীনতায় ভোগে। শিশু গবেষকরা পত্রিকায় প্রকাশিত শিশু নির্যাতনের ২২টি সংবাদ বিশ্লেষণ করে বলেছে, ২২টি ঘটনায় মোট ৩১ জনের মধ্যে ২০ জনই বাবা-মায়ের কাছে নির্যাতনের শিকার হয়। শিশুকে সঙ্গে নিয়ে মায়ের আত্মহত্যা, বিষ খাইয়ে মেরে ফেলার মতো ঘটনাও ঘটছে। এ বিষয়টিতে দলীয় আলোচনায় অংশ নেওয়া ৮৭ জন শিশুই জানিয়েছে, পরিবারে তারা তাদের মতামত দিতে পারে না। পরিবারে কন্যাশিশুর গুরুত্ব আরও কম।প্রতিবেদনে শিশুরা জানিয়েছে, শিশুরা মৌলিক স্বাস্থ্যসেবা থেকে এখনো বঞ্চিত। বাজারে খাদ্যের দাম বাড়ার প্রভাবও পড়ছে শিশুদের ওপর। দুই বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের তৈরি খাবারও শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। স্কুল থেকে ঝরে পড়ার কারণ বলতে গিয়ে বন্যাকবলিত এলাকার একজন শিশু বলেছে, ‘অনেকে টাহার অভাবে পড়ে না। কেউ আবার কাম হরে, কেউর বিয়া হইয়া গেছে। রাস্তাঘাডে পোলাপানে খারাপ কতা কয় হেই ডরেও অনেকে ইশকুলে যায় না।’ শিশুরা বলছে, খেলার মাঠ না থাকায় শিশুরা ঘরের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। এর ফলে বিশেষ করে শহুরে শিশুরা টেলিভিশন দেখে সময় কাটায়। টেলিভিশনে হিন্দি ভাষার কার্টুন দেখতে দেখতে বলতে গেলে বাংলা ভাষা প্রায় ভুলেই যাচ্ছে।প্রতিবেদনে বাল্যবিবাহ, পাচার, স্কুলে শিক্ষার মান ও পরিবেশ, সাংস্কৃতিক কার্যক্রম, শিশুশ্রম, কারাগারে আটক শিশুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে শিশুরা।শিশুদের অধিকার পরিস্থিতি নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, শিশুমৃত্যুর হার, স্কুল থেকে ঝরে পড়ার হার কমানোসহ বিভিন্ন ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। তবে শিশুরা সব ক্ষেত্রেই ভালো আছে তা বলা যাবে না। শিশুর অধিকার রক্ষায় সরকারের বাইরে নিজ উদ্যোগেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এ রকম এক পরিস্থিতির মধ্যেই আজ মঙ্গলবার পালিত হবে সর্বজনীন শিশু অধিকার দিবস। ১৯৫৪ সালে জাতিসংঘ দিবসটি পালনের জন্য বিশ্বের সব দেশকে আহ্বান জানায়। ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকারের ঘোষণাপত্র দেয় জাতিসংঘ। ১৯৮৯ সালের এই দিনেই জাতিসংঘের সাধারণ পরিষদ ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’ অনুমোদন ও গ্রহণ করে। ১৯৯০ সালের ৩ আগস্ট বাংলাদেশ এতে অনুসমর্থন দিয়ে এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করে।বিশ্বের বিভিন্ন দেশ দিবসটিতে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করলেও বাংলাদেশে দিবসটি তেমনভাবে পালন করা হয় না। তবে বাংলাদেশে অক্টোবর মাসে শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়।