শিশুশ্রম বন্ধে নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকায় মহাজনের কাছে অর্থের বিনিময়ে মৎস্যজীবী পরিবারের শিশুদের শ্রম দেওয়ার প্রথা বিলুপ্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রংপুরের হারাগাছ এলাকায় যেসব বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।জানা যায়, ২০০৩ ও ২০০৪ সালে রংপুরের হারাগাছায় বিড়ি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ১৫ হাজার শিশু বিড়ি তৈরির কাছ করছে—এমন খবর পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র এবং অপরাজেয় বাংলাদেশ নামের দুটি মানবাধিকার সংগঠন রিট করে। এতে শিশুদের আর্থিক সুবিধা, শ্রম আইন অনুসরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। আজ রুলের শুনানি শেষে আদালত কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন।রায়ে আদালত বলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুসারে অবৈতনিক শিক্ষা দেওয়া বা বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা যথেষ্ট নয়। শিক্ষা গ্রহণের পরিবর্তে শিশুরা কাজ করলে যে অর্থ পেত তা দিতে হবে। রায়ে আদালত আরও বলেন, শ্রম আইন ভঙ্গে যে শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে তা যথেষ্ট নয়। এটি অর্থবহ করতে শ্রম আইন সংশোধন করা যেতে পারে বলে অভিমত দেন আদালত।রিট আবেদনকারীদের কৌঁসুলি নাঈম আহমেদ প্রথম আলোকে বলেন, রংপুরের হারাগাছসহ যেসব এলাকায় বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আদালত।